‘ভোরের আলো ফোটেনি; সূর্য ওঠেনি তখনো। সেই অন্ধকার মুহূর্তেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা কেউ দাঁত ব্রাশ করতে করতে কিংবা যে পোশাক পরে ঘুমিয়েছিল, সে পোশাকেই ভিড় জমাল শকুন্তলা নাটক দেখার জন্য। পুরো মুক্তমঞ্চ দর্শকে ভরে গিয়েছিল। যে মঞ্চের কথা বলছি, সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চ।’ ১৯৮১ সালের ‘মুক্তমঞ্চ’ উদ্বোধনের স্মরণীয় দিনটির কথা বলছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ।তৎকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী মুক্তমঞ্চের উদ্বোধন করেন। ওই দিনই মুক্তমঞ্চে পরিবেশিত হয়েছিল প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের রচনায় কাইজার আহমেদের নির্দেশনায় নাটক শকুন্তলা। সূর্যোদয়ের আগে শুরু হয়ে সূর্য অস্ত যাওয়ার পর নাটক শেষ হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ মুক্তমঞ্চটির বিশেষত্ব হলো, স্থাপত্যিক বৈশিষ্ট্যে এটি এশিয়ার মধ্যে ব্যতিক্রম।ব্যতিক্রমী মুক্তমঞ্চ: প্রাচীন এথেন্সের অ্যাক্রোপলিস পাহাড়ের পাদদেশে যে বিশাল আকৃতির মঞ্চ ছিল, সেখানে এথেন্সের সব নাটক অভিনীত হতো। প্রায় ২০-২২ হাজার দর্শক সে মঞ্চে বসতে পারত এবং সবকিছু ঘটত দর্শকের সামনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চটি পাহাড়ের পাদদেশে না হলেও এটি ওই আদলেই তৈরি। এবং গ্রিক নাটকের সঙ্গে এর ঐতিহ্যগত সম্পর্কও রয়েছে—‘মুক্তমঞ্চ’ সম্পর্কে বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ। এটাকে বলা হয় থিয়েটার অব এপিটোরাস। গ্রিক এরিনা বা ওপেন এয়ার মঞ্চের আদলে মুক্তমঞ্চের স্থাপনা নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিখ্যাত ব্যক্তিদের পদচারণা হয়েছে জাবির এ মুক্তমঞ্চে।মুক্তমঞ্চের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটি নির্মাণ করা হয়েছে এমনভাবে, যেন মুক্তমঞ্চের স্টেজ থেকে সংলাপ বললে সামনের ও পেছনের সারিতে বসে সমানভাবে শোনা যায়। মঞ্চের বিন্যাস, ডিজাইন ও শব্দের অনুনাদের সঙ্গে মিল আছে বলেই চতুর্দিক থেকে শব্দ শোনা যায়।প্রয়োজন মুক্তমঞ্চ সংস্কারের: মুক্তমঞ্চের বারগুলো সঠিকভাবে বিন্যস্ত নয়। মঞ্চের স্থাপনা দুর্বল হয়ে গেছে। মেকআপ রুম পর্যাপ্ত নয়। প্রতিষ্ঠাকালের তুলনায় এখন ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে বহুগুণ, গ্যালারি বাড়ানো প্রয়োজন। পানিনিষ্কাশনের স্থান সঠিকভাবে নেই। একটু বৃষ্টি হলে পানিতে ভরে যায় মঞ্চটি।ভোরবেলার সেই নাটক দিয়ে মুক্তমঞ্চের যাত্রা শুরু হলেও বর্তমানে বেশির ভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্তমঞ্চে হবে আর সেখানে দর্শক থাকবে না, এটা ভাবাও ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কষ্টকর। মুক্তমঞ্চে যেসব নাটক মঞ্চস্থ হয়, সেগুলো উপভোগ করার জন্য প্রয়োজনে টিউটরিয়ালের পড়া আগে শেষ করে রাখি, যাতে নাটক মিস না হয়—এমনটাই বলছিলেন ইতিহাসের মুজাহিদ, নৃবিজ্ঞানের শিউলি, কবির আর ইংরেজির নাদিরা।ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সংখ্যা এখন বেড়েছে, বেড়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। তাই ক্যাম্পাসের শিক্ষার্থীদের সবাই যেন অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারে, স্থানের সংকট যেন না হয়, মুক্তমঞ্চকে আকর্ষণীয় করে তোলার কাজ শুরু হবে নতুন বছরের শুরুতেই।’ বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল করিম।