মুক্তিযুদ্ধ জাদুঘরে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

This Museum is 768 weeks old with over 4,52,848 visitors.WE THANK YOU FORBEING ONE OF THEMকথাগুলো লেখা আছে সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের টিকিট কাউন্টারে। এই পরিসংখ্যান ১৯ ডিসেম্বর ২০১০-এর। বলা বাহুল্য, প্রতিদিন এই পরিসংখ্যান বদলে যাচ্ছে। একেকটা নতুন দিন আর নতুন নতুন দর্শনার্থী এসে এই পরিসংখ্যান বদলে দিচ্ছেন। এই দর্শনার্থীদের বেশির ভাগই বয়সে তরুণ। ডিসেম্বরের এক বিকেলে ওই জাদুঘরে গিয়ে তেমনই কয়েকজনের দেখা মেলে। তাঁদের একজন আইডিয়াল কলেজের শিক্ষার্থী জাকির হোসেন। কথা হয় তাঁর সঙ্গে। আজই প্রথম এলেন?‘না। আমি বহুবার এখানে এসেছি। প্রথম এসেছিলাম বাবার সঙ্গে। তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি।’বারবার কেন আসেন?‘আমি সময় পেলেই আসি। বিশেষ করে ডিসেম্বরে তো আসিই। আমার ভালো লাগে। আসি নিজের দেশ, দেশের ইতিহাস আর মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে।’আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে তিনি ভেতরে ঢুকে পড়েন। তাঁকে অনুসরণ করে এগোই। নিরাপত্তা ফটক পেরোতেই চোখে পড়ে বাঁ পাশের দেয়ালের কয়েকটি প্রচারপত্র। এসবে লেখা আছে, ‘মুক্তিযুদ্ধের চেতনা/ নবীনের প্রেরণা’, ‘ফিরে দেখুন একাত্তর/ ঘুরে দাঁড়াক বাংলাদেশ’ প্রভৃতি। একটু সামনে ‘শিখা চির-অম্লান’-এর ওপরে রাখা একটি ফলকে লেখা ‘সাক্ষী বাংলার রক্তভেজা মাটি/ সাক্ষী আকাশের চন্দ্রতারা/ ভুলি নাই শহীদের কোনো স্মৃতি/ ভুলব না কিছুই আমরা।’হ্যাঁ, এ দেশের মানুষ কিছুই ভোলেনি, ভুলবেও না। স্বদেশ ও মুক্তিযুদ্ধের প্রতি জাকির হোসেনের মতো তরুণদের আগ্রহ আমাদের সে কথাই জানান দেয়।এবার মূল দরজা পেরিয়ে ভেতরে ঢুকি। চোখে পড়ে হাজারো দলিল। এসবের মধ্যে আছে আলোকচিত্র, অস্ত্র, ঐতিহাসিক স্থাপনার রেপ্লিকা, একাত্তরে শহীদদের কঙ্কাল, যুদ্ধের খবরসংবলিত তখনকার সংবাদপত্র ইত্যাদি। এসব দেখতে দেখতে কথা হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির রেজা শাহরিয়ারের সঙ্গে।আজই প্রথম এলেন?‘হ্যাঁ।’কেমন লাগছে?‘ভালো। বড়দের মুখে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি। বইয়ে পড়েছি। এভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা মোটামুটিভাবে আমার জানা হয়ে গেছে। তবু এলাম। কারণ, সামনাসামনি মুক্তিযুদ্ধের কিছু দলিলপত্র, সংগৃহীত জিনিসপত্র, যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত অনেক কিছুর দুর্লভ আলোকচিত্র দেখার মধ্যে অন্য রকম একটা ব্যাপার আছে। এই জাদুঘর পরিদর্শনের ফলে আমার জানা ইতিহাসে এক মাত্রা যুক্ত হয়েছে, যা আমার দেশপ্রেম আর স্বাধীনতার চেতনাকে আরও শাণিত করেছে।’হ্যাঁ, এই জাদুঘরের প্রতিটি দলিল একেকটি প্রশস্ত জানালা। এসবের সামনে দাঁড়িয়ে আপনি অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। এসব দলিল ইতিহাসের কথা বলে, ঐতিহ্যের কথা বলে, আদর্শের কথা বলে। এসবের কোনো কোনোটি দর্শককে বিচলিত করবে, কোনো কোনোটি গর্বিত করবে, আবার কোনো কোনোটি দেখে তরুণ দর্শক আপন মনে বলে উঠবেন, একাত্তরে যদি তরুণ বা যুবক থাকতাম, তহলে আমিও মুক্তিযোদ্ধা হওয়ার গৌরব অর্জন করতাম।এবার কী আছে সেই জাদুঘরে, মোটা দাগে তা-ই একটু জেনে নেওয়া যাক। শুধু একাত্তর নয়, এখানে স্থান পেয়েছে বায়ান্ন এবং ঊনসত্তরের কিছু দলিলও। আছে ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ বাঙালিদের তালিকা। রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, সিনেটর এডওয়ার্ড কেনেডি, ইন্দিরা গান্ধী, বঙ্গবন্ধু, চার জাতীয় নেতা, সাত বীরশ্রেষ্ঠের আলোকচিত্র যেমন আছে, তেমনি আছে কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবিসহ অনেকের আলোকচিত্র। মুক্তিযুদ্ধে ব্যবহূত আধুনিক অস্ত্র যেমন স্থান পেয়েছে, তেমনি স্থান পেয়েছে সাধারণ একটি দা। জাদুঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা এই দায়ের নিচে রাখা কাগজে লেখা আছে: ‘সকিনা ওরফে ঘটকী বেগম মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার মো. আবদুল মুতালিব মিয়ার নির্দেশে ও তাঁর দেওয়া এই দা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পাকিস্তানিদের দোসর পাঁচজন রাজাকারকে তিনি এই দা দিয়ে ঘায়েল করেন।’ এমন আরও অনেক কিছু।সবশেষে এই দায়ের সামনে দাঁড়িয়ে কথা হয় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী সাবরিনা ইয়াসমিনের সঙ্গে। তিনি বলেন, ‘এখানে আসি আমি দেশকে আরও একটু ভালোভাবে জানার জন্য। এই জাদুঘর আমাকে দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে শেখায়। একই সঙ্গে কাকে ঘৃণা করতে হবে, তাও আমাকে শিখিয়েছে এই জাদুঘর। আমার মতে, দেশের প্রত্যেক নাগরিকের অন্তত একবার এই জাদুঘরে আসা উচিত।’হ্যাঁ, প্রিয় পাঠক, যাঁরা এখনো যাননি, তাঁরা সময় করে একদিন ঘুরে আসুন। দেশের ইতিহাস, আদর্শ ও ঐতিহ্য সম্পর্কে জানুন।