মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম প্রাঙ্গণে। প্রদর্শনী চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এতে প্রতিদিন দুটি করে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৯ ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)।এ উপলক্ষে আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি-জামায়াত বিগত বছরগুলোতে এ দেশের মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করেছে। এ ব্যাপারে নতুন প্রজন্মকে সচেতন করে সঠিক ইতিহাস জানাতে হবে। চিত্রনায়ক ফারুক বলেন, চলচ্চিত্রমাধ্যমটি সমাজ বদলের হাতিয়ার। কিন্তু বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধের ওপর ছবি নির্মাণ করতে গেলে নির্মাতা-প্রযোজকদের হয়রানি করা হতো। তাই মুক্তিযুদ্ধের ওপর বেশি চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব হয়নি। পরিষদের আহ্বায়ক ফরিদ মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ও বিজয় মেলা পরিষদের মহাসচিব বদিউল আলম। বক্তব্য দেন চন্দন ধর, মশিউর রহমান, মো. হেলাল উদ্দিন, সাখাওয়াত হোসেন, আনজুমান আরা বেগম, শেখ নাছির আহম্মদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রযোজিত চলচ্চিত্র মুক্তিযুদ্ধের ইতিহাস ও রক্তাক্ত বাংলা। বিজ্ঞপ্তি।