‘সীমান্ত উপজেলা টেকনাফের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মঈন উদ্দিন আহমেদের নামে নিলায় কলেজ প্রতিষ্ঠা করা হবে। এতে উখিয়া-টেকনাফের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবে।’ ১৮ ডিসেম্বর নিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক শোকসভা ও চেহলাম অনুষ্ঠানে মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে এমন ঘোষণা দেন তাঁর বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তাঁর এ ঘোষণাকে স্বাগত জানান স্থানীয় সাংসদ আবদুর রহমান ও উপস্থিত দর্শক। সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী ও শাহজাহান চৌধুরী বলেন, ‘এটি শিক্ষানুরাগী ও সমাজসেবক মঈন উদ্দিন আহমেদের স্মৃতিরক্ষা ও এলাকায় উচ্চশিক্ষা প্রসারের জন্য উপযুক্ত সিদ্ধান্ত।’ কক্সবাজার জেলার সাবেক এমএনএ নূর আহমেদের সভাপতিত্বে ও অধ্যাপক ফারুক আহমেদের সঞ্চালনে সভায় বক্তারা মরহুম মঈন উদ্দিন আহমেদের সমৃদ্ধ কর্ম ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন। তাঁরা বলেন, ‘তিনি আজীবন ন্যায়, অনাড়ম্বর ও ধার্মিক জীবনযাপন করেছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।’ এতে বক্তব্য দেন উখিয়া উপজেলার চেয়ারম্যান শাহ জালাল চৌধুরী, টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙালি, চিকিৎসক জালাল আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মমতাজ উদ্দিন কাদেরি, চেয়ারম্যান এইচ কে আনোয়ার, শিক্ষক আবদুস শুক্কুর, কালীপদ সেন প্রমুখ। বিজ্ঞপ্তি।