মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ নিয়ে সমৃদ্ধ ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে দেশে-বিদেশে নানা ধরনের কাজ চলছে। এর বাইরে নেই ভার্চুয়াল জগৎও। ব্লগ সাইটগুলোতে চলছে লেখালেখি। আমাদের মুক্তিযুদ্ধকালে গণহত্যা, লুটপাট, গ্রামের পর গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, ধর্ষণ এবং নারী-শিশু ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে জঘন্যতম যেসব অপরাধ ঘটেছিল, তার সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংগঠনগুলোকে বিচারের মুখোমুখি করতে দেশে ও প্রবাসের বাংলাদেশি স্বেচ্ছাসেবকরাও কাজ করে যাচ্ছেন। নানা রকম তথ্য তুলে ধরছেন ইন্টারনেটে।এমনই একটি ওয়েব উদ্যোগ ওয়ার ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (ডব্লিউসিএসএফ)। দেশ-বিদেশের একদল বাঙালি এই ফোরামে যুক্ত হয়ে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে একটি তথ্যপূর্ণ ওয়েবসাইট তৈরি করেছেন। এই স্বেচ্ছাসেবকরা www.wcsf.info ঠিকানার ওয়েবসাইটটিতে মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ এবং এর বিচার প্রক্রিয়া সম্পর্কে নানা তথ্য, ব্যাখ্যা-বিশ্লেষণ, গবেষণা দেশ ও বিদেশের মানুষকে জানানোর তাগিদে এ কাজটি করছেন। এই স্বেচ্ছাসেবায় জড়িত আছেন শিক্ষার্থী, ব্লগার, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিক্ষক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীসহ নানা পেশার মানুষ। ডব্লিউসিএসএফ মূলত বিভিন্ন ভার্চুয়াল সংগঠন ও সংগঠনবহির্ভূত কর্মী-সংগঠকদের বিশাল একটি জোট। এই ওয়েবসাইটের মাধ্যমে তারা নানা ধরনের কাজ করে যাচ্ছে। ভার্চুয়াল এই ফোরামটির শুরুটা হয়েছিল গত বছরের প্রথম দিকে লন্ডন, ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন যুবকের হাতে। স্বল্প সময়েই ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের একটি বিশাল সমর্থকগোষ্ঠী তৈরি করেছে ফোরামটি। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে সর্বাত্মকভাবে সহায়তা করাই এই ফোরামের মূল লক্ষ্য এবং সে কাজটি করে যাচ্ছে তারা বিরামহীনভাবে। যুদ্ধাপরাধসংশ্লিষ্ট তথ্য সংগ্রহ, এগুলো রক্ষা ও পর্যালোচনা, যুদ্ধাপরাধসংশ্লিষ্ট নির্দিষ্ট বিষয়ে নতুন নতুন গবেষণা এবং নতুন তথ্যের খোঁজ করা, দেশে বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ, মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিষয়ে গণমানুষের মধ্যে সচেতনতা তৈরি, দেশি-বিদেশি সমমনা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা, দেশি-বিদেশি সংবাদমাধ্যম, বিশেষজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরিসহ অভিজ্ঞ আইনবিদ প্যানেলের সহায়তায় দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কাজে পরামর্শ দেওয়ার মতো কাজগুলো করে যাচ্ছেন এ ফোরামের সদস্যরা। এ ফোরামের রয়েছে নানা ধরনের কাজ। যুদ্ধাপরাধীদের বিচারকে সামনে রেখে ডব্লিউসিএসএফ-এর ওয়েবসাইটে মিডিয়া আর্কাইভটি নিয়মিত হালনাগাদ করে যাচ্ছে। এতে প্রতিদিন যুদ্ধাপরাধ, যুদ্ধপরাধী-সংক্রান্ত সব খবর রাখা হচ্ছে। ইংরেজি একটি ব্লগসাইট পরিচালনা, যুদ্ধাপরাধের বিচার ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রতিদিনের খবর সংগ্রহ করে সেসব সংরক্ষণ, নিবন্ধ, সাক্ষাৎকার, ব্লগ, ইলেকট্রনিক মাধ্যমে খবর, ইন্টারনেটে পাওয়া খবর বা চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণ করার কাজটিও সমানভাবে করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিষয়ে এ সংগঠনের রয়েছে ইন্টারনেটে পরিচালিত ‘ই-লাইব্রেরি-’৭১’ নামের একটি গ্রন্থাগার। যেখানে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধ ও দেশ-বিদেশের যুদ্ধাপরাধ বিষয়ে নানাভাষী বই, জার্নাল, নিবন্ধ, দলিলপত্র ইত্যাদি। এসব বিষয়ে থাকা শতাধিক লিংক থেকে ইচ্ছা করলেই যে কেউ প্রয়োজনে নামিয়ে নিতে পারবেন বিভিন্ন তথ্য। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন তথ্য। আর এ কাজটি নিজ উদ্যোগে প্রতিদিনই করে যাচ্ছেন একদল স্বেচ্ছাসেবক। ডব্লিউসিএসএফের এ কাজে ইচ্ছে করলেই যুক্ত হওয়া যায়। ১৯৭১-এ নিজের এলাকার মুক্তিযুদ্ধের কাহিনি সংগ্রহ করে যেমন যুক্ত হওয়া যাবে তেমনি আপনার নিজের যেকোনো দক্ষতা দিয়েও স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে পারেন এ কাজের সঙ্গে। যুক্ত হতে পারেন দলগতভাবেও। এ ফোরামের সঙ্গে যুক্ত আছে মুক্তাঙ্গন, জেনোসাইড আর্কাইভ অনলাইন, ক্যাডেট কলেজ ব্লগ, আমার ব্লগ, সচলায়তন, সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চ, নিউজ বাংলা, মুক্তমনা, বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, লন্ডন ল’ইয়ার্স ফোরাম, ই-বাংলাদেশের মতো নানা ওয়েবসাইট।