স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর রামগড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি স্মৃতিভাস্কর্য নির্মিত হতে যাচ্ছে। সম্প্রতি খাগড়াছড়ির রামগড় পর্যটন পার্কে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা এই ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় ভাস্কর মৃনাল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, রামগড় পৌর মেয়র কাজী শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।মুক্তিযুদ্ধের সময় ১ নম্বর সেক্টর হিসেবে ছিল রামগড়। বহু শরণার্থী রামগড় সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছেন। মুক্তিবাহিনীর অন্যতম ঘাঁটিও ছিল এলাকাটি। মুক্তিযুদ্ধের এই বীরত্বপূর্ণ অধ্যায় ধরে রাখতেই ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।রামগড়ের মুক্তিযোদ্ধা সমর চক্রবর্তী, মনসুর আহমেদ, মনিন্দ্র দেবনাথ ও প্রমোদ বিহারী নাথ জানান, ভারতের সীমান্ত কাছে হওয়ায় রামগড় মুক্তিবাহিনীর কাছে সুবিধাজনক স্থান ছিল।নাম না জানা অসংখ্য মুক্তিযোদ্ধা এখানে লড়াইয়ে অংশ নিয়ে শহীদ হয়েছেন। রামগড়ের মাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ ক্যাপ্টেন আবতাবুল কাদের। মহালছড়িতে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখসমরে তিনি শহীদ হন।মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরা, হাসেম আলী, কালাচাঁদ দেববর্মণ, সুনীল বিশ্বাস, সালেহ আহমেদ বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে যেসব সহযোদ্ধাকে আমরা হারিয়েছি, তাঁদের স্মরণে ভাস্কর্য নির্মিত হচ্ছে জেনে আমরা খুশি। এটি আমাদের অনেক দিনের দাবি।’