মুক্তিযুদ্ধ: তারুণ্যের পদধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন ফাখরুল আরেফীন এসে বলল, ‘শুক্রবার ফ্রি আছেন? চলেন যাই জাহাঙ্গীরনগরে।’তখন ঘোর গ্রীষ্মকাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণত যাই শীতকালে, পাখি দেখতে। এই প্রচণ্ড গরমে সেখানে কেন!উদ্দেশ্যটা জানিয়ে দেয় ও, ‘গাছের ছায়ায় দিঘির ধারে একটা ছবি দেখাব আপনাকে।’এ আবার কী! একটু অবাক হতে হয়। ‘ছবি’ মানে যে সচল ছবি, সেটা তখনো বুঝিনি। তাই ফটোগ্রাফ দেখতে দিঘির ধারে যেতে হবে কেন, সে প্রশ্ন উঁকি দিচ্ছিল মনে। লাজুক ছেলেটা বলল, ‘আমার আলবদর ছবিটা শেষ করেছি। ওটাই দেখাব আপনাকে। আমি চাই কোনো নির্জন জায়গায় বসে আমরা ছবিটা দেখি।’সে সময় কাজের চাপে যাওয়া হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আরেফীনের আন্তরিকতা দখল করে নিয়েছিল আমার মন। কয়েক দিন পর আরেফীন ঠিকই একটি সিডি নিয়ে এসে বলল, ‘নিজেই তাহলে ঘরে বসে দেখে নেবেন।’যারা বলার চেষ্টা করে, একাত্তরে এ দেশে যুদ্ধাপরাধ ঘটেনি, মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ ঘটেনি—আফেরীনের এই ছবিটি তাদের গালে এক বিরাশি শিক্কার থাপ্পড়।২.আরেফীনের একটা জেদ আছে। পড়েছে ওই জাহাঙ্গীরনগরেই, ইতিহাস বিভাগে। ক্লাসরুমে ইতিহাসের খুঁটিনাটি জানার আগেই জড়িয়ে পড়েছে চলচ্চিত্র সংসদ আন্দোলনে। ১৯৮৪ সালে মোরশেদুল ইসলামের স্বল্পদৈর্ঘ্য আগামী ছবিটি দেখে ছবি তৈরির প্রতি আগ্রহী হয়ে উঠেছিল ও। তারপর প্রশিক্ষণ নেওয়া, ভালো ভালো চলচ্চিত্র দেখার মাধ্যমে পোক্ত করে নিয়েছে নিজের ভিত। ২০০৭ সালের ২৫ অক্টোবর জামায়াতে ইসলামীর আলী আহসান মুহাম্মদ মুজাহিদ যখন নির্বাচন কমিশনে বৈঠক শেষে বেরিয়ে বললেন, বাংলাদেশে যুদ্ধাপরাধী বলে কিছু নেই, তখনই আরেফীনের জেদটা তীব্র হয়ে ওঠে। ইতিহাসের ছাত্র হিসেবে ও বসে পড়ে গবেষণায়। ভাবতে থাকে, কীভাবে দেশের জনগণকে, বিশেষ করে তরুণদের তথ্য-প্রমাণসহ জানানো যায় একাত্তরে আলবদরদের সহিংসতার কথা। চলচ্চিত্রটাই ভালোভাবে আয়ত্ব করেছে আরেফীন। তাই একটি তথ্যচিত্র তৈরির দিকেই মন দেয়। ছবি তৈরি করতে প্রয়োজন টাকা। এত টাকা কোথায় পাবে? কারো কারো কাছে টাকার কথা বলার পর মনে হলো, বিষয়টিকে অনেকেই গুরুত্ব দিচ্ছে না। তাই ব্যাংক ঋণ নিয়ে শুরু হয়ে গেল আলবদর-এর নির্মাণ কাজ। একাত্তরে আলবদরের নেতা আশরাফ হোসেন, কামারুজ্জামান, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদী কী করেছেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চৌধুরী মঈনুদ্দীন, আশরাফুজ্জামান ও খালেক মজুমদারের কথা উঠে এসেছে ছবিতে। প্রত্যক্ষদর্শীরা সেখানে সেই বিভীষিকার বর্ণনা দিয়েছেন। ছবিটি সাড়া ফেলল মানুষের মনে। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে জেনারেটর লাগিয়েও দেখানো হলো ছবিটি।এরপর ৭ মার্চ নিয়ে এই তো সেদিন (১৫ মার্চ ২০১১) আরেফীন তৈরি করল দ্য স্পিচ। বঙ্গবন্ধুর সেই অসাধারণ ভাষণটি নানা দিক থেকে বিশ্লেষণ করা হয়েছে ছবিটিতে। যারা সেদিন ময়দানে ছিলেন, তাদের কথা থেকে দিনটিকে ভালোভাবে চেনার একটা সুযোগ তৈরি করে দিয়েছে আরেফীন।৩. মুক্তিযুদ্ধের নানা বিষয়ে তথ্য জানার সুযোগ এখন বেড়েছে। প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, লেখা হয়েছে অনেক বই, প্রবাসী বাংলাদেশিরাও তথ্যভাণ্ডার পূর্ণ করার জন্য রাখছেন অবদান। আরেফীন চাইছেন, তথ্যচিত্রের মাধ্যমে ইতিহাসকে উজ্জীবিত রাখতে। মুক্তিযুদ্ধ নিয়ে বেশির ভাগ তথ্যচিত্রই বিদেশিদের করা (জহির রায়হান, আলমগীর কবিরদের চেষ্টার কথা মনে রেখেও বলা যায় এ কথা।)। এখানে যা তৈরি হয়, সেটাও মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্যচিত্র থেকে ফুটেজ নিয়ে ভয়েজ ওভার দিয়ে কিছু একটা করা। এটা সহজ কাজ। কিন্তু প্রামাণিক দলিল হিসেবে তা বাঁচিয়ে রাখতে হলে করতে হবে কাজ। সে কাজটি হলেই কেউ মুক্তিযুদ্ধ নিয়ে যা ইচ্ছে তাই বলতে পারবে না। আরেফীন সেই অগাধ সমুদ্রজলেই একফোঁটা শিশির রাখার কাজটি করছেন।৪.‘কেন তুমি তথ্যচিত্র তৈরি করছ?’ আরেফীনকে প্রশ্ন।‘চোখ বন্ধ করে চিন্তা করেন, লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে পেলাম বাংলাদেশ। এটা চিন্তা করলেই ঋণের, দায়িত্ববোধের কথাটা চলে আসে। চলচ্চিত্রের মাধ্যমে আমি এই দায়িত্বটা পালন করতে চাই।’ও যখন এ কথা বলছিল, তখন মোটেও মনে হলো না, কিছু আপ্তবাক্য শিখে নিয়ে আরেফীন তা তোতাপাখির মতো আউড়ে যাচ্ছে। ‘লাখ লাখ মানুষের আত্মত্যাগ’ কথাটা শুনলেও কি বোঝা যায় তার গভীরতা? এই লাখো পরিবার থেকে টেনে তুলে আনুন একটি পরিবার। দেখুন, পরিবারের একজন সদস্যকে হত্যা করে কীভাবে তছনছ করে দেওয়া হয়েছে এক একটি সংসার। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি হারিয়ে যাওয়ার পর কত পরিবারই আর ঘুরে দাঁড়াতে পারেনি। সবুজ জমিনে লাল বৃত্তটা বুঝিয়ে দেয়, এই রক্তক্ষরণের স্পর্শ পেতে হলে মনের গহীন কোনে জ্বালিয়ে রাখতে হবে অনুভূতির দিপশিখা। নইলে এই আত্মদান কিছু সংখ্যা ছাড়া আর কিছুই জানতে দেবে না আমাদের।৫. মাত্র ৩৭ বছর বয়সেই নিজের গন্তব্য ঠিক করে নিয়েছে আরেফীন। ১০টা মুক্তিযুদ্ধবিষয়ক তথ্যচিত্র আর ২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে চায় ও। কিন্তু সে কাজগুলো করতে পারবে কিনা, তা জানা নেই। অফিস করার পর হাতে যে দুটি দিন থাকে, তাতেই চলে ওর গবেষণার কাজ। ২০০৭ সাল থেকে এভাবেই নিজেকে তৈরি করে নিয়েছে আরেফীন। কুন্তল রায় ও অমি রহমান পিয়াল ওকে নানাভাবে সহযোগিতাও করছেন। ভালো কিছু করার স্বপ্নটি এখনও দেখতে পারছেন বলেই আরেফীন ভালো আছেন। ‘আর একটা কথা। মানুষ এখন বই পড়তে চায় না। এটা আমাকে খুব কষ্ট দেয়। আমি যে তথ্যচিত্রগুলো তৈরি করলাম, সেটাও এ কথা ভেবেই। অন্তত সত্যটা দেখো। তারপর আরো তথ্য জানার জন্য বইয়ে ডুব দাও। নিজেকে গড়ে নাও।’একটু একটু করে এগোচ্ছে আরেফীন। মুক্তিযুদ্ধ নামক মহাকাব্যের কোনো কোনো ঘটনা ওর মনের তুলির আচড়ে স্থায়ী হয়ে যাচ্ছে। ভাবতে ভালো লাগে। মনে আশা জাগে, ওরই মতো আরো কেউ, কেউ নয়—কেউ কেউ, কেউ কেউ নয়—আরো অনেক মানুষ এগিয়ে আসবে আমাদের আনন্দ-বেদনায় স্নাত মুক্তিযুদ্ধকে গভীর বিশ্লেষণ করতে।আমি এই কাফেলায় অনেক তরুণের পদধ্বনি শুনতে পাচ্ছি। আপনি পাচ্ছেন?