মুক্তিযুদ্ধভিত্তিক দায়সারা নাট্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে কলেজ পর্যায়ে মুক্তিযুদ্ধভিত্তিক নাট্যানুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় দায়সারাভাবেই শেষ হয়েছে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের তেমন অংশগ্রহণ ছিল না বললেই চলে। কলেজ শিক্ষার্থীদের অনেকের অভিযোগ তাঁরা অনুষ্ঠান সম্পর্কে জানতেন না। ফেনী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানের দুই দিনেই মুক্তিযুদ্ধের নাটক অপরাহত মঞ্চস্থ হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বাজেটে ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় ফেনীর মুক্তিযুদ্ধের বিভিন্ন কাহিনি এই নাটকে দেখানো হয়। অনুষ্ঠানের উদ্বোধনী দিন শুক্রবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রণপত্রে অনেক অতিথির নাম থাকলেও শুধু পুলিশ সুপার পরিতোষ ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম শওকত ইকবাল শাহীন। এ ছাড়া ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান হুমায়ুন কবির বক্তব্য দিয়েই মঞ্চ ছেড়ে চলে যান। নাটকে ফেনীতে সংঘটিত ১৯৭১ সালের নানা ঘটনা উঠে আসে। একাধিক দর্শক জানান, ফেনীতে মুক্তিযুদ্ধের নানা ঘটনা নিয়ে নাটক মঞ্চায়িত হলেও দুই দিনের অনুষ্ঠানে জেলার কোনো মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন না। তা ছাড়া ফেনী সরকারি কলেজের আট হাজার ছাত্রছাত্রীর মধ্যে ২০ জনও উপস্থিত ছিল না।ফেনী কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের ছাত্রদের মধ্যে আরিফুর রহমান, আবুল হাসনাত, শরিফুল ইসলামসহ অনেকেই ফেনী কলেজের ছাত্রদের নিয়ে মুক্তিযুদ্ধের এমন একটি নাটক মঞ্চায়নের কথা জানেন না বলে জানান।