মুক্তিযুদ্ধের স্মৃতিময় স্থানের নতুন তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বধ্যভূমি, সম্মুখযুদ্ধ ও প্রশিক্ষণ শিবিরের প্রাথমিক তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। জেলা প্রশাসকের উৎসাহে বেসরকারি পর্যায়ে গঠিত চট্টগ্রাম বধ্যভূমি সংরক্ষণ কমিটির তত্ত্বাবধানে সম্প্রতি তৈরি হয়েছে এই তালিকা। প্রাথমিক তালিকা অনুযায়ী নগরসহ জেলায় বধ্যভূমির সংখ্যা ১১০টি। সম্মুখযুদ্ধের স্থান ১০৯টি। প্রশিক্ষণ শিবির ১৩টি। তবে তালিকা পর্যবেক্ষণ করে দেখা গেছে, সব জায়গার সঠিক তথ্য আসেনি। অনেক জায়গায় শহীদের তালিকা, কোনো কোনো বধ্যভূমির স্থান তালিকায় ওঠেনি। ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে করা এক তালিকায় চট্টগ্রামে বধ্যভূমির স্থান দেখানো হয় মাত্র ৩১টি। এর মধ্যে অনেক বধ্যভূমির ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে মন্তব্য করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এবারের তালিকাটি আরও সমৃদ্ধ। এটি আরও পর্যালোচনা করে জনমত যাচাই করা হবে। নতুন কোনো মতামত বা তথ্য পাওয়া গেলে তা অন্তর্ভুক্ত করে তালিকা চূড়ান্ত করা হবে। নতুন তালিকায় সবচেয়ে বেশি বধ্যভূমি চিহ্নিত হয়েছে আগ্রাবাদ সার্কেলে (ডবলমুরিং, বন্দর, পাহাড়তলি, হালিশহর ও পতেঙ্গা এলাকা) ৩০টি। দ্বিতীয় সদর সার্কেলে (কোতোয়ালি) রয়েছে ২১টি এবং তৃতীয় চান্দগাঁও সার্কেলে রয়েছে ১২টি বধ্যভূমি। এ ছাড়া, ফটিকছড়িতে ১০, আনোয়ারায় সাত, সাতকানিয়া ও মিরসরাইয়ে পাঁচটি করে, বোয়ালখালীতে চারটি, রাউজানে তিনটি, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, বাঁশখালী, সীতাকুণ্ডতে দুটি করে এবং পটিয়া, হাটহাজারী, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলিতে (খুলশি) একটি করে বধ্যভূমি চিহ্নিত করা হয়েছে। সম্মুখযুদ্ধের স্থানের মধ্যে রয়েছে আগ্রাবাদ সার্কেলে ৩০, সদর সার্কেলে ২৪, মিরসরাইয়ে ১৩, ফটিকছড়ি ও সীতাকুণ্ডে সাতটি করে, আনোয়ারা ও চান্দগাঁওয়ে ছয়টি করে, বোয়ালখালী ও পটিয়ায় পাঁচটি করে, চন্দনাইশে চারটি এবং সাতকানিয়া ও সীতাকুণ্ডে একটি করে। ১৩টি প্রশিক্ষণ শিবিরের মধ্যে সবচেয়ে বেশি সন্দ্বীপে সাতটি, পটিয়ায় চারটি এবং লোহাগাড়ায় দুটি শিবির চিহ্নিত করা হয়েছে। তালিকা অনুযায়ী, দীর্ঘস্থায়ী সম্মুখযুদ্ধ হয়েছে বোয়ালখালী থানার কালুরঘাট-কধুরখীল এলাকায়। ছাব্বিশে মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। এ ছাড়া ২৪ আগস্ট সকাল ১০টায় সারোয়াতলী, ২৭ আগস্ট রাত দুটায় পূর্ব গোমদণ্ডী, ২৭ সেপ্টেম্বর রাত দুটায় শাকপুরা ইউনিয়নের ঘোষখীলে এবং ৩১ অক্টোবর ভোরে কধুরখীলে নাপিতেরঘাটা এলাকায় বড় ধরনের সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি হুকুম দখল) মো. আনিছুর রহমান মিয়া বলেন, গত বছরের সেপ্টেম্বরের দিকে জেলা প্রশাসকের উদ্যোগে চট্টগ্রাম জেলার মুক্তিযুদ্ধের বধ্যভূমি, সম্মুখযুদ্ধ এবং প্রশিক্ষণ শিবির শনাক্ত করার লক্ষ্যে একটি কমিটি করে দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী সালেহ উদ্দিনকে আহ্বায়ক করে ১৪ সদস্যের কমিটিতে ছিলেন জাফর আলম (সচিব চা বোর্ড), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকের হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি হুকুম দখল) ছাড়াও আইনজীবী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী এবং ভূমি প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তালিকা তৈরিতে উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেছেন। মুক্তিযোদ্ধা সংসদের চিহ্নিত করে দেওয়া স্থান স্থানীয় ভূমি কার্যালয় থেকে পরিমাপ করে জায়গার দাগ খতিয়ান, মালিকানা এবং ভূমির প্রকৃতি উল্লেখ করে দেওয়া হয়েছে। আনিছুর রহমান বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। আরও মতামত নেওয়া হবে। এপ্রিলের প্রথম দিকে বৈঠক করে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।’জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০০৪ সালের ডিসেম্বরে বিএনপি সরকারের আমলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম জেলার বধ্যভূমির সংখ্যা, সেগুলো কী অবস্থায় আছে, সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা সম্ভব কি না—এসব তথ্য চেয়ে একটি তালিকা জেলা এরপর পৃষ্ঠা ২ কলামপ্রশাসনের কাছে চাওয়া হয়। এ সম্পর্কে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি তালিকা ২০০৫ সালের ১৬ এপ্রিল মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২০০৫ সালে সরকারিভাবে তৈরি তালিকায় বধ্যভূমির সংখ্যা ও স্থান দেখানো হয় ৩১টি। এর মধ্যে অনেক বধ্যভূমির ব্যাপারে নির্দিষ্ট বা বিস্তারিত কোনো তথ্য নেই বলে মন্তব্য করা হয়। তালিকায় পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, চন্দনাইশ, সাতকানিয়া, ডবলমুরিং ও চান্দগাঁওয়ে কোনো বধ্যভূমির উল্লেখ নেই।