মুক্তি ভবনে মুক্তির অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তি ভবনে মুক্তির অপেক্ষা
মুক্তি ভবনে মুক্তির অপেক্ষা

বাড়ির নাম—মুক্তি ভবন। পরিবার-পরিজন, জগত্-সংসারের কাছেই যখন কোনো চাওয়া থাকে না তাঁদের। যখন শুধুই মুক্তির অপেক্ষা। এমন মানুষেরাই থাকতে আসেন এ বাড়িতে। রয়টার্সের দানিশ সিদ্দিকী ইন্ডিয়া ইনসাইটে ছবি ও কথায় তুলে ধরেছেন মুক্তি ভবনে জীবনের গল্প।

মুক্তি ভবনে ‘অতিথি’ কক্ষ আছে মোটে ১২ খানা। আছে একটা ছোট্ট মন্দির, পুরোহিতদের থাকার জায়গা। একটা দাতব্য প্রতিষ্ঠান পরিচালিত মুক্তি ভবনে অতিথি হতে চান অনেকেই কিন্তু জায়গা নেই বলে অনেককেই ফিরিয়ে দিতে হয় তাঁদের। আর অতিথি হওয়ার একটা শর্তও আছে। মাত্র দুই সপ্তাহের জন্যই অতিথি হিসেবে গ্রহণ করা হবে তাঁকে। এর মধ্যে যদি ‘মুক্তি’ না মেলে তাহলে ‘বিনীতভাবে’ এই আশ্রয় ছেড়ে দিতে বলা হবে তাঁকে।

কিন্তু, যে মানুষ নিজের ইচ্ছায় জগতে আসেননি, তিনি নিজের ইচ্ছায় এই জগতের মায়া ছেড়ে যাবেনই বা কীভাবে। তাই তাঁরা স্রষ্টাকে ডাকেন। আর ‘জন্ম-জন্মান্তরে’র বহমানতা থেকে নিজের ‘মুক্তির’ অপেক্ষায় থাকেন। এজন্যই বয়োবৃদ্ধ এই মানুষেরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন গঙ্গার এই তীরে। সনাতনী হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থ-নগর বারানসিতে। শেষ বেলায় এসে পবিত্র নদী গঙ্গায় স্নানের মধ্য দিয়ে পাপমোচনের জন্য। শেষ কয়েকটা দিন এখানে কাটিয়ে এই জীবন থেকে ‘মোক্ষ’ লাভের জন্য, ‘মুক্তি’র জন্য।

বারানসিতে বাড়ি বা হোটেল ভাড়া করে থাকার মতো সামর্থ্য নেই এমন গরিব মানুষদের জন্য জীবন সায়াহ্নে একটু স্বস্তির আশ্রয় এই মুক্তি ভবন। এখানকার হোস্টেল ম্যানেজার ভৈরব নাথ শুক্লা কখনো কখনো অতিথিদের ‘দুই সপ্তাহের’ মেয়াদ খানিকটা বাড়িয়ে দেন। ভৈরব যদি মনে করেন যে, আর কদিনেই ওঁর ‘হয়ে যাবে’ তাহলেই কেবল নিয়মের এই ব্যত্যয় ঘটান তিনি। অবশ্য, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি অনেক ক্ষেত্রেই আগেভাগেই বুঝতে পারেন কোন অতিথি ‘চলে যাচ্ছেন’।
এ বছরের জুনে এখানে কর্মজীবনের ৪৪ বছর পার করছিলেন ভৈরব নাথ শুক্লা। হোস্টেলের খাতাপত্র ঘেঁটে তিনি জানান সে সময় নাগাদ ১৪ হাজার ৫৭৭ জন অতিথিকে ঠাঁই দিয়েছে মুক্তি ভবন। এদের বেশির ভাগই এখানেই ‘মোক্ষ’ লাভ করতে পেরেছিলেন। আর যাদের মুক্তি মেলেনি তাঁরা ভগ্ন হূদয়ে ফিরে গেছেন কোনো আত্মীয় পরিজনের সঙ্গে কিংবা অন্য কোনো আশ্রয়ের সন্ধানে।

১০৫ বছর বয়সী বিধবা মুন্না কুবার জুনের শেষদিকে মুক্তি ভবনের ১৪ হাজার ৫৭৮ তম অতিথি হয়ে এলেন। একটা জিপ গাড়ির পেছনের সিটে বসিয়ে পাঁচ ঘণ্টার পথ পাড়ি দিয়ে গ্রামের বাড়ি থেকে মুন্নাকে এখানে রেখে গেলেন তাঁর আত্মীয়রা। তাঁর ভাগনে সুরেন্দর উপাধ্যায় জানান, প্রায় ১৮ বছর আগে এই হোস্টেলেই পরপারে পাড়ি জমিয়েছিলেন মুন্নার স্বামী। সুরেন্দর বলেন, ‘কাজকর্ম ফেলে আমরা তাঁকে এখানে নিয়ে এসেছি যাতে তিনি শান্তিতে মরতে পারেন।’

মুন্না কুবারের পাশের ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। ৯৭ বছর বয়সী ভোগলা দেবীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন তাঁর ৩০ বছর বয়সী নাতি দেবেশ তিওয়ারি। তরুণ এই প্রকৌশলী দিদিমাকে একটু সময় দেওয়ার জন্য চাকরি ফেলে এখানে এসেছেন। দেবেশ বলছিলেন, ‘দিদিমা আমার কাছে সব। আমি চাই এখানে আমার কোলেই মোক্ষ লাভ করুন তিনি।’

মুক্তি ভবন থেকে গঙ্গার তীর হাঁটা পথ। বারানসিতে গঙ্গার তীরে শেষকৃত্য করতে পারা হিন্দুদের কাছে অত্যন্ত সম্মানজনক। নদীপাড় জুড়ে অনেক চিতায় মরদেহ পোড়ানোর আয়োজন চোখে পড়বে সারাক্ষণই। এখানে দেখা মেলে বেলালের। দাদার ব্যবসার হাল ধরে এখন বারানসির একটা স্টুডিও চালান বেলাল। শেষকৃত্যের ছবি তোলাই বেলালের কাজ। কথাচ্ছলে ওই যুবক জানান, এই গরমকালে তাঁর ‘ব্যবসা’র অবস্থা খুব মন্দা। শীতকালে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ চিতায় দাহ হয় এখানে, তখন ব্যস্ততা বেড়ে যায় বেলালের।