মুক্তিযুদ্ধ জাদুঘরে তথ্যপ্রযুক্তির ব্যবহার
৭ মার্চ। ঢাকার রেসকোর্স ময়দানে লাখো মানুষের জমায়েত। বাংলাদেশের পক্ষে চলছে গগনবিদারি স্লোগান। সবাই তাকিয়ে আছে মঞ্চের দিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে উঠলেন। উচ্চারিত হলো সেই অমর বাণী, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...।’এর পর পরই শুরু হলো একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরের মানুষের কষ্টের দিনগুলোর চিত্র। অনাহারে বা অর্ধাহারে দিনযাপন, গাদাগাদি করে শুয়ে থাকা কিংবা হতভাগা এক শিশুর মায়ের শুকিয়ে যাওয়া স্তনে দুধ পান করার চেষ্টা! এই দৃশ্যগুলো আমাদের মুক্তিযুদ্ধের এক অকাট্য দলিল। এই চিত্রগুলো সহজেই দেখা যাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের নানা ধরনের স্থিরচিত্রও দেখা যাচ্ছে এখানে। তবে সেটা খানিকটা ভিন্ন আঙ্গিকে।এসব বিষয় নিয়ন্ত্রিত হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। ঢাকার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে আসা হয়েছে তিনটি স্পর্শকাতর (টাচ স্ক্রিন) কম্পিউটার। টাচ স্ক্রিন কিওস্ক হিসেবে এসব কম্পিউটারে মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্র দেখার ব্যবস্থা করা হয়েছে।মুক্তিযুদ্ধ জাদুঘরের নিচতলার তিন নম্বর গ্যালারিতে থাকা কম্পিউটারে রয়েছে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের দৃশ্য, ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরের করুণ দৃশ্যগুলোর ভিডিও চিত্র। এ ছাড়া রয়েছে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র।দোতলায় একই ধরনের দুটি কম্পিউটার রয়েছে। চার নম্বর গ্যালারিতে রাখা কম্পিউটারের পর্দায় হাত ছোঁয়ালেই দেখা যাবে মুজিবনগর সরকার গঠনের দৃশ্য ও বিভিন্ন দুর্লভ স্থিরচিত্র। পাঁচ নম্বর গ্যালারির কম্পিউটারটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই চলে আসবে মেলাঘর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের শপথ নেওয়ার ভিডিও চিত্র। এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা আবদুল্লাহেল বাকীর বাবা মো. আবদুল বারীর অনুভূতি ও মুক্তিযোদ্ধা ছেলের লেখা ডায়েরি, কবিতা, তোলা ছবিসহ অনেক কিছু দেখা যাচ্ছে এখানে। একাত্তরে মুক্তিযুদ্ধের আলোকচিত্রী অমীয় তরফদার, আফতাব আহমেদ কিংবা নারী নির্যাতনের ওপর নাইব উদ্দীনের তোলা বিভিন্ন ছবির দেখা মিলছে এই কম্পিউটারে। বিদেশি সাংবাদিক নাওয়াকি উসুই ও ফ্রিয়ার স্পেকলির ক্যামেরায় একাত্তরের দিনগুলো কেমন ছিল, তা ফুটে উঠেছে আলোকচিত্রের মাধ্যমে, এগুলো সংরক্ষিত আছে এখানে। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ দেখা যাচ্ছে কম্পিউটারে। ছয় নম্বর গ্যালারিতে রাখা একটি টেলিভিশনে প্রতিদিন দেখানো হয় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রোমাঞ্চকর অভিযানসহ মুক্তিযুদ্ধসম্পর্কিত বিভিন্ন ভিডিও চিত্র।দুই বোন রোকেয়া সিদ্দিকী ও সুমাইয়া সিদ্দিকী স্কুলে পড়ে। ঢাকায় এসেছে গাইবান্ধা থেকে। মুক্তিযুদ্ধ জাদুঘর দেখার বায়না ধরেছে বাবার কাছে। তাই জাদুঘরে আসা। জাদুঘর ঘুরতে ঘুরতে একসময় কম্পিউটারগুলোর সামনে এসে দাঁড়িয়েছে তারা। গাইডের কাছে জানতে চাচ্ছে, এটা দিয়ে কী হয়! জাদুঘরের গাইড মিতুয়া মমতাজ তাদের দেখিয়ে দেন কীভাবে এই কম্পিউটারের মাধ্যমে মুক্তিযুদ্ধকে জানা যায়। এটি দেখে দুই বোন খুবই খুশি।এভাবেই তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। শুধু টাচ স্ক্রিন কিওস্ক নয়, ওয়েব-মাধ্যমকেই ব্যবহার করা হয়েছে স্বাধীনতাযুদ্ধের ইতিহাস জানানোর কাজে।মুক্তিযুদ্ধের একটি বড় তথ্যভান্ডার হলো মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট (www.liberationwarmuseum.org)। মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখা বিভিন্ন তথ্য এখানে সংযোজন করা হয়েছে। এই ওয়েবসাইটে রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিলপত্র, আলোকচিত্র, ইতিহাস ও বিভিন্ন ঘটনার বিবরণ। এই ওয়েবসাইটের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় নারী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যম, সরকার ও জননেতাসহ সেনাবাহিনী, পুলিশের ভূমিকার কথা জানা যাবে। গণহত্যা, শরণার্থীদের অবস্থা, নির্যাতনের চিত্র ছবিতে ও লেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে এই সাইটটিতে। মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসনের গান, মুক্তিযুদ্ধের গান, ইয়াহিয়া খানের সংবাদ সম্মেলন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য, যুদ্ধজয়ের পর বিজয় উল্লাসের বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্র, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্র পাওয়া যাবে এই ওয়েবসাইটে। এ ছাড়া মুক্তিযুদ্ধের অলিখিত ইতিহাস, মুক্তিযোদ্ধা ও তাঁর স্বজনদের সাক্ষাৎকার, সে সময়ের বিভিন্ন দেশি-বিদেশি পত্রপত্রিকা দেখা যাবে এখানে ঢুঁ মেরে। সাইটটিতে গিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যাবে। আর সেটি হলো ১৯৭১ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনা লেখা ও পড়া যাবে এতে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা আমেনা খাতুন বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট ও স্পর্শকাতর কম্পিউটারগুলোর মাধ্যমে একদিকে যেমন তথ্যগুলো সংরক্ষণ করা হচ্ছে, তেমনি আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর একটি ভালো মাধ্যমও এটি।ভবিষ্যতে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন দলিলপত্রকে আরও আধুনিকায়ন করা হবে বলে জানান আমেনা খাতুন। দেশকে ভালোবাসতে হলে জানতে হবে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস। আর এই মুক্তিযুদ্ধ ও ইতিহাস ভালোভাবে, কাছ থেকে জানতে হলে যেতে হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে। এই জাদুঘরে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মুক্তিযুদ্ধকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে নতুন এক উদ্যমে জানবে, এ কথা বলাই যায়।