মুক্তির স্বাদ
হাতে জলজ্যান্ত অতিথি পাখি। উল্টো করে পাখিগুলোকে ঝুলিয়ে রাস্তাঘাটে ঘুরছেন বিক্রেতা। আশপাশের কারও সেদিক ভ্রুক্ষেপ নেই। এমন ছবি আমরা প্রায়ই ছাপা হতে দেখি পত্রিকায়। সেই হিসেবে ‘আপন ঠিকানায় হাজার টিয়া’ শীর্ষক খবরটা নাড়া দেবে, সেই তো স্বাভাবিক। ঘটনাটা ফেনীর পরশুরাম উপজেলার। সেখানকার মির্জানগর গ্রামের সাত-আটজন পাখিশিকারি জালের ফাঁদ পেতে আটক করেছিল পাখিগুলো। তারপর বিশেষ ধরনের ৫০০টি ব্যাগে ভরে রাখা হয় তাদের। কিন্তু এর মধ্যে পাখির কিচিরমিচির শুনে টের পেয়ে যান প্রতিবেশী কয়েকজন যুবক। তাঁদেরই সহায়তায় বন্দী পাখিগুলোকে উদ্ধার করে আনা হয় উপজেলা সদরে। বিপদ বুঝে চম্পট দেয় পাখিশিকারিরা। (সূত্র: প্রথম আলো: ২৩ নভেম্বর, ২০১০)প্রতিবছর শীত মানেই যেন পাখিশিকারিদের অতিথি বা পরিযায়ী পাখি শিকারের মহা সুযোগ। আর খাঁচায় ভরে পাখি বিক্রি আর যখন-তখন বিচিত্র ফাঁদ পেতে পাখি ধরা, সে তো মামুলি ঘটনা। সেসব ছবি সংবাদপত্রে উঠে এলেও প্রশাসন কিংবা পাখিশিকারিদের খুব বেশি টনক নড়ে বলে মনে হয় না। মির্জানগর গ্রামের সেই সব তরুণকে অভিনন্দন। তাঁরা পাখিদের প্রতি এই অন্যায় দেখে বাকিদের মতো চোখ-কান বুজে থাকেননি। তাঁদেরই উদ্যোগে পাখিগুলো ফিরে পেয়েছে তাদের ওড়ার আকাশ। এমন খবর পড়তে কার না ভালো লাগে।—ইকবাল হোসাইন চৌধুরী