মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তরুণ প্রজন্মই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবসের অনুষ্ঠানে গান করেন দুই শিক্ষার্থী
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবসের অনুষ্ঠানে গান করেন দুই শিক্ষার্থী

নানা আয়োজনে উৎসাহ-উদ্দীপনার মধ্যে নগর ও জেলার বিভিন্ন স্থানে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস। এসব কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তরুণ প্রজন্মই ভরসা। তাঁদের দেশপ্রেম নিয়ে আধুনিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শিক্ষক সমিতি, অনুষদগুলোর ডিন, হলগুলোর প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট এবং গবেষণাকেন্দ্রের পরিচালক, অফিসার সমিতি, চবি ক্লাব (ক্যাম্পাস ও শহর), মহিলা সংসদ, সমন্বয় কর্মকর্তা বিএনসিসি, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্র ফেডারেশন। এরপর বের করা হবে বিজয় শোভাযাত্রা। এরপর উপাচার্যের সভাপতিত্বে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এ প্রজন্মের সন্তানদের ভূমিকা রাখার আহ্বান জানান।
সাদার্ন বিশ্ববিদ্যালয়: নানা আয়োজনে বিজয় দিবস উদ্যাপন করল সাদার্ন বিশ্ববিদ্যালয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বিএনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন করে সালাম গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সরওয়ার জাহান। এ ছাড়া আলোচনা সভা, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সহ–উপাচার্য শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন আবদুল মুক্তাদীর, অধ্যাপক ইসরাত জাহান, আলী আশরাফ, মহিউদ্দিন চৌধুরী, শামসুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। প্রত্যেক মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে এমন একটি স্বপ্ন দেখেছে পুরো জাতি। আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম
শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম

আলোকিত সমাজ: সামাজিক সংগঠন আলোকিত সমাজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে গত বুধবার শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাটহাজারীর কে. সি. শহীদ জিয়াউর রহমান কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আমানবাজার এলাকায় এসে শেষ হয়। এতে এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেয়। এ ছাড়া সংগঠনের আহ্বায়ক ইউসুফ মিঞা ও সদস্যসচিব বখতেয়ার উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল চৌধুরী, স্থানীয় বাসিন্দা মো. ইকবাল, আবদুল মান্নান, মো. শাহজাহান, আনিছুর রহমান, মঞ্জুর আলম প্রমুখ।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়: দেশের জন্য প্রতিদিন অত্যন্ত একটি করে ভালো কাজ করার প্রত্যয় নিয়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে উদ্যাপিত হলো মহান বিজয় দিবস। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, স্মৃতিচারণা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুই পর্বের অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, ট্রেজারার সিদ্দিক আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মানজুমা মোরশেদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান শাহ আহমেদ, কালচারাল ক্লাবের উপদেষ্টা তাবাসসুম চৌধুরী প্রমুখ।
‘তোমরা একতারা বাজাইয়ো না’—জনপ্রিয় এই গানটি দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর একে একে পরিবেশিত হয় ‘ও আমার দেশের মাটি,’ ‘ও আমার বাংলা মা তোর’সহ ১০টি গান। এ ছাড়া ‘শত আশা’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন দুই শিক্ষার্থী। কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতাটি করেন এক ছাত্রী।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অনুষদের ডিন, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, হল প্রভোস্ট, বিসিএস (কৃষি) ক্যাডার সার্ভিস, কৃষিবিদ ইনস্টিটিউশন, ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া শিক্ষক-কর্মকর্তা একাদশ বনাম ছাত্র একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ, ছাত্রীদের দাবা ও ক্যারম প্রতিযোগিতা, প্রীতি ব্যাডমিন্টন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া: লোহাগাড়া উপজেলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় কর্মসূচি। উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনূর রহমান। বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিজিয়া রেজা চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আকতার আহমদ সিকদার, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক মো. জামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ প্রমুখ।
এ ছাড়া বিজয় দিবসের অনুষ্ঠানে লোহাগাড়ার পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন আধুনগর এলাকার বেগম সুফিয়া খাতুন, কলাউজানের দিপু রাণী দেবী, আমিরাবাদের নাছিমা আক্তার চৌধুরী, চুনতির সুরাইয়া জান্নাত ও নুরুন্নাহার বেগম। তাঁদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।