মুক্তির সারথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের কাছে শোনা যুদ্ধদিনের গল্প সাদাকালো বিটিভির সময়ে বর্ণহীন হয়েই ধরা দিত। এই যুদ্ধ ও বীভৎসতার ইতিহাস এই প্রজন্মের কাছে প্রথম রঙিন ও জীবন্ত হয়ে ধরা দেয় যাঁর কল্যাণে, তিনি লিয়ার লেভিন। তাঁর ধারণকৃত ফুটেজ থেকে নির্মাণ করা প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান-এর নির্মাতা তারেক মাসুদ একটি লেখায় তাঁকে সম্মাননা জানিয়েছিলেন—‘আমাদের মুক্তির সারথি’ বলে। এবার বাংলাদেশ সরকার আমাদের যুদ্ধদিনে পাশে থাকা বিদেশি বন্ধুদের আনুষ্ঠানিক সম্মান জানালেন মুক্তিযুদ্ধের মৈত্রী সম্মাননার আয়োজনে। সংগত কারণেই লিয়ার লেভিন তাঁদের অন্যতম একজন। এর আগে আরও দুবার এসেছিলেন তিনি বাংলাদেশ ভ্রমণে, যে দেশটার জন্য তিনি ’৭১-এ হাতের মুঠোয় প্রাণ নিয়েছিলেন। এখনো সেসব কথা বলতে গেলে চোখ ভিজে আসে তাঁর। কষ্টের অভিজ্ঞতা নিয়ে ফিরে গেছেন সে জন্য নয়, বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করতে পারেননি এমনটা ভেবে। প্রথমবার এসেছিলেন ১৯৯৬ সালে, মুক্তির গান চলচ্চিত্রের জয়যাত্রার সময়। দ্বিতীয়বার এসেছিলেন ২০০৯-এ। সে অনুযায়ী এটি তাঁর তৃতীয় ভ্রমণ। লুই আই কানের স্থাপত্য নকশায় নির্মিত আমাদের সংসদ ভবনটা দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন ক্যাথরিন মাসুদের কাছে। জানালেন, লুই আই কান ছিলেন তাঁর বাবার বন্ধু। ছেলেবেলায় তাঁদের দুজনের স্বপ্ন দুই রকম থাকলেও শেষাবধি আবার দেখা হয়েছিল পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। ছেলেবেলায় বাবার মুখে লুই আই কানের গল্প শুনেছেন অনেক। কিন্তু পরিণত বয়সে বাংলাদেশ নামের ছোট্ট একটি দেশের সঙ্গে এমন আন্তরিক যোগসূত্র খুঁজে পাবেন, এমনটা কখনো ভাবেননি। তাই এবার সফরের অবসরে সেখানে নিয়ে যাওয়া। বাংলাদেশ সফর নিয়ে কথা বলার সময় এবার প্রথমেই কণ্ঠরুদ্ধ হয়ে আসছিল ‘তারেক মাসুদ’ নামটা উচ্চারণ করতে গিয়ে। জলভরা চোখেই স্মরণ করছিলেন যুদ্ধের ২০ বছর পর নিউইয়র্ক শহরে তারেক নামের এক তরুণের তাঁকে খুঁজে বের করার গল্প, ’৭১-এ মুক্তিসংগ্রামী শিল্পীদের সঙ্গে জড়িয়ে যাওয়ার গল্প। বাংলাদেশ নামের এক সবুজ শ্যামল রাষ্ট্রের সৃষ্টিযন্ত্রণা প্রত্যক্ষ করার গল্প। সরাসরি যুদ্ধের দৃশ্য ধারণ করতে না চেয়ে কেন একটি গানের দলকে অনুসরণ করতে চাইলেন, তার উত্তরে বলছিলেন, ‘আমি ছিলাম স্বাধীন, ছিল বুক ভরা স্বপ্ন আর সাহস! তখন বিভিন্ন টিভি চ্যানেলের জন্য কাজ করতাম, বিজ্ঞাপণ তৈরি করতাম। যুদ্ধের দৃশ্য ধারণ করে টিভি চ্যানেলের কাছে বিক্রি করব, অর্থ উপার্জন করব—এমন কোনো ভাবনা আমার মধ্যে ছিল না। মানবতার বিপর্যয় আমাকে তাড়িত করেছিল, তাই এখানে এসেছিলাম। ভেবেছিলাম অন্যভাবে যদি বিশ্ববিবেককে জাগানো যায়। একজন নৃতাত্ত্বিকের চোখে সবকিছু দেখলেও বুকের ভেতরে বোধহয় একজন দার্শনিক বাস করত। কিন্তু শেষ পর্যন্ত আবিষ্কার করলাম, আমি একজন চিত্রগ্রাহক মাত্র। বুকের ভেতর সব সময় অনুভব করি, এ দেশটা যেন আমারও।’ বলছিলেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের তাঁকে খুঁজে পাওয়ার আগের অনুভূতির কথা। বলছিলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম এ রকম একটি ফোনকলের জন্য। তারেককে জানিয়েছিলাম সে কথা।’ ভেবেছিলেন, এই ফুটেজ হয়তো আর কখনোই কোনো কাজে আসবে না। কিন্তু যুদ্ধের ২০ বছর পর তাঁর তোলা সেই ফুটেজ একটা জাতির জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা কখনো ভাবেননি। আজ আমরা যেমন তাঁর কাছে কৃতজ্ঞ, তেমনি তিনিও বাংলাদেশের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মান পেয়ে কৃতজ্ঞতার কথা জানালেন। বললেন, ‘এ অনুভূতির ভাষা হয় না। জীবনের এ পর্যায়ে এসে এমন একটি প্রাপ্তি পেছনের সব প্রাপ্তিকে অনায়াসে ছাড়িয়ে যায়।’