বিজয়ের মাস
মুক্তিযুদ্ধে শহীদের নামে আবাসিক হল
দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা বা বুদ্ধিজীবীর নামে। এ সময়ের শিক্ষার্থীরা তাঁদের সম্পর্কে কতটুকু জানেন? এই বীর শহীদদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে স্বপ্ন নিয়ের ধারাবাহিক আয়োজনের আজ থাকল প্রথম পর্ব। সংগ্রহ ও গ্রন্থনা করেছেন রাশেদুর রহমান
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন আইনজীবী, সমাজকর্মী, ভাষাসৈনিক ও রাজনীতিবিদ। তাঁর জন্ম ১৮৮৬ সালের ২ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরাইল গ্রামে। ১৯৭১ সালের ২৯ মার্চ পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লা শহরের ধর্মসাগরপাড় এলাকার নিজ বাসা থেকে পুত্র দিলীপ কুমার দত্তসহ ধীরেন্দ্রনাথ দত্তকে তুলে নিয়ে যায়। এরপর তাঁদের আর হদিস মেলেনি। ধারণা করা হয়, পাকিস্তান সেনাবাহিনী তাঁদের কুমিল্লা সেনানিবাসে নিয়ে ওই দিনই বা পরে হত্যা করে।
১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি তিনিই প্রথম গণপরিষদে (কনস্টিটুয়েন্টস অ্যাসেম্বলি অব পাকিস্তান) উর্দু ও ইংরেজির সঙ্গে বাংলাকে মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। ১৯৫৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১৯৫৮ সালের ৭ অক্টোবর পর্যন্ত পূর্ব পাকিস্তানে আতাউর রহমান খানের মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে ধীরেন্দ্রনাথ দত্ত খুব সহজেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারতেন। কারণ, কুমিল্লার অবস্থান ছিল ভারত সীমান্তের খুব কাছে। কিন্তু সব বিপদ ও বৈরিতার মধ্যে তিনি স্বদেশেই থেকে যান। ২০০৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে ছাত্রদের একটি আবাসিক হলের নামকরণ করা হয়।
শহীদ হবিবুর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়
হবিবুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯২১ সালের ১ জানুয়ারি নোয়াখালীর চাটখিল উপজেলার বালিয়াধার গ্রামে তাঁর জন্ম। ১৯৭১ সালের ১৫ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী হবিবুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে ধরে নিয়ে যায়। ধারণা করা হয়, পাকিস্তান সেনাবাহিনী ওই দিনই বা পরে তাঁকে হত্যা করে।
১৯৪০ সালে প্রথম বিভাগে আইএসসি (উচ্চমাধ্যমিক) পাস করে হবিবুর রহমান ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। স্নাতক শেষে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড নম্বরসহ গণিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর অসাধারণ ফল দেখে আলীগড় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ও প্রখ্যাত গণিতবিশারদ স্যার জিয়াউদ্দীন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হকের কাছে হবিবুর রহমানকে রাষ্ট্রীয় বৃত্তি ও চাকরি দেওয়ার জন্য বিশেষ সুপারিশপত্র দিয়েছিলেন।
হবিবুর রহমানের কর্মজীবন শুরু হয় কলকাতার প্রেসিডেন্সি কলেজে গণিতের প্রভাষক হিসেবে। ১৯৪৭ সালে ঢাকা কলেজে, পরে ১৯৫৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের প্রভাষক পদে যোগ দেন। পরে এই বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৬২ সালে ফলিত গণিতে উচ্চতর শিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। ১৯৬৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর নামে একটি ছাত্র হলের নামকরণ করে—শহীদ হবিবুর রহমান হল।
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে জুলাই মাসের প্রথম দিকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। তাঁর জন্ম ১৯৪৯ সালের ৭ মার্চ, বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে।
মহিউদ্দিন জাহাঙ্গীরকে ৭ নম্বর সেক্টরের মেহেদিপুর সাব–সেক্টরের সাব–সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কানসাট, আরগরার হাট, শাহপুরসহ কয়েকটি সফল অভিযানে অসাধারণ নৈপুণ্য ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তিনি। ডিসেম্বরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ দখলের দায়িত্ব দেওয়া হয়। শহর প্রতিরক্ষার জন্য মহানন্দা নদীর তীরে তিন কিলোমিটার এলাকায় বাংকার নির্মাণ করে রেখেছিল পাকিস্তানি সেনারা। মহিউদ্দিন জাহাঙ্গীর ১৩ ডিসেম্বর ভোরে একদল মুক্তিযোদ্ধাকে নিয়ে অতর্কিত আক্রমণ চালিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকটি বাংকার দখল করেন। তখন পিছু হটে পাকিস্তানি সেনারা শহরে অবস্থান নেয়। একটি উঁচু ভবনের ছাদ থেকে মেশিনগান দিয়ে অনবরত গুলি চালিয়ে মুক্তিযোদ্ধাদের ঠেকিয়ে রাখে।
১৪ ডিসেম্বর অসীম সাহসী মহিউদ্দিন জাহাঙ্গীর একাই হামাগুড়ি দিয়ে রাস্তা পার হয়ে পাকিস্তান সেনাবাহিনীর মেশিনগান পোস্টের দিকে যান। তাঁর ছোড়া গ্রেনেডের আঘাতে মেশিনগান ধ্বংস হয়। এমন সময় রাস্তার পাশের একটি দোতলা বাড়ি থেকে পাকিস্তানি সেনাদের ছোড়া একটি গুলি বিদ্ধ হয় তাঁর কপালে। শহীদ হন তিনি। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মদানের স্বীকৃতিস্বরূপ মহিউদ্দিন জাহাঙ্গীরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানসূচক ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
শহীদ মুখতার ইলাহী হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
মুখতার ইলাহী ১৯৭১ সালে রংপুর কারমাইকেল কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর প্রকৃত নাম খোন্দকার মুখতার ইলাহী। স্বভাবকবি ও সুবক্তা হিসেবে শিক্ষার্থীদের মধ্যে তাঁর ছিল ব্যাপক জনপ্রিয়তা। ১৯৪৯ সালের ২৯ মার্চ তাঁর জন্ম।
মুক্তিযুদ্ধের সময় রংপুর শহরের মডার্ন সিনেমা হলকে (বর্তমানে টাউন হল) পাকিস্তান সেনাবাহিনী নির্যাতন কেন্দ্র বানিয়েছিল। মুখতার ইলাহী সেখানে হামলার পরিকল্পনা করেন। ১৯৭১ সালের ৮ নভেম্বর মুক্তিযোদ্ধাদের ছোট্ট একটা দল নিয়ে তিনি রংপুরের দিকে রওনা হন। লালমনিরহাট জেলার বড় বাড়ির কাছে আইড় খামার নামে একটি এলাকায় তাঁদের যাত্রাবিরতি করতে হয়। কিন্তু খবর পেয়ে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল ৯ নভেম্বর সকালে আইড় খামার গ্রামটি ঘিরে ফেলে। মুখতার ইলাহীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের মোকাবিলা করেন। কিন্তু সংখ্যায় কম হওয়ায় অসম সেই লড়াইয়ে তাঁদের পক্ষে জয়ী হওয়া সম্ভব হয়নি। মুখতার ইলাহী ও অজ্ঞাতপরিচয় এক তরুণ মুক্তিযোদ্ধা পাকিস্তান সেনাবাহিনীর কাছে ধরা পড়েন। সেনাবাহিনী মুখতার ইলাহী ও অজ্ঞাতপরিচয়ের ওই তরুণ মুক্তিযোদ্ধাসহ মোট ৫৪ জনকে সেদিন নির্মমভাবে হত্যা করে। এই বীর মুক্তিযোদ্ধার স্মরণেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ মুখতার ইলাহী হল।