মুক্তার দুলের জৌলুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো সাজে কেবল যে বড় কানের দুল কিংবা বড় হার পরিপূর্ণতা এনে দেয়, তা কিন্তু নয়। ছোট বা বড় মুক্তার কানের দুল আপনার সাজকে করে তুলতে পারে অনেক বেশি সুন্দর। মুক্তার মধ্যে সব সময়ই খুঁজে পাওয়া যায় একটা ক্ল্যাসিক আমেজ। যেকোনো ঋতুতে, যেকোনো পোশাকে আর যেকোনো বয়সের সঙ্গে মানানসই মুক্তার কানের দুল। মুক্তার কানের দুল সম্পর্কে এ কথাগুলো বলছিলেন ফ্যাশন ডিজাইনার মাহিন খান। যেকোনো অনুষ্ঠানের আগে জমকালো সাজের প্রস্তুতি থাকে প্রায় সবারই। সেজন্য পোশাকের সঙ্গে মিলিয়ে রকমারি অলংকারও কেনা চাই। তবে অলংকারটা যদি মুক্তার হয়, তাতে সাজের ঔজ্জ্বল্য কমবে তো নয়ই বরং বাড়বে। মাহিন খান আরও বলেন, মুক্তার সঙ্গে বিভিন্ন ধরনের পাথর কিংবা হীরার কানের দুলে এক ধরনের আভিজাত্যের বহিঃপ্রকাশ থাকে। আর তিনি নিজেই তো স্বাভাবিক আকারের অর্থাৎ একটু এবড়োখেবড়ো মুক্তার কানের দুল বেশি পছন্দ করেন।মুক্তার কানের দুল যেকোনো পরিবেশেই পরা যায়। কথাটা বলছিলেন আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই।তিনি আরও বলেন, ‘আমি তো অফিসে কিংবা যেকোনো পার্টিতে যেতে হলে চোখ বন্ধ করেই বেছে নিই মুক্তার কানের দুল। পোশাক শাড়ি কিংবা সালোয়ার-কামিজ যা-ই হোক না কেন। তবে মুক্তার আকারের ওপর নির্ভর করে কোন জায়গার জন্য কোন ধরনের কানের দুল মানাবে। পার্টিতে গেলে একটু বড় মুক্তার সঙ্গে পাথর বা হীরার মিশেলের দুলটা পছন্দ করি। আর অফিস কিংবা যত্রতত্র বাইরে যেতে হলে অপেক্ষাকৃত ছোট মুক্তার দুলটা বেশি ভালো।’ কেবল কর্মজীবীই নন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পোশাকের সঙ্গে মিলিয়ে মুক্তার ছোট দুল পরতে পারেন। কেবল সাদা নয়, বরং আজকাল গোলাপি, ধূসর, কালো, সাদা, হালকা হলুদ রঙের মুক্তার কানের দুল পাওয়া যায়।মুক্তার কানের দুলের দাম নির্ভর করে মূলত মুক্তার আকার, শ্রেণী আর মুক্তার সঙ্গে কোন ধাতব উপাদান দিয়ে বানানো হয়েছে তার ওপর। ছোট্ট মুক্তার কানের দুলের দাম পড়বে ৬০০ থেকে ১৫০০ টাকা। রুপার ওপর মুক্তা বসানো দুলের দাম পড়বে ৮০০ থেকে ৩০০০ টাকা। সোনার ওপর মুক্তার ডিজাইন করা ছোট কানের দুলের দাম পড়বে ২৫০০ থেকে ১০০০০ টাকা। আবার কেউ চাইলে মুক্তার সঙ্গে দামি পাথর আর হীরা বসিয়েও কানের দুল বানাতে পারেন। এ ক্ষেত্রে অবশ্য টাকার অঙ্কটা অনেক বেশি হয়ে যাবে। মুক্তার কানের দুল কিনতে পারবেন আড়ং, কে জেড, শেল ডিজাইনসহ সোনা, রুপার অলংকার তৈরির দোকানগুলোয়।