মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ মার্চের গণহত্যা স্মরণে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
২৫ মার্চের গণহত্যা স্মরণে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শোভাযাত্রা, একাত্তরের চিঠি পাঠ, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও কথামালার আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্‌যাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। এসব আয়োজনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নেন শিক্ষার্থীরা। বিনম্র শ্রদ্ধায় তাঁরা স্মরণ করেন বীরসেনানীদের।
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (সিআইইউ) ক্যাম্পাসে স্বাধীনতা দিবস উপলক্ষে ছিল আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন। ২৫ মার্চ সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সিআইইউ সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। নওশীন আমিনার সঞ্চালনায় এ আয়োজনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রশীদ আহমদ চৌধুরী, রোবাকা শামশের, মোহাম্মদ নাঈম আব্দুল্লাহ্‌ প্রমুখ। এরপর দেশের জন্য লড়াই করা তিন বীরসেনানী মোহাম্মদ হারুন আল রশীদ, ডা. মাহফুজুর রহমান ও ডা. মঈনুদ্দীন আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট এবং রণাঙ্গনের গল্প শোনান শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের উপগ্রন্থাগারিক মো. জিল্লুর রহমানের একাত্তরের চিঠি পাঠের মাধ্যমে শেষ হয় এ আয়োজন। এ ছাড়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে ২৫ মার্চ স্মরণে ছিল প্রদীপ প্রজ্বালন।

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় অতিথিরা
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় অতিথিরা


চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল ও সায়েন্সেস বিশ্ববিদ্যালয়:
সকাল সাড়ে সাতটায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল ও সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) স্বাধীনতা দিবসের আয়োজন। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস উপলক্ষে নগরের আন্দরকিল্লার ঘাটফরহাদবেগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করেন। সিভাসু বাঁধন ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধন করেন প্যানেল মেয়র হাসান চৌধুরী হাসনী। এতে প্রায় ২০০ জনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়: মহান স্বাধীনতা দিবসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তারা। ২৬ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তাঁরা। স্বাধীনতা দিবস উপল‌ক্ষে ÿবিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, তরুণ প্রজন্মের ভাবনা ও চলচ্চিত্র প্রদর্শনী। ‘স্বাধীনতার উপলব্ধি: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সিকান্দার খান। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিদ্দিক আহমেদ চৌধুরী, ওবায়দুল করিম, মোহাম্মদ নাজিম উদ্দিন, তাবসসুম চৌধুরী প্রমুখ। পরে তরুণ প্রজন্মের ভাবনায় মুক্তিযুদ্ধ নিয়ে অনুভূতি ব্যক্ত করেন শিক্ষার্থী নাঈম উদ্দিন ও সামিন আসির। এরপর প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র আগুনের পরশমণি।

সাদার্ন বিশ্ববিদ্যালয়: সাদার্ন বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহ–উপাচার্য শরীফুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।

আরও বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন আব্দুল মুক্তাদীর, ইংরেজি বিভাগের প্রধান সামসুজ্জামান খান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আলী আশরাফ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।