মুক্তিযুদ্ধ নিয়ে প্রথমার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনের বয়স হলো সাড়ে তিন বছর। এর মধ্যেই দেশের প্রকাশনা ক্ষেত্রে সৃজন ও মননশীল বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করে বিদগ্ধ মহলে প্রশংসিত ও একাধিকবার পুরস্কৃত হয়েছে। প্রথম আলোর মুক্তিযুদ্ধবিষয়ক সার্বিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রথমা প্রকাশন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্নজনের গবেষণাধর্মী ১৫টি বই প্রকাশ প্রকাশিত হয়েছে। এ বছর প্রথমা প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফের যুদ্ধ কাহিনি মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টর এবং কে ফোর্স। মেজর হায়দারের জীবন ও লড়াইয়ের কথা মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়। এর আগে প্রকাশ করেছে, নীলুফার হুদার লেখা কর্নেল হুদা ও আমার যুদ্ধ, গোলাম মুরশিদের মুক্তিযুদ্ধ ও তারপর, এ কে খন্দকার, মঈদুল হাসান ও এস আর মীর্জার মুক্তিযুদ্ধের পূর্বাপর, হাসান ফেরদৌসের ১৯৭১: বন্ধুর মুখ শত্রুর ছায়া, সৈয়দ আবুল মকসুদের অরণ্য বেতার, মালেকা বেগমের মুক্তিযুদ্ধে নারী, আশফাক হোসেনের মুক্তিযুদ্ধ: বাংলাদেশের জন্ম ও জাতিসংঘসহ আরও কিছু বই। তবে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে একাত্তরের চিঠি। মুক্তিযোদ্ধাদের চিঠি নিয়ে এ বই বিক্রি হয়েছে এক লাখ এক হাজার কপি।একাত্তরের বীরযোদ্ধাপ্রথম আলোয় প্রকাশের পর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন থেকে গ্রন্থাকারে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। এ কাজে সহায়তার হাত বাড়িয়ে দেয় এইচএসবিসি (দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড)। গত বছরের ১৩ এপ্রিল প্রকাশিত হয় একাত্তরের বীরযোদ্ধা: খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা প্রথম খণ্ডটি। তাতে ছিল ৩০০ জন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা। তাঁদের মধ্যে ২৯ জন বীর উত্তম, ৮৫ জন বীর বিক্রম ও ১৮৬ জন বীর প্রতীক। বীরশ্রেষ্ঠদের কথা ছিল না এতে। প্রথম খণ্ডে তুলনামূলক অপরিচিত বীরদেরই যুদ্ধগাথা সংকলিত হয়েছে। এবার ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ৩১৬ জনের বীরত্বগাথা নিয়ে একাত্তরের বীরযোদ্ধা-এর দ্বিতীয় খণ্ড। এতে রয়েছে সাত বীরশ্রেষ্ঠ, ৩৯ জন বীর উত্তম, ৭৮ জন বীর বিক্রম ও ১৯২ জন বীর প্রতীকের যুদ্ধগাথা। যে ৪২ জনের যুদ্ধ বিবরণ পাওয়া যায়নি, তাঁদের তালিকা সংযোজিত হয়েছে পরিশিষ্ট অংশে। বলা হয়েছে তাঁদের বিবরণ পাওয়া গেলে পরবর্তী সংস্করণে সংযোজিত হবে। বইটি সম্পাদনা করেছেন মতিউর রহমান। সংগ্রহ ও গ্রন্থনা করেছেন রাশেদুর রহমান। দেশবরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী প্রচ্ছদ ও ভেতরের অলংকরণ করেছেন। তাঁকে সহায়তা করেছেন শিল্পী অশোক কর্মকার। বই দুটির প্রতি পাতায় বীরযোদ্ধাদের বীরত্বগাথার সঙ্গে রয়েছে তাদের ছবি ও পূর্ণ ঠিকানা। রয়েছে তাঁদের সম্পর্কে অনেক নতুন তথ্য। কোথায় কোন সেক্টরে যুদ্ধ করেছেন ও আনুষঙ্গিক তথ্যের সংক্ষিপ্ত বিবরণ। বইটি পাওয়া যাবে প্রথমা বইয়ের দুনিয়া ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন বইয়ের দোকানে।