দেয়ালে দেয়ালে 'মুক্তির রং'

‘স্যার, বাসায় আছেন? জরুরি দরকার ছিল’—বিশাল দেয়ালের এক পাশে এই কথা লেখা। মাঝে দরজা, পাশে একটা ভাঙা চশমা। সঙ্গে লাল রক্তের ছোপ। বুঝতে অসুবিধা হলো না, ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যার চিত্র ফুটে উঠেছে এই ছবিতে। দেয়াল হয়ে গেছে শিল্পীর ক্যানভাস। পথচারীই এখানে দর্শনার্থী।
বিজয় দিবসের এক দিন পর যাচ্ছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসের দিকে। ঠিক পলাশীর মোড় পার হতেই চোখ আটকে গেল দুই পাশের পাঁচিলের দেয়ালগুলোতে। বুয়েটের হল আর মূল ক্যাম্পাসের সঙ্গে লাগোয়া দেয়ালগুলো সেজেছে এমনই দারুণ সব চিত্রকর্মে। ছবিগুলো দেখে সহজেই বোঝা যায়, বিজয়ের মাস মাথায় রেখেই এগুলো আঁকা। সাত বীরশ্রেষ্ঠ, চার নেতা থেকে শুরু করে ফসলের বদলে অস্ত্র কাঁধে তুলে নেওয়া কৃষকের ছবিও আছে। আছে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা কিংবা পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীনের কথা। পলাশীর বাজারের ঠিক পর থেকে শুরু করে বুয়েটের মূল ফটক পর্যন্ত পুরো রাস্তাটার দুই পাশেই ৭৮টা দেয়ালজুড়ে ফুটে উঠেছে বাংলাদেশের ইতিহাস, গর্ব ও ঐতিহ্যের চিত্র।

খোঁজ নিয়ে জানলাম, ছবিগুলো আঁকা হয়েছে বিজয় দিবসের আগের রাতে। তীব্র শীতকে উপেক্ষা করে ১৫ ডিসেম্বর সারা রাত ধরে এগুলো এঁকেছেন বুয়েটের শিক্ষার্থীরা। কোনো নির্দিষ্ট ব্যাচ, বিভাগ বা ক্লাব নয়, দেয়াল রাঙানোর এই মহাযজ্ঞে যোগ দিয়েছিলেন সব বিভাগ ও সব ব্যাচের ছাত্রছাত্রী।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, ‘বিজয়ের মুগ্ধতা: সতেরো হাজার দিন’ শীর্ষক অনুষ্ঠানের অংশ ছিল এই দেয়ালচিত্র। আয়োজক ব্যাচের পক্ষ থেকে কথা হলো বুয়েটের পুরকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র সাফির আব্দুল্লাহর সঙ্গে। তিনি বলেন, এবারই প্রথম নয়। তিন বছর ধরেই বুয়েটের শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের আগের রাতে পলাশী থেকে বুয়েট ক্যাম্পাস পর্যন্ত দেয়ালগুলো রাঙিয়ে তোলেন মুক্তিযুদ্ধের আলোকে।

আয়োজকদের মধ্যে স্থাপত্য বিভাগের নাজমুস শাকের ও ফাহমী খাইরুন বলেন, ‘আমরা নির্দিষ্টভাবে কোনো বিষয় ঠিক করে দিইনি। সবাইকে বিভিন্ন দলে ভাগ করে, একেক দলকে একেকটি দেয়ালের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের ১৩ ব্যাচের স্থাপত্যের শিক্ষার্থীরা।’ প্রায় চার শ শিক্ষার্থী রাত জেগে ছবি এঁকেছেন। এক দেয়াল থেকে আরেক দেয়াল ঘুরে রং করা, পরামর্শ দেওয়া, গল্প, আড্ডা চলেছে ভোরের আলো ফোটা পর্যন্ত। সকালে শিক্ষার্থী ও পথচারীরা অবাক হয়ে দেখেছেন, দেয়ালজুড়ে মুক্তির রং!