মুক্তিযোদ্ধার রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেখেছি যতনে: সেই রে​ডিও হাতে বাবা মুক্তিযোদ্ধা আবদুল ফারুকের সঙ্গে সংগ্রাহক মো. মোফাজ্জল হোসেন। ছবি: খালেদ সরকার
রেখেছি যতনে: সেই রে​ডিও হাতে বাবা মুক্তিযোদ্ধা আবদুল ফারুকের সঙ্গে সংগ্রাহক মো. মোফাজ্জল হোসেন। ছবি: খালেদ সরকার
মো. মোফাজ্জল হোসেনের রেডিওর সংগ্রহ তাক লাগিয়ে দেওয়ার মতো। তারও চেয়ে বড় কথা, এই রেডিও সংগ্রহের পেছনে লুকিয়ে আছে মুক্তিযোদ্ধা বাবা আর তাঁর কিশোর ছেলের ব্যতিক্রমী এক সংগ্রামের গল্প। সামাজিক ইতিহাসের গবেষক শামীম আমিনুর রহমান তাঁর লেখায় তুলে আনলেন সেসব রেডিওর গল্প

সবে স্বাধীন হওয়া দেশে সর্বত্র অনন্য উচ্ছ্বাস আর আনন্দ। সদ্য পেরিয়ে আসা মুক্তিযুদ্ধের স্বর্ণালি দিনগুলোর আলাপচারিতায় সবাই মুখর সময় কাটাচ্ছে।
এমনই একদিন ময়মনসিংহের মফস্বল শহরের ছোট একটি রেডিও মেরামতের দোকানের মুক্তিযোদ্ধা মালিক রেডিও মেরামতে ব্যস্ত। পাশে তাঁর কিশোর ছেলের কৌতূহলী দৃষ্টি মেরামতের কাজে নিবিষ্ট।
এমন সময় একজন পঙ্গু মুক্তিযোদ্ধা ক্রাচে ভর করে সেই মেরামতের ঘরখানিতে হাজির। তাঁর ভাঙা রেডিওটি সারানো দরকার। মুক্তিযুদ্ধের সাথি রেডিওটি এখনো তাঁর সব সময়ের সঙ্গী। রেডিও মেকানিক বললেন, এই ভাঙা রেডিওটির আয়ু তো প্রায় শেষ। আর কত ঠেলবেন। কিন্তু রেডিওর মালিক নাছোড়বান্দা। তাঁর রেডিওটির জীবন ফিরিয়ে আনতেই হবে। এই রেডিওটিই তাঁকে মুক্তিযুদ্ধে সর্বক্ষণ প্রেরণা জুগিয়েছে। যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়ে যখন পড়ে যান, তখনো তাঁর সাথি রেডিওটি হাত থেকে ছেড়ে দেননি। সহযোদ্ধারা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে যখন নিয়ে আসেন, তখনো তাঁর হাতে ধরা ছিল ওই রেডিওটি। এই রেডিওটি তিনি হারাতে চান না কিছুতেই। তাই রেডিওর প্রাণটি যে করেই হোক ফিরিয়ে আনতে হবে। রেডিওর সংবাদ আর সংগীত মূর্ছনায় তিনি হারিয়ে যাবেন যুদ্ধের সেই স্বর্ণালি দিনগুলোতে।

মুক্তিযোদ্ধা আবদুল ফারুকের কাছে তাঁর সেই রেডিওটি দেশের জন্য তীব্র আবেগ আর ভালোবাসার প্রতীক
মুক্তিযোদ্ধা আবদুল ফারুকের কাছে তাঁর সেই রেডিওটি দেশের জন্য তীব্র আবেগ আর ভালোবাসার প্রতীক

বাবা ও ছেলের প্রচেষ্টা
এমন একটি ঘটনা পাশে দাঁড়িয়ে থাকা কিশোর মোফাজ্জলকে নাড়া দেয়। মোফাজ্জল ভাবেন, এই মুক্তিযোদ্ধারা একদিন আর থাকবেন না। কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে থাকা সাক্ষী এই রেডিওগুলো সংগৃহীত হলে ভবিষ্যতে তা হারিয়ে যাওয়া থেকে বেঁচে যেত। একদিন মোফাজ্জল তাঁর বাবাকে বলেন, মুক্তিযুদ্ধে ব্যবহৃত রেডিওগুলো তিনি সংগ্রহ করতে চান। মুক্তিযোদ্ধা বাবা আবদুল ফারুক অবাক হলেন ছেলের ইচ্ছা শুনে। বললেন, ‘এটা তো অনেক টাকার ব্যাপার।’
কিন্তু ছেলে দৃঢ়প্রতিজ্ঞ। বাবা তাঁকে উত্সাহ দিলেন। শুরু হলো মোফাজ্জল হোসেনের রেডিও সংগ্রহের পালা। সেদিন সেই কিশোর যে প্রচেষ্টা শুরু করেছিলেন, বড় হওয়া মোফাজ্জল সেটা আজও এগিয়ে নিয়ে যাচ্ছেন। মো. মোফাজ্জল হোসেনের সংগ্রহে রয়েছে প্রায় পাঁচ শর বেশি রেডিও। সংগত কারণেই তাঁর রেডিওর সংগ্রহ পরিচিতি পেয়েছে। তাঁকে নিয়ে প্রকাশিত হয়েছে প্রতিবেদনও। কিন্তু বলতে গেলে অজানা থেকে গেছে, মুক্তিযোদ্ধা বাবা ও ছেলের অসাধারণ এক প্রচেষ্টার কথা। মোফাজ্জল হোসেনের রেডিওর সংগ্রহ নতুন এক আবেদন নিয়ে আমাদের কাছে এসে দাঁড়ায় যখন আমরা জানতে পারি তাঁর সংগ্রহের রেডিওর একটি বড় অংশই একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত। মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময় ব্যবহার করেছিলেন এসব রেডিও। আলাপচারিতায় মোফাজ্জল তাঁর সংগ্রহে ’৭১-এর রেডিওর কয়েকটি গল্প বলেছিলেন।

কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন যুদ্ধ চলাকালে ব্যবহার করতেন এই রেডিও
কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন যুদ্ধ চলাকালে ব্যবহার করতেন এই রেডিও

সেসব রেডিও
যে পঙ্গু মুক্তিযোদ্ধার ঘটনাটি তাঁকে ’৭১-এর রেডিও সংগ্রহে উত্সাহ জুগিয়েছিল, সেটি আজও তাঁর সংগ্রহে আছে। ৮ থেকে ১০ বছর আগে প্রয়াত এই মুক্তিযোদ্ধার নাম মতি সরকার। মুক্তিযোদ্ধা মতি সরকার ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ছিলেন। মৃত্যুর আগে তাঁর ফিলিপস রেডিওটি মোফাজ্জলকে দিয়ে গিয়েছিলেন। মোফাজ্জল ময়মনসিংহের আর এক শহীদ কিশোর মুক্তিযোদ্ধা আবুচাঁনের রেডিও সংগ্রহ করেছেন। আবুচাঁন রেডিওটি ব্যবহার করতেন। সেই রেডিওতে আবুচাঁন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনেছিলেন। যুদ্ধের যাওয়ার সময় আবু তাঁর প্রিয় রেডিওটি তাঁর মাকে দিয়েছিলেন। বলেছিলেন, সেই রেডিওতে তাঁর মা যুদ্ধের খবর শুনতে পারবেন। যুদ্ধ থেকে আবুচাঁন তাঁর মায়ের কাছে ফিরে আসেননি। দেশ স্বাধীন হওয়ার মাত্র এক সপ্তাহ আগে আবুচাঁন পায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আবুচাঁনের মা ছেলের রেডিও বুকে জড়িয়ে ধরে কাঁদতেন। শহীদ মুক্তিযোদ্ধা আবুচাঁন তাঁর সহযোদ্ধা মোয়াজ্জেম মোড়ল, আবদুল ফারুকদের নিয়ে ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। ময়মনসিংহের আকুয়া ভোটগর এলাকায় তাঁর কবরটি এখনো টিকে আছে। আবুচাঁনের মা আবুর রেডিওটি মোফাজ্জলের কাছে রেখে যান। আবুচাঁনের রেডিওর সাক্ষী তাঁর মা বিগত হয়েছেন বেশ কিছুদিন হলো।
কুমিল্লার মুক্তিযোদ্ধা শিক্ষক গিয়াসউদ্দিন তাঁর ন্যাশনাল প্যানাসনিক রেডিওটি মোফাজ্জলের কাছে রেখে যান। দুই-তিন মাস আগে প্রয়াত গিয়াসউদ্দিন ’৭১-এ গাগুটিয়া রণাঙ্গনে কমান্ডার আব্বাস উদ্দিনের অধীনে যুদ্ধ করেছিলেন। মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন স্বাধীনতাযুদ্ধে তাঁর রেডিওতে সহযোদ্ধাদের সঙ্গে ক্যাম্পে বসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও খবর শুনতেন।

আবদুল ফারুক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলেন এই রেডিওতে। সঙ্গে ছিলেন আবদুল জলিল, আমান উল্লা মণ্ডল, সুতি মিয়া, জৈন উদ্দিনসহ আরও অনেকে। ছবি: খালেদ সরকার
আবদুল ফারুক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলেন এই রেডিওতে। সঙ্গে ছিলেন আবদুল জলিল, আমান উল্লা মণ্ডল, সুতি মিয়া, জৈন উদ্দিনসহ আরও অনেকে। ছবি: খালেদ সরকার

মোফাজ্জলের বাবাও ছিলেন মুক্তিযোদ্ধা। তাঁর ছিল দুটি রেডিও, যা যুদ্ধের সময় ব্যবহার করেছিলেন। মোফাজ্জলের বাবা মুক্তিযোদ্ধা আবদুল ফারুক যুদ্ধের সময় তাঁর সন্তানসম্ভাবা স্ত্রীকে গোপনে দেখতে এসেছিলেন। সঙ্গে ছিল একটি গ্রেনেড ও তাঁর রেডিও। রেডিওটি বাড়িতে ঢোকার আগে একটি ধানের গোলায় লুকিয়ে রেখেছিলেন। কিন্তু তাঁর বাড়িতে আসার খবর আগেই শত্রুরা জেনে ফেলে। ধরা পড়ে যান, তাঁকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যায়।মোফাজ্জলের এক আত্মীয় ছিলেন ময়মনসিংহ শহরের পিস কমিটির সদস্য। মোফাজ্জলের পরিবার তাঁর সহায়তায় বাবা মুক্তিযোদ্ধা আবদুল ফারুককে ছাড়িয়ে আনার চেষ্টা করে। তিন সারিতে অপেক্ষমাণ মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের গুলি করে হত্যা করা হচ্ছিল। ১ ও ২ নম্বর সারির মানুষদের হত্যা করার পর ৩ নম্বর সারির পালা এল। ৩ নম্বর সারিতে মৃত্যুর জন্য অপেক্ষমাণ বীর মুক্তিযোদ্ধার সময় আসার খানিক আগে তাঁকে ছাড়িয়ে আনা হয়। বেঁচে যাওয়া আবদুল ফারুক পরে গোপনে তাঁর লুকিয়ে রাখা গ্রেনেড ও রেডিওটি নিয়ে আবার রণাঙ্গনে ফিরে গিয়েছিলেন। বাবা আবদুল ফারুকের ফিলিপস ও ন্যাশনাল প্যানাসনিক কোম্পানির দুটি রেডিও মোফাজ্জলের সংগ্রহে রয়েছে।
স্বপ্নের জাদুঘর
ঢাকার মিরপুরে তাঁর সংগ্রহশালায় মোফাজ্জল বলছিলেন, ‘রেডিওগুলো ঠিকমতো দেখানোর ব্যবস্থা করতে পারি না। জায়গার অভাবে বাক্সবন্দী করে তুলে রাখতে হয়। রেডিওর সংগ্রহ নিয়ে একটি জাদুঘর করার ইচ্ছা বহুদিনের। কিন্তু এর জন্য পর্যাপ্ত জায়গা দরকার।’
রেডিওর একটা জাদুঘর হবে। গোটা দেশের মানুষ রেডিও জাদুঘরে দেখবে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সেসব রেডিওর সমাহার। প্রতিটি রেডিও বলবে ’৭১-এর স্বর্ণালি দিনের অনেক মুক্তিযোদ্ধার অজানা কাহিনি। সেই কাহিনি দর্শকদের মুক্তিযুদ্ধের অগণিত বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আচ্ছন্ন করবে, এই আশা মোফাজ্জলের।

.
.