পাচারকারীর সঙ্গে আঁতাত থাইল্যান্ড ও মালয়েশিয়ার পুলিশের!
মুক্তিপণ দিয়ে কারাভোগের পর দেশে ফেরত
প্রলোভন এবং প্রতারণার ফাঁদে পা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন তাঁরা। তবে কাঙ্ক্ষিত দেশে পেঁৗছানোর আগেই দালালদের নির্যাতনের শিকার হন টাকার জন্য। একপর্যায়ে মুঠোফোনে দেশে যোগাযোগ করে পরিবারের কাছ থেকে টাকা এনে পাচারকারীদের হাতে তুলে দেন। তার পরও শেষ রক্ষা হয়নি। পাচারকারীরা থাইল্যান্ড ও মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় তাঁদের।
থাইল্যান্ড ও মালয়েশিয়ার কারাগার থেকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ফিরে আসা কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের চারজন যুবক আবদুর রহমান, মো. শাকের, শামসুল আলম ও রেজাউল করিম এভাবেই তুলে ধরলেন তাঁদের পাচার হওয়ার কাহিনি। এই চার যুবক জানান, মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলেই যাত্রীদের ওপর চলে বিভিন্ন ধরনের নির্যাতন। থাইল্যান্ডের জঙ্গলে নিযার্তন সইতে না পেরে অনেকে মারা গেছেন। নিযার্তনের শিকার হয়ে টাকা আদায়ের পরও জেল খেটেছেন অনেকে। পাচারকারী চক্রের সঙ্গে থাইল্যান্ড ও মালয়েশিয়ার পুলিশও জড়িত বলে মনে হয়েছে তাঁদের।
মালয়েশিয়া কারাগারে সাড়ে চার মাস কারাভোগ করেছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কবির আহমদের ছেলে আবদুর রহমান। ২০১৪ সালের নভেম্বর মাসের শেষের দিকে বড় একটি কাঠের ট্রলারে করে সমুদ্রপথে থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন বলে তিনি জানান। ওখানে পথে পথে নির্যাতনের পর দালালের হাতে তুলে দেওয়া হয় ১ লাখ ৮০ হাজার টাকা। পরে থাইল্যান্ড সীমান্ত দিয়ে মালয়েশিয়া পাঠানোর নামে দালালেরা তাঁকে তুলে দেন মালয়েশিয়ার পুলিশের কাছে। এরপর সাড়ে চার মাস কারাভোগ শেষে গত ১৮ এপ্রিল দেশে ফিরে আসেন তিনি।
আবদুর রহমান জানান, শাহপরীর দ্বীপের দালাল ধলু হোসেনের (সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত) মাধ্যমে তিনি টেকনাফ হয়ে থাইল্যান্ড যাত্রা করেন। টেকনাফের কচুবনিয়া এলাকা থেকে একটি নৌকায় তুলে দেওয়া হয় ৪১ জনকে। এক রাত পর মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি বড় কাঠের ট্রলারে তাঁদের তুলে নেওয়া হয়। ওই ট্রলারে আগে থেকেই তিন শতাধিক লোকজন ছিল। ট্রলারটিতে তাঁদের থাকতে হয়েছে টানা পাঁচ দিন। এ পাঁচ দিন ধরে অস্ত্রধারী দালােলরা ট্রলারে তাঁদের ওপর নানাভাবে নির্যাতন চালায়। তারপর তাঁদের নিয়ে যাওয়া হয় থাইল্যান্ডের একটি পাহাড়ে।
থাইল্যান্ডের পাহাড়ে পঁাচ দিন থাকার পর আস্তানা পরিবর্তন করা হয়। এরপর আবদুর রহমানদের নিয়ে যাওয়া হয় একটি জঙ্গলে। সেখান থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হয় বাংলাদেশে পরিবারের সঙ্গে। আবদুর রহমানকে জানানো হয় ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হলে তাঁকে মালয়েশিয়ায় পাঠানো হবে। ছেলের আকুতি শুনে ৪০ শতক জমি বন্ধক রেখে আবদুর রহমানের বাবা কবির আহমদ ধলু হোসেনের একটি বিকাশ নম্বরে দাবি করা টাকা পাঠান।
যোগাযোগ করা হলে কবির আহমদ বলেন, টাকা দেওয়ার পরও তাঁর ছেলেকে মালয়েশিয়ার পুলিশের কাছে তুলে দেয় দালালেরা। মালয়েশিয়া তো যেতেই পারেনি, উল্টো কারাভোগ করে তাঁর ছেলে দেশে ফিরেছে। মানব পাচারকারী দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
আবদুর রহমানের মতো একই পরিণতি হয়েছে টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়ার আব্দুল গফুরের ছেলে রেজাউল করিমের। রেজাউল জানান, তাঁকে দালালেরা মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়েছিলেন। নির্ধারিত টাকা নেওয়ার পর দালালরাই তাঁকে তুলে দেয় পুলিশের কাছে। পাচারের কাজে ওখানকার পুলিশও জড়িত বলে রেজাউল জানান।
রেজাউল করিমের দাবি, সরকারের পক্ষ থেকে এসব যুবককে স্বনির্ভর হতে এবং জীবিকা খুঁজে নিতে সাহায্য করতে হবে। কারণ এসব মানুষ প্রতারিত হয়ে সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন।
একইভাবে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করে দেশে ফেরা টেকনাফ উপজেলার লেঙ্গুরবিলের মোজাহার মিয়ার ছেলে শামসুল আলমও জানালেন নানা নির্যাতনের কথা। শামসুল আলম জানান, মুক্তিপণের টাকার জন্য দালালরা তাঁদের বেদম পিটিয়ে বিনা চিকিৎসায় ফেলে রাখতেন। খাবার ও পানি পান করতেও দেওয়া হতো না। অত্যাচার সহ্য করতে না পেরে অনেকে মারা গেছে।
এদিকে কক্সবাজারে ফিরে আসা এসব মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে বেসরকারি সংস্থা ইপসা। ইপসার কর্মকর্তা সিরাজ উদ্দিন জানান, গত এক বছরে কক্সবাজার উপকূল দিয়ে ২৪ হাজারের বেশি বাংলাদেশি পাচার হয়েছে। যার মধ্যে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে কক্সবাজারে ফিরেছেন শ খানেক মানুষ। এ প্রতারণা বন্ধে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়শিয়ার সরকারকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।