>কোনো দল গ্রাম থেকে হটিয়ে দিয়েছে পাখিশিকারিদের, আরেক দল নতুন প্রজন্মকে শোনাচ্ছে একাত্তরের ইতিহাস, বেঁচে যাওয়া খাবার দিয়ে অনেক শিশুর পুষ্টি জোগাচ্ছে কেউ কেউ, নগর পরিষ্কার রাখার দায়িত্ব নিয়েছেন প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীরা, আবার নিজেদের গরজে ছাদবাগান বানিয়ে দিচ্ছে অন্য একটি দল—তাঁরা সবাই তরুণপ্রাণ।
সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতার মতোই—এ বয়স তবু নতুন কিছু তো করে। স্বেচ্ছাশ্রমে সমাজের নানা কাজে এগিয়ে আসা পাঁচটি তরুণ-দলের কথা নিয়ে এবারের প্রচ্ছদ প্রতিবেদন।

চারকোনা একখণ্ড শোলা এই তরুণদের কাছে সাদা ক্যানভাস। সেখানেই রং-তুলির আঁচড়ে মূর্ত করে তোলেন কোনো একজন মুক্তিযোদ্ধার বীরত্বপূর্ণ ঘটনা। আর সে ঘটনা তাঁরা গল্পের ছলে খুদে শিক্ষার্থীদের শোনান। মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেওয়ার এমনই উদ্যোগে শামিল হয়েছেন একদল তরুণ। তাঁরা গল্পের ছলে শিশুদের সামনে সুপারহিরো হিসেবে হাজির করেন একেকজন মুক্তিযোদ্ধাকে। এই তরুণেরা ‘উইথ লিভিং লিজেন্ডস’ দলের সদস্য।
সংগঠনের সদস্য নাসরিন ইমা বলেন, ‘আমরা বাচ্চাদের বলি তোমরা সুপারহিরো হিসেবে জানো যে স্পাইডারম্যান বা সুপারম্যানকে, তারা কাল্পনিক। আমাদের দেশেই এমন সুপারহিরো রয়েছেন, যাঁরা সত্যিকারে মানুষ। এরপর আমরা কোনো একজন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা গল্পের আকারে তাদের শোনাই।’
২০১২ সাল থেকে সংগঠনটির সঙ্গে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থী নাসরিন ইমা। স্কুল কার্যক্রমে সক্রিয় এই কর্মী বললেন, ‘আমরা মূলত তিন দিনের কর্মশালার আয়োজন করে থাকি। প্রথম দিন কোনো একজন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা তুলে ধরতে শোলা দিয়ে যুদ্ধক্ষেত্রের মডেল তৈরি করা হয়। দ্বিতীয় দিন থাকে সেই গল্পের যোদ্ধাকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তৃতীয় দিন পুরস্কার বিতরণ এবং আমরা চেষ্টা করি সেই মুক্তিযোদ্ধাকে বাচ্চাদের সামনে হাজির করতে।’
শুরুটা যেভাবে
সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে। সেটা ২০০৬ সালের ঘটনা। তখন একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনা সবার বিবেককে নাড়া দিয়েছিল। এই তরুণেরা তাড়না অনুভব করেন মুক্তিযুদ্ধ নিয়ে কিছু করার। হাসান মুনাওয়ার বলেন, ‘আমরা তখন চিন্তা করলাম কাজটি শুরু করতে হবে স্কুলপর্যায়ে। এই ছোট শিশুদের মনে প্রোথিত করতে হবে মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস, গৌরবগাথা। কারণ এই শিশুরাই আগামীর বাংলাদেশ।’
রাজধানীর মোহাম্মদপুরের একটি বিদ্যালয়ে তাঁরা যে কার্যক্রম শুরু করেছিলেন, তা এখন এখন ছড়িয়ে গেছে প্রায় ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে। উইথ লিভিং লিজেন্ডসের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা ও প্রকাশনা ব্যবস্থাপক সত্যজিৎ রায় মজুমদার বলেন, ‘আমরা প্রথমে ইংরেজি মাধ্যম স্কুলে কার্যক্রম শুরু করেছিলাম। পরে অন্যান্য স্কুলেও এই কার্যক্রম পরিচালনা করি।’
মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ গল্প খুঁজে বের করতে কাজ করে সংগঠনটির একটি দল। তাঁরা বিভিন্ন বই, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কাছে যান এবং তাঁদের গল্প শোনেন। তারপর সেই বীরত্বগাথা ছোটদের উপযোগী করে উপস্থাপন করা হয়।
কথা হয় সংগঠনটির সদস্য ও রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী সানজিদা খানের সঙ্গে। সানজিদা বলেন, ‘এখানে কাজ করতে হলে নিজেকেও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হয়। তাই নিজে জানছি, সেটা আবার ছোটদের মধ্যেও ছড়িয়ে দিতে পারছি।’
সংগঠনটির সক্রিয় সদস্য এখন ১৪৭ জন। তাঁরা প্রতি মাসে ১০০ টাকা করে চাঁদা দিয়ে এই কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। তবে সংগঠনের বর্ষপূর্তি আয়োজনসহ বড় কোনো প্রকল্প আয়োজনে উপদেষ্টা ও নিকটাত্মীয়দের কাছ থেকে অনুদান নিয়ে থাকেন বলে জানালেন সংগঠনটির প্রতিষ্ঠাতা হাসান মুনাওয়ার।
আরও যত কাজ
উইথলিভিং লিজেন্ডসের সদস্যরা স্কুল কার্যক্রম ছাড়াও মুক্তিযুদ্ধের গল্প নিয়ে রচিত পথনাটকসহ আরও নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সত্যজিৎ রায় মজুমদার বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক যেকোনো ধরনের কাজের সঙ্গেই আমরা জড়িত হওয়ার চেষ্টা করি।’ তিনিই জানালেন, উইথ লিভিং লিজেন্ডস থেকে তাঁরা কয়েকজন মুক্তিযুদ্ধের বীরদের সহযোগিতা করেছেন। ধানমন্ডির একটি পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ডিজিটাল লাইব্রেরি তৈরি করে দিয়েছেন, প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের কমিক উপন্যাস। ১১ নম্বর সেক্টরের নানা ঘটনাসংবলিত শিশুতোষ ভিডিও গেম তৈরির কাজও করছে সংগঠনটি।

ছোটদের ৭১
সম্প্রতি সংগঠনটি ছোটদের একাত্তর (www.chotoder71.com) নামে একটি ওয়েব পোর্টালের কাজে হাত দিয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, গণহত্যা-গণসহিংসতা নিয়ে সুস্পষ্ট তথ্য-উপাত্ত এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস, দেশের জন্য আত্মত্যাগ ও অবদান, সেই সঙ্গে মুক্তিযুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের নানান তথ্যসম্ভার নিয়ে শিশুদের যুগোপযোগী করে তৈরি হচ্ছে এটি।