শহীদ আবদুর রবের স্মরণসভায় বক্তারা
মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে
‘মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আবদুর রব আত্মত্যাগ করেছিলেন, ছাত্র-শিক্ষক-কর্মচারীদের তা স্মরণে রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের বীরত্বপূর্ণ অবদান ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। তাঁদের স্মৃতি রক্ষায় সবাইকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রথম সাধারণ সম্পাদক আবদুর রবের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. আলাউদ্দিন এ কথা বলেন। শহীদ আবদুর রব ছাত্রাবাসের প্রাধ্যক্ষ রাশেদুন্নবীর সভাপতিত্বে ১৩ এপ্রিল সন্ধ্যে ছয়টায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) মজহারুল হক শাহ চৌধুরী। তিনি বলেন, ‘১৯৭৯-৮০ সালে চাকসুর ভিপি থাকাকালীন আমি শহীদ আবদুর রবের নামে নতুন ছাত্রাবাস নির্মাণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামে বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোর নামকরণের উদ্যোগ গ্রহণ করি।’ এতে আরও বক্তব্য দেন শহীদ আবদুর রবের ছোট বোন শাহনাজ পারভীন, অধ্যাপক আবু ছৈয়দ, আবাসিক শিক্ষক রেজাউল করিম, রামেন্দু পারিয়াল প্রমুখ। স্মরণসভায় মোনাজাত করেন মাওলানা মীর মুসলেহউদ্দিন।প্রসঙ্গত, শহীদ আবদুর রব ১৯৭১ সালের ১৩ এপ্রিল মুক্তিযুদ্ধের সূচনালগ্নে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (তখনকার বিআইটি) কাছেই পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সমুখযুদ্ধে শহীদ হন।