মুক্তিযোদ্ধা মেঘনাদের সংসার চলে কাঠ কেটে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা মেঘনাদ দে। স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও সরকারিভাবে এখনো তালিকাভুক্ত হতে পারেননি। আক্ষেপ করে তিনি বলেন, ‘দেশের জন্য যুদ্ধ করেছি। সনদও আছে। কিন্তু আজও মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম নেই।’ বনের বাঁশ, গাছ কেটে কোনো রকমে সংসার চালান তিনি।
পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া গ্রামে খালের পাশে মাটির জরাজীর্ণ ঘরে বসবাস করেন মেঘনাদ। সম্প্রতি তাঁর বাড়িতে গেলে তিনি বলেন, স্ত্রীকে নিয়ে অভাবে দিন কাটছে তাঁর। পাঁচ সন্তানের মধ্যে তাঁর এক মেয়েকে সন্ত্রাসীরা দশ বছর আগে অপহরণের পর হত্যা করে। সেই শোক মাঝে মাঝেই জেগে ওঠে। হাহাকার করেন মেয়ের জন্য। বর্তমানে দুই ছেলে, দুই মেয়ের সবাই বিয়ে করে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। টিনের ছাউনি দেওয়া মাটির ঘরটিতে থাকেন ৭৫ বছর বয়সী মেঘনাদ ও তাঁর স্ত্রী গীতা রানি দাশ।
ঘরের আঙিনায় বসে মেঘনাদ বলেন, খালের ভাঙনে তাঁর বাড়ির একাংশ বিলীন হয়ে গেছে। এখন কোনো রকমে জরাজীর্ণ বাড়িটাতে বসবাস করছেন। ছেলেমেয়েরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। তাদের নিজেদেরই অনেক অভাব। তাই বৃদ্ধ বাবা-মাকে সাহায্য করতে পারেন না। আশপাশের পতিত জমি ও পাহাড়ের কাঠ কেটে ও বাঁশ সংগ্রহ করে মেঘনাদ বাজারে বিক্রি করেন। বিক্রির টাকা দিয়ে কোনো রকমে সংসার চলে তাঁর। মুক্তিযোদ্ধাদের তালিকায় তাঁর নাম ওঠেনি বলে সরকারি ভাতাও পান না। তালিকায় নাম ওঠাতে তিনি বহুবার ধরনা দিলেও কোনো কাজ হয়নি। জীবন বাজি রেখে যুদ্ধ করলেও এখন তাঁর কষ্ট দেখার কেউ নেই।
মুক্তিযুদ্ধের সময়কার কথা জনতে চাইলে তিনি বলেন, একাত্তরের সেই উত্তাল সময়ে হঠাৎ একদিন কয়েকজন মুক্তিযোদ্ধা তাঁর বাড়িতে আশ্রয় নেন। তাঁদের সঙ্গে তিনিও মুক্তিযুদ্ধে যোগ দিতে বাড়ি ছাড়েন। এরপর ভারতের ত্রিপুরা রাজ্যের দেমাগিরি ক্যাম্পে গ্রেনেড ও রাইফেল চালনার ওপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে সামশুল ইসলামের নেতৃত্বে যুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের সময় রাঙামাটিতে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্পসংলগ্ন একটি সেতু তাঁরা ধ্বংস করেন। মনে আছে আরও একটি অভিযানের কথা। সেই অভিযানে তিনি ভিখিরি সেজে পাকিস্তানি সৈন্যদের কাছে খাবার চেয়েছেন, এরপর গ্রেনেড ছুড়েছেন সেনা ক্যাম্পে। স্বাধীনতার তিন দিন পর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর পাঠানো সনদও পান তিনি। এ সনদ তাঁকে দেন থানা কমান্ডার আবু ছালে।
লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার বলেন, মেঘনাদ দে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠন করা হলে তাঁকে তালিকাভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেন, মেঘনাদসহ লোহাগাড়া উপজেলার ১৩জন মুক্তিযোদ্ধা এখনো সরকারের মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান পাননি। তাঁদের তালিকাভুক্ত করার জন্য ২০০৪ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।