চারদিকে মুক্তিযুদ্ধের দামামা। উদ্বেগ-উত্তেজনা ছোট-বড় সবার মধ্যে। ১৭ গ্রামের নারী-পুরুষ এসেছেন মাতব্বরের কাছে। তাঁদের চোখে-মুখে উৎকণ্ঠা। গত রাতেও পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন মাতব্বরের সঙ্গে দেখা করেছেন জানিয়ে সবাইকে আশ্বাস দিচ্ছেন তিনি। পাকিস্তানি বাহিনীর ওপর ভরসা রাখতে বলছেন উপস্থিত লোকজনকে। সহজ-সরল গ্রামবাসী সহজে আশ্বস্ত হতে পারেন না মাতব্বরের কথায়। এভাবে নানা ঘটনার ঘনঘটায় এগিয়ে যায় নাটকের কাহিনি। একসময় ঘর থেকে বের হন মাতব্বরের মেয়ে। সবার সামনে বলেন, বাবা জোর করে তাঁকে ওই রাতে ক্যাপ্টেনের হাতে তুলে দিয়েছিলেন। পরে সেই বীরাঙ্গনা আত্মাহুতি দেন। অবশ্য নিস্তার মেলেনি রাজাকার মাতব্বরের। নিজের পাইকের হাতেই নির্মমভাবে মারা পড়েন তিনি। এ সময় পাইক বলেন, ‘আপনার কোনো ইমান ছিল না।’ বলছিলাম বিনোদিনী নাট্যদলের প্রথম প্রযোজনাপায়ের আওয়াজ পাওয়া যায়-এর। ১ অক্টোবর সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিনোদিনী মঞ্চস্থ করে মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী কাব্যনাটকটি। এটি ছিল তাদের চতুর্থ প্রদর্শনী। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী।এ নাটক সম্পর্কে তিনি প্রথম আলোকে বলেন, ‘মঞ্চে মুক্তিযুদ্ধের নাটক নিয়ে আসাটা কঠিন কাজ। আর সেই কাজটিই করেছেন বিনোদিনী নাট্যদলের তরুণেরা। মুক্তিযুদ্ধের প্রতি অপরিসীম দরদ আছে বলেই তারা প্রচণ্ড পরিশ্রম করে নাটকটি মঞ্চে আনতে পেরেছে। দর্শক ভালোভাবেই নিয়েছে নাটকটি। তাই প্রতিটি প্রদর্শনীতে প্রচুর দর্শকসমাগম হচ্ছে।’নাটকে অভিনয় করেছেন সঞ্জীব বড়ুয়া, ইমতিয়াজ উদ্দিন, আলী আফসার, অমিতাভ সেন, সঞ্জিত কুমার নাথ, মানিসা অর্চি, কায়সার হামিদ, এহতেশামুল হক, তনুশ্রী চক্রবর্তী, রুবাবা ফেরদৌসী, শিউলি ইসলাম প্রমুখ। নাটক দেখে দর্শক ফাতেমা জিননুরাইন বলেন, ‘চট্টগ্রামের মঞ্চে ভালো নাটক হলেই ছুটে আসি। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের কথা ঢাকার বন্ধুদের মুখে অনেক শুনেছি। দেখে মনে হলো এত দিন একটি অসাধারণ নাটক মিস করেছি।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের নাটক যত বেশি মঞ্চে আসবে ততই আমাদের জন্য মঙ্গল।’পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের আলোক পরিকল্পনায় মোসলেহ উদ্দিন সিকদার, আবহ সংগীতে দীপংকর দে, সেট ডিজাইনে অসীম দাশ, পোশাক পরিকল্পনায় জিয়াউদ্দীন চৌধুরী এবং কোরিওগ্রাফিতে দেবাংশু হোড় মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। প্রযোজনা অধিকর্তা ছিলেন অনুপ মিত্র। উল্লেখ্য, পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি প্রথম মঞ্চে এনেছিল ঢাকার নাট্যদল থিয়েটার। ১৯৭৮ সাল থেকে ২০ বছরে প্রায় শতাধিক প্রদর্শনী করেছিল থিয়েটার।‘অন্তরঙ্গ রঙ্গমঞ্চে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানরাহগীর মাহমুদের লিমেরিকগ্রন্থ অন্তরঙ্গ রঙ্গমঞ্চের প্রকাশনা উৎসব গত ২৮ সেপ্টেম্বর নগরের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। তিনি বলেন, সমাজের বিভিন্ন অসংগতি, কুসংস্কার, মৌলবাদ, অবক্ষয়সহ বিভিন্ন বিষয়কে অনুষঙ্গ করে রাহগীর মাহমুদ যে অনিন্দ্য শব্দমালা তাঁর লিমেরিকগুচ্ছে গেঁথেছেন তা ছড়া-আন্দোলনকে বেগবান করবে। অধ্যক্ষ আকবর আহমদের সভাপতিত্বে সিরাজুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন কবি ফাউজুল কবির, বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ, হাফিজ রশিদ খান, ছড়াকার মুহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক কমরুদ্দিন আহমদ, শিল্পী কল্পতরু ভট্টাচার্য প্রমুখ। ডেইলি স্টার-দৃষ্টি বিজ্ঞান উৎসব ১৪ ও ১৫ অক্টোবরদৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ১৪ ও ১৫ অক্টোবর নগরের ইস্পাহানি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হবে ডেইলি স্টার-দৃষ্টি বিজ্ঞান উৎসব। এতে থাকবে বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শনী, বায়ো অলিম্পিয়াড, জেনেটিক ইঞ্জিনিয়রিং-বিষয়ক কর্মশালা, বিজ্ঞান বক্তৃতা, উইকি ছবি প্রতিযোগিতা, ডিজিটাল বাংলাদেশ মেলা। দুই দিনব্যাপী উৎসবে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। উৎসবে উপস্থিত থাকবেন হাসিনা খান, মুহম্মদ জাফর ইকবাল, মুহাম্মদ ইব্রাহিম, মুনির হাসানসহ খ্যাতনামা গবেষক ও বিজ্ঞানীরা। এ ছাড়াও উৎসবে পাটের জিন উন্মোচনকারী দল স্বপ্নযাত্রার সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। আগ্রহীদের ফোনে (০১৮১৮ ৭৭৩৩০৮, ০১৭১৯ ১৪২৯৫৩ ও ০১৭১৬ ৫৬৬৪২৫) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।