মুক্তিযুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিষের শিংয়ের মতো বাঁকা কাজলং নদীর জলে ভেসে আসছে ছোট্ট এক মানবশিশু। পাশে ভাসছে মৃত মা—মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা কুঙ্কুমির লাশ। পরম মমতায় তাকে নদী থেকে এনে সৎমা জয়ফুলের কাছে তুলে দেয় মঙ্গল। শিশুটি নননপুর গ্রামে জায়েদুল নামে বেড়ে ওঠে দাদির মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে। বড় হলে দেখা যায়, তার শরীরের অন্য গড়ন, অন্য বরণ। শরীরে বইছে পাকিস্তানিদের রক্ত। পরিচয় প্রকাশ হয়ে পড়লে সে ধীরে ধীরে গুটিয়ে নেয় নিজেকে। নানা কটূক্তি শুনতে শুনতে একসময় সে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং মারা যায়। বাঘরূপে পুনর্জন্ম হয় তার, ফিরে আসে নননপুর গ্রামে। নননপুরের রাস্তার পিচ নখর দিয়ে আঁচড়ে আঁচড়ে একটি বাঘ খুঁড়তে থাকে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি।এ রকম ছোট ছোট কিছু ঘটনা নিয়ে নির্মিতনননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে নাটকটিতে মুক্তিযুদ্ধ এসেছে প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখ, বেদনা ও অনুভূতির ভেতর দিয়ে। তির্যক নাট্যগোষ্ঠীর ৩২তম প্রযোজনা দেড় ঘণ্টার এ নাটকটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২০ ও ২১ অক্টোবর সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয়। এ পাণ্ডুলিপি নির্বাচনের বিষয়ে নির্দেশক শামীম হাসান বললেন, ‘বদরুজ্জামান আলমগীরের একেবারেই ভিন্ন আঙ্গিকে মুক্তিযুদ্ধের গল্প বলার ঢং ভালো লেগেছে আমার। এটি অনেকটা পালাধর্মী। আমাদের দেশীয় লোকনাট্যের বর্ণনাত্মক রীতির সঙ্গে কিছু জায়গায় পাশ্চাত্যের চরিত্রাভিনয় রীতির মেলবন্ধন ঘটিয়েছি। সংগীত, নৃত্য ও অন্যান্য ক্ষেত্রে লোকনাট্যের আদি অকৃত্রিম রীতি ব্যবহার করেছি। এ ছাড়া মানুষ জায়েদুলের ঈশ্বরের সঙ্গে কথা বলা, অপূর্ণ ইচ্ছাকে পূর্ণতা দিতে তার বাঘরূপে পুনর্জন্ম—এক কথায় বাস্তববাদের সঙ্গে পরাবাস্তবতার মিশ্রণ ঘটেছে নাটকে।’লোকনাট্যের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অনুষঙ্গ ভিন্ন রূপে উপস্থাপন নাটকটিকে গতানুগতিক ধারা থেকে আলাদা করেছে বলে মনে করেন নাট্যকর্মী মো. জাবের। তিনি বলেন, ‘সাহিত্যে মুক্তিযুদ্ধ বলতেই আমরা রাজাকার, পাকিস্তানি বাহিনী, মুক্তিযোদ্ধা কিংবা যুদ্ধের চিত্র দেখি। এই গৎবাঁধা ধাঁচ থেকে বেরিয়ে প্রান্তিক মানুষের ছোট ছোট ঘটনা ও অনুভূতিগুলোকে আলাদাভাবে উপস্থাপন করার ভাবনা চমৎকার লেগেছে। তবে কোরিওগ্রাফিতে কয়েক জায়গায় তাল বা ছন্দ মেলেনি। কথকদের দ্রুত কথা বলার কারণে কিছু সংলাপ বুঝতে কষ্ট হয়েছে।’ নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর ও নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। অভিনয়ে ছিলেন—খালেদ হেলাল, নাসিরুদ্দিন খান, শামীম হাসান, নাঈমা সুলতানা, হান্নান, নিশু, তুলি, লুসাই, মানিক, বায়েজীদ, অজয়, রয়েল, সেলিমসহ আরও অনেকে। সংগীত পরিচালনায় ছিলেন দীপঙ্কর দে, বায়েন দলে ছিলেন সুমন চৌধুরী, রয়েল বড়ুয়া, অজয় ও উদয়, নৃত্যনির্মাণে প্রমা অবন্তী, আলোকসজ্জায় রাজ্জাক এবং পোশাকসজ্জায় নাঈমা সুলতানা ও হীরা।