মুক্তিযোদ্ধা-জনতার জয় হয়েছে

স্বাধীনতার পর থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধী ব্যক্তিদের বিচারের অপেক্ষায় ছিল শহীদ পরিবারসহ দেশের মুক্তিযোদ্ধা-জনতা। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা-জনতার জয় হয়েছে। জাতি কলঙ্কমুক্ত হয়েছে। প্রমাণিত হয়েছে, অপরাধী যে-ই হোক, বিচারের মুখোমুখি তাকে হতেই হবে।
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, বিচার প্রক্রিয়ার শুরুতে মানুষের প্রত্যাশা ছিল খুন, হত্যা ও ধর্ষণের মতো অপরাধের জন্য সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি হবে। কিন্তু কাদের মোল্লার অপরাধ প্রমাণিত হওয়ার পরও ট্রাইব্যুনালের রায়ে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হওয়ায় জনগণ হতাশ হয়েছিল।
এখন সর্বোচ্চ আদালতের রায়ে ফাঁসি নিশ্চিত হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে এবং বিভ্রান্তি দূর হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা এ সরকারের প্রধান অঙ্গীকার ছিল। কাদের মোল্লার রায় কার্যকরের মধ্য দিয়ে সরকার সে অঙ্গীকার রক্ষা করেছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।