
বছর তেইশের জাহাঙ্গীর আলম। বাড়ি উখিয়ার উত্তর বড়ডেউলপাড়া। ২০১৪ সালের ১ জানুয়ারি একদল দুর্বৃত্তের হাতে অপহৃত হন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় টেকনাফ। ওই দিন রাতেই আরও ৩৯ জনের সঙ্গে তাঁকেও তুলে দেওয়া হয় ট্রলারে। প্রায় এক মাস সাগরে ভাসার পর থাইল্যান্ডের উপকূলে নামানো হয় তাঁদের। নিয়ে যাওয়া হয় গহিন জঙ্গলের বন্দিশিবিরে। এরপর শুরু হয় নির্যাতন। মারধরের সময় ফোনে পরিবারের লোকজনকে শোনানো হতো। এভাবে কাটে ১৯ দিন।
পরে জমি বিক্রি করে জাহাঙ্গীরের বাবা কবির আহমদ স্থানীয় এক দালালের হাতে মুক্তিপণের দুই লাখ টাকা তুলে দিলে তাঁকে থাইল্যান্ড পুলিশের হাতে সোপর্দ করা হয়। অনেকের সঙ্গে তাঁকেও সেখানকার কারাগারে পাঠানো হয়। ১০ মাস ২৫ দিন পর তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর সরকারি সহযোগিতায় গত ১১ মে দেশে ফিরে আসেন।
মুক্তিপণ দিয়ে থাইল্যান্ড থেকে অনেকে ফিরে আসছেন কক্সবাজারে। তাঁরা এসেই খোঁজ করছেন দালালদের। কিন্তু তাঁদের নাগাল পাওয়া যাচ্ছে না।
জাহাঙ্গীর জানান, তিনি উখিয়ার এক দালালকে খুঁজছেন। যাঁর মাধ্যমে তাঁর বাবা মুক্তিপণের টাকা দিয়েছিলেন। কিন্তু তাঁকে পাওয়া যাচ্ছে না। ৩১ মে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর সঙ্গে দেখা করে থাইল্যান্ড কারাগারে আটক এলাকার আরও অসংখ্য লোককে উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি মানব পাচারকারীদের আইনের আওতায় এনে ক্ষতিপূরণ আদায়ে তাঁর সহযোগিতা চান।
একই সঙ্গে থাইল্যান্ড কারাগার থেকে ফিরে আসা উখিয়ার কফিল উদ্দিন (২০) জানান, ২০১৪ সালের ১৩ মার্চ স্থানীয় এক দালাল জাহাজে মালয়েশিয়া পাঠিয়ে ভালো চাকরির প্রলোভন দিয়ে তাঁকেও টেকনাফ নিয়ে যায়। এরপর ইঞ্জিনচালিত নৌকায় তুলে থাইল্যান্ডের জঙ্গলের পাঠায়। সেখানে অত্যাচার–নির্যাতন চালিয়ে আদায় করা হয় দুই লাখ টাকার মুক্তিপণ। পরে তাঁকেও সেখানকার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ নয় মাস কারাভোগের পর তিনি বাড়ি ফিরে আসেন।
জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা যায়, গত তিন মাসে মুক্তিপণ দিয়ে উখিয়া ও টেকনাফে ফিরে আসেন অর্ধশতাধিক ব্যক্তি। নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, মুক্তিপণ দিয়ে ফিরে আসা অনেকে দালালদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিচ্ছেন। পুলিশ এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬০ জনের বেশি দালালকে গ্রেপ্তার করেছে। মানব পাচার নির্মূলে পুলিশের অভিযান চলছে।
৩১ মে কক্সবাজার শহরে মানব পাচার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সেখানে উখিয়ার জাহাঙ্গীর আলম, কফিল উদ্দিন, কোর্টবাজারের নাহিদ রানাসহ অনেকে সমুদ্রপথে মানব পাচারের লোমহর্ষক ঘটনা ও থাইল্যান্ডের জঙ্গলে মুক্তিপণ আদায়ের জন্য বর্বর নির্যাতন কাহিনি তুলে ধরেন।
টেকনাফের কাটাবুনিয়া গ্রাম থেকে আসা সামশুন্নাহার জানান, তিন বছর আগে স্থানীয় দালাল সিরাজ মিয়া তাঁর ছোট ভাই রফিককে থাইল্যান্ড পাচার করে। এখনো ভাইয়ের খোঁজ নেই।
টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী গ্রামের দিনমজুর আহমদ হোসেন (৮০) বলেন, দেড় বছর আগে এক দালাল তাঁর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে মো. হাসানকে থাইল্যান্ড পাচার করা হয়। সে এখন মিয়ানমারের কারাগারে বন্দী। তাকে ফিরিয়ে আনতে সালমা আলীর সহযোগিতা চান তিনি।
সালমা আলী বলেন, মানব পাচার ইস্যুতে কক্সবাজার অঞ্চল এখন সারা বিশ্বে আলোচিত একটি নাম। এই উপকূল দিয়ে হাজার হাজার লোক মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচার হয়েছে। এই দুই দেশের জঙ্গলে শতাধিক গণকবর আবিষ্কৃত হয়েছে। সাগরে ভাসমান জাহাজে হাজার হাজার মানুষ অনাহারে অর্ধাহারে মৃত্যুর ঝঁুকি নিয়ে দিন কাটাচ্ছে। জঙ্গলে মুক্তিপণের জন্য লোকজনকে বর্বর কায়দায় শারীরিক নির্যাতন, হত্যা করে লাশ গুম কিংবা সাগরে নিক্ষেপ করা হচ্ছে। নারীদের বন্দীশিবিরে যৌন নির্যাতন করা হচ্ছে। এর প্রতিবাদে এবং উপকূলের মানুষকে সচেতন করতে এই সংবাদ সম্মেলন।
সালমা আলী আরও বলেন, উপকূল দিয়ে হাজার হাজার লোক পাচার হলেও পুলিশ-বিজিবি কিছুই করতে পারছে না। কেন পারছে না-তার অনুসন্ধান চলছে। টেকনাফ, উখিয়া ও কক্সবাজার শহরে মহিলা আইনজীবী সমিতির তিনটি কার্যালয় স্থাপন করা হয়েছে। পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের ফেরত আনার চেষ্টা চলছে।