মুক্তিযুদ্ধে বিধ্বস্ত সেতু এখনো পুনর্নির্মাণ হয়নি
রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর সড়কের সিলফলিয়া ছড়ার সেতুটি এখনো নির্মাণ করা হয়নি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গতিরোধে মুক্তিযোদ্ধারা ডিনামাইট দিয়ে এই সেতুটি উড়িয়ে দিয়েছিলেন। সেই থেকে বিধ্বস্ত সেতুর একটি অংশ কালের সাক্ষী হয়ে ছড়ার ওপর পড়ে আছে। সেতুটি নির্মাণে বিভিন্ন সময় সংসদ নির্বাচনের সময় প্রার্থীরা গ্রামবাসীকে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। স্থানীয় লোকজন জানান, হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর গ্রামের প্রায় চার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক নিচিন্তাপুর সড়ক। সড়কের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে সিলফলিয়া ছড়া। ১৯৫৬ সালে গ্রামবাসীর চলাফেরার সুবিধার্থে ছড়ার ওপর আট ফুট প্রশস্ত ও ৬০ ফুট দৈর্ঘ্যের কংক্রিটের সেতু নির্মাণ করা হয়, যা মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর অগ্রযাত্রা প্রতিরোধে মুক্তিযোদ্ধারা শক্তিশালী ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। কালক্রমে সেতুটির বিধ্বস্ত অংশ ছড়ার তলদেশে বালুর নিচে চাপা পড়ে। প্রায় ২০ ফুট সেতু মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হয়ে ছড়ার পূর্ব পাড়ে এখনো দাঁড়িয়ে আছে। নিচিন্তাপুর গ্রামের বাসিন্দা আবদুল মান্নান জানান, সেতুটি বিধ্বস্ত হওয়ার পর থেকে গ্রামবাসী সিলফলিয়া ছড়ার ওপর দিয়ে হেঁটে যাতায়াত করে। শুকনো মৌসুমে পানির ওপর দিয়ে যাত্রীবাহী জিপ-ট্যাক্সি চলাচল করলেও বছরের বেশির ভাগ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। বর্ষাকালে পাহাড়ি ঢলের কারণে পায়ে হেঁটেও পার হওয়া যায় না। পুরো গ্রাম তখন প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। তিনি বলেন, গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী। পুরো বছর এ গ্রামে বিপুল পরিমাণ শাক-সবজি ও ধান চাষাবাদ হয়। গবাদি পশুও লালন-পালন করে। কিন্তু সিলফলিয়া ছড়ায় সেতু না থাকায় উ ৎ পাদিত ফসল ও গবাদি পশু বাজারে নিয়ে যেতে কষ্ট হয় চাষিদের। হোছনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা নাজিম উদ্দিন জানান, দেশ স্বাধীন হওয়ার ৪০ বছরের মধ্যে অনুষ্ঠিত সকল সংসদ নির্বাচনে প্রার্থীরা সেতুটি নির্মাণে গ্রামবাসীদের নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর সেতুটি নির্মাণ বাস্তবায়নের কোনো খবর রাখেননি নির্বাচিত সাংসদেরা।তিনি জানান, ২০০৩ সালে ত ৎ কালীন জোট সরকার সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু শেষপর্যন্ত বরাদ্দ আসেনি। গত সংসদ নির্বাচনের আগে রাঙ্গুনিয়ার সাংসদ বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও অদ্যাবধি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। তবে সড়কটির মেরামত কাজ চলছে। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. হাসান আলী এ প্রসঙ্গে বলেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়। চট্টগ্রাম-কক্সবাজার প্রকল্পের আওতায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। কার্যাদেশ হাতে পেলে সেতুটির নির্মাণকাজ শুরু করা হবে।’ তবে কবে নাগাদ সেতুটির নির্মাণকাজ শুরু হবে তা নিশ্চিত করে তিনি কিছুই বলতে পারেননি।