
‘অপারেশন সার্চলাইটের নীলনকশা রচনা করেন কে?’, ‘ছয় দফা কোন প্রস্তাবের আলোকে রচিত হয়?’, ‘মিত্রবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?’
সঞ্চালক একের পর এক এসব প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন শিক্ষার্থীদের উদ্দেশে। প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা জানান দিচ্ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাদের জানার পরিধি। এভাবেই জমজমাট আয়োজনে ১৬ জানুয়ারি শেষ হলো মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্ট চট্টগ্রামের আয়োজনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর বসেছিল নগরের জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে। দুই দিনব্যাপী এই আয়োজনে ছিল আন্তস্কুল বিতর্ক, আন্তস্কুল কুইজ, আলোকচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা। ১৫ জানুয়ারি প্রতিযোগিতা উদ্বোধন করেন অধ্যাপক অনুপম সেন।
প্রতিযোগিতার সমাপনী পর্বের আসর শুরু হয় চূড়ান্ত পর্বের আন্তস্কুল কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। এ পর্বে অংশ নেয় কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, বাংলাদেশ নৌবাহিনী উচ্চবিদ্যালয় ও সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়। তিনটি রাউন্ডে অনুষ্ঠিত কুইজের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে চ্যাম্পিয়ন হয় সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় এবং রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী উচ্চবিদ্যালয়।
কুইজ প্রতিযোগিতা শেষে বসে চূড়ান্ত পর্বের আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার আসর। ‘তরুণদের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে ইন্টারনেট সফল হতে পারেনি’ বিষয়ের ওপর শুরু হয় জমজমাট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। যুক্তি-পাল্টাযুক্তি শেষে বিজয়ী হয় সরকারি দলে থাকা ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। রানার্সআপের পুরস্কার উঠে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের বিতার্কিকদের হাতে। শ্রেষ্ঠ বিতার্কিক হয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শ্রেষ্ঠা চৌধুরী। ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের তাজিমা আনজুম।
মুক্তিযুদ্ধের মাঠপর্যায়ের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানানো ও মুক্তিযুদ্ধের চেতনায় তাঁদের সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় এরপর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্ব শুরু হয় ‘রাষ্ট্রভাষার আন্দোলন’ গানটি পরিবেশনার মাধ্যমে। গান পরিবেশন করেন আল আমীন। এ ছাড়া মুক্তিযুদ্ধের গান ও কবিতা নিয়ে ছিল দলীয় পরিবেশনা। সাংস্কৃতিক পর্ব শেষে কথামালার আয়োজন। এতে সংগঠনের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। কথামালা শেষে মুস্তাফা মনোয়ার উপস্থিত শিশুদের জন্য আঁকেন বীর যোদ্ধার ছবি।
এরপর ছিল পুরস্কার বিতরণী। আন্তস্কুল কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ছাড়াও আলোকচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আইডিয়া জেনারেশন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে আলোকচিত্রে শাহরিয়ার ফারজানা প্রথম, আহমেদ রাসেল দ্বিতীয় ও অজয় দেবনাথ তৃতীয় স্থান অর্জন করেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় দ্য অ্যাডভেঞ্চার ছবির জন্য রফিকুল আনোয়ার প্রথম, মুক্তির জন্য ফুটবল ছবির জন্য আবু নাঈম মাহতাব মোর্শেদ দ্বিতীয় এবং অ্যা প্রমিজ ছবির জন্য মো. ফাহাদ হোসেন তৃতীয় পুরস্কার জিতে নেন। আইডিয়া জেনারেশন প্রতিযোগিতায় প্রথম বিজন বড়ুয়া এবং দ্বিতীয় ও তৃতীয় হয় নওশীন তাবাসসুম ও নিসর্গ নিগার।