মুক্তিযুদ্ধ কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলার একটি কর্নার। খণ্ড খণ্ড ভাগে বিভক্ত জনা পঞ্চাশেক শিক্ষার্থীর কয়েকটি দল গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে। আরেক দল শিক্ষার্থী পছন্দের বই বাছাই করছে। তবে এটা কোনো একাডেমিক পড়াশোনা নয়, মনের টানে নিজের দেশের মুক্তির ইতিহাস জানতে এখানে বই পড়তে জড়ো হয়েছেন ওইসব শিক্ষার্থী। ক্লাসের মাঝে বিরতি পেলেই বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি-সংগ্রামের ইতিহাস ও গৌরবগাথা জানতে এখানে বই পড়তে জড়ো হন শিক্ষার্থীরা।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মুক্তির ইতিহাস জানানোর এ প্রয়াস শুরু হয়েছিল ২০০৯ সালের মার্চ মাসে। কেন্দ্রীয় লাইব্রেরির একটি নির্দিষ্ট অংশে মুক্তিযুদ্ধবিষয়ক বই দিয়ে ‘মুক্তিযুদ্ধ কর্নার’ প্রতিষ্ঠা করা হয়। কর্নারটিতে বর্তমানে মুক্তিযুদ্ধের ওপর ৮৪০ শিরোনামের বই রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, চলচ্চিত্র, দেশাত্মবোধক গানের সিডি-ডিভিডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও রয়েছে। ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আরিফ খান ও সাগরিকা চৌধুরী দুজন সহপাঠী। কর্নারে তাঁরা পড়ছিলেন হুমায়ূন আহমেদের উপন্যাস জোছনা ও জননীর গল্প। অভিন্ন সুরে উভয়েই বলেন, ‘গল্পের ছলে দেশের ইতিহাস তথা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে বই পড়তে এখানে আসি।’ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী শিমুল দেবনাথ বলেন, ‘দেশের ইতিহাস জানার জন্য মনের তাগিদ থেকে মুক্তিযুদ্ধ কর্নারে আসি। ক্লাস-পরীক্ষা থেকে একটু অবসর পেলেই মুক্তিযুদ্ধ কর্নারে এসে বই পড়ার চেষ্টা করি।’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক আবদুল হাই ছামেনি জানান, শুধুই মুক্তিযুদ্ধের ওপর বইয়ের এত বড় সংগ্রহশালা দেশে খুব বেশি নেই। মুক্তিযুদ্ধের ওপর প্রকাশিত সব বই সংগ্রহ করে ভবিষ্যতে কর্নারটি আরও সমৃদ্ধ করা হবে। ভবিষ্যতে মুক্তিযুদ্ধ কর্নার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার অন্যতম কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। ‘মুক্তিযুদ্ধ কর্নার’ প্রতিষ্ঠার সে সময়কার স্মৃতিচারণা করে মুক্তিযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বই ও তথ্য-উপাত্ত নিয়ে কোনো কর্নার করা যায় কি না—এ ধরনের একটি প্রস্তাব দেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক আশরাফ-উল-আলম। প্রস্তাবটি চমৎকার হওয়ায় আমি তাতে সায় দিই।তিনি আরও বলেন, ‘কর্নারটি প্রতিষ্ঠার ক্ষেত্রে শুরুতে সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নের জন্য অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে প্রধান করে একটি কমিটি গঠন করি। এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল ও অধ্যাপক ইয়াসমীন হকের অনুদানে কর্নারটি চালু হয়। ইতিমধ্যে কর্নারটি বিশ্ববিদ্যালয়ের গর্বের উপলক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে।’