মুক্তিযোদ্ধাদের নামে জমি দখল রাঙামাটিতে !
বাঘাইছড়ির খোদারমারা ও আমতলি মৌজায় মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির নামে জমি দখল করে নির্মিত সব স্থাপনা এক সপ্তাহের মধ্যে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়। জমি দখলকে ঘিরে স্থানীয় আদিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় এ নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এর আগে ১২ মার্চ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া ও মো. খয়বর রহমান সরেজমিনে তদন্তের সময় বসতিকারীরা নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে না পারা এবং জমি বন্দোবস্তি পাওয়ার কোনো বৈধ নথি দেখাতে ব্যর্থ হওয়ার পর স্থাপনা সরিয়ে নিতে ১৫ দিন সময় দিয়েছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিলুর রহমান জেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বসতিস্থাপনকারীদের উচ্ছেদ করতে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বসতিস্থাপনকারীদের পেছনে একটি প্রভাবশালীমহলের ইন্ধন রয়েছে বলে খবর পাওয়া গেছে। যেভাবে জমি দখল শুরু: স্থানীয় আদিবাসীরা অভিযোগ করেন, কয়েকমাস আগে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির পরিচিতিফলক (সাইনবোর্ড) লাগিয়ে একদল বাঙালি খেদারমারা ও আমতলি মৌজায় বসতি স্থাপন শুরু করেন। এসময় কয়েকজন আদিবাসী তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। বসতিস্থাপনকারীরা দাবি করেন, তাঁরা মুক্তিযোদ্ধা এবং ওই এলাকায় তিন হাজার ২০০ একর ভূমিতে বসতি স্থাপনের জন্য সরকারি অনুমোদন পেয়েছেন। এরপর শুরু হয় তাঁদের দখল সম্প্রসারণ। তাঁরা আদিবাসীদের লাগানো ধানের চারা ইচ্ছাকৃতভাবে নষ্ট করার জন্য জমিতে গবাদিপশু ছেড়ে দেন। আদিবাসীরা জমি বাঁচাতে গেলে বাধা দেওয়া হয়। বাঘাইহাট ও খাগড়াছড়ির সহিংস ঘটনার পর থেকে বসতিকারীরা প্রতি রাতে হইচই করে আদিবাসীদের আতঙ্কিত করার চেষ্টা করেন বলে আদিবাসীরা অভিযোগ করে।খেদারমারা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কুমার চাকমা জানান, বসতিস্থাপনকারীদের ভয়ে ওই এলাকার পাশাপাশি ছয়টি গ্রামের আদিবাসীরা আতঙ্কিত হয়ে পরিবারের নারী শিশু ও বৃদ্ধদের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। দক্ষিণ পাবলাখালী গ্রামের প্রধান (কার্বারি) ও খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্বপ্রিয় চাকমা জানান, দখলকারীরা সবাই লংগদু উপজেলা অথবা অন্য উপজেলা বা জেলার বাসিন্দা। ওই এলাকার রূপান্তু চাকমা (৩৫), অমর কান্তি চাকমা (৩৮) ও প্রীতিময় চাকমা (৪২) অভিযোগ করেন, তাঁদের পাহাড়ি ভূমি ইতিমধ্যে বেদখল করা হয়েছে। বাধা দিতে গেলে দখলকারীরা বিভিন্নভাবে হুমকি দেন। এমনকি তাঁরা (আদিবাসী) সেখানে থাকতে পারবেন না বলে জানিয়ে জমিগুলো বিক্রির পরামর্শ দেন। মুক্তিযোদ্ধার নাম ব্যবহার: মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সভাপতি বাচ্চু মিয়া দাবি করেন, বসতিস্থাপনকারীরা ভূমিহীন মুক্তিযোদ্ধা। তাঁরা ইতিমধ্যে তিন হাজার ২০০ একর সরকারি জমিতে পুনর্বাসনের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। তাঁদের এক হাজার ৬০০ সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ৩০০ পরিবার নিজেদের জায়গা দখলে নিয়ে বাড়ি করেছেন। মফিজুর রহমান তালুকদার নামের এক ব্যক্তি নিজেকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের মুক্তিযোদ্ধা কমান্ডার দাবি করে বলেন, পাবলাখালীর এসব জায়গা খালি পড়ে থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তাঁরা সেখানে মাছচাষ ও হাঁস-মুরগির খামার করতে চান। মফিজুর রহমান তালুকদার নিজেকে খাগড়াছড়ি সদরের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা গেজেটে তাঁর নম্বর ৪৪ বলে দাবি করেন। তবে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন জানান, মফিজুর রহমান তালুকদার কোনো মুক্তিযোদ্ধা নন। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের পার্বত্য চট্টগ্রাম বিভাগীয় কমান্ড বলতে কোনো কিছু নেই। বাঘাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আবদুল লতিফ বলেন, দখলকারীরা ভুয়া মুক্তিযোদ্ধা। তাঁর হিসাবে বাঘাইছড়ি উপজেলায় ২৪ জন এবং লংগদু উপজেলায় চারজন প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন। অথচ দখলকারীরা দাবি করছেন অনেক বেশি।বন্দোবস্তির আবেদন ও প্রশাসনের তদন্ত: বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি মুক্তিযোদ্ধা থানা কমান্ড ও মুক্তিযোদ্ধা ছায়া সরকারের প্যাডে এ বছরের ৫ জানুয়ারি ভূমিমন্ত্রী বরাবর তিন হাজার ২০০ একর ভূমি খাস করে বন্দোবস্তি পাওয়ার আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে ২৭ জানুয়ারি রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. মোতাহার হোসেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিলুর রহমানকে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির জমি বন্দোবস্তির আবেদনের ব্যাপারে প্রশ্ন করলে তিনি পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তি বন্ধ আছে উল্লেখ করে বলেন, ‘কেউ আবেদন করলে সেগুলো এমনি পড়ে থাকে।’ তাহলে তাঁরা কীভাবে জায়গা দখল করে নিচ্ছে প্রশ্ন করলে বলেন, সেটা সম্পূর্ণ বেআইনি। খাসজমি হলেও সেটা কেউ দখল করতে পারেন না। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, নানা ঝামেলায় তিনি এত দিন তদন্তে যেতে পারেননি। তবে গত শুক্রবার (১২ মার্চ) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তদন্তে গিয়ে দেখেছেন, ওই এলাকায় বসতিস্থাপনকারীরা বাড়ি তৈরি করেছেন দুই উপজেলার সীমানায়। তবে ওই সময় উপস্থিত অধিকাংশ লোকজনই বলেছেন, এলাকাটি বাঘাইছড়ি উপজেলার। লংগদু ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের কাছে যৌথ প্রতিবেদন দেবেন এবং বসতিস্থাপনকারীদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে তিনি জানান। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, ‘বসতিস্থাপনকারীদের পেছনে কারও না কারও ইন্ধন থাকতে পারে। সে কারণে সাবধানে তাঁদের সরিয়ে দিতে হবে।’