মুখ খুলতেও ভয় চাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘেরগুলোতে গত এক মাসে অন্তত ৩০-৪০টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে চিংড়িচাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দুর্গম এলাকা হওয়ায় আক্রান্ত চাষিরা পুলিশের কাছে অভিযোগ করতেও ভয় পাচ্ছেন।
উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর, খুটাখালী ইউনিয়নের বহলতলী, চিলখালী, চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা চিংড়িজোন এলাকা নামে পরিচিত। এর মধ্যে বহলতলী ও চিলখালী এলাকায় সবচেয়ে বেশি হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এসব এলাকা থেকে থানার গড় দূরত্ব ১৫ থেকে ২০ কিলোমিটার।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণা হলে সহিংস পরিস্থিতি সামাল দিতে চিংড়িঘের এলাকা রামপুর থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়া হয়। এর পর থেকেই ডাকাতেরা বেপরোয়া হয়ে উঠেছে বলে চাষিরা দাবি করেন।
চিলখালীর চিংড়িজোনের ছড়াঘোনা এলাকার চিংড়িচাষি সেলিম উল্লাহ ১০ একর জায়গায় ঘের তৈরি করেছেন। প্রথম আলোকে তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর রাতে তাঁর ঘেরসহ আরও পাঁচটি চিংড়িঘেরে ডাকাত হানা দেয়। এ সময় তারা চিংড়ি ও ঘেরের সরঞ্জামসহ আট লাখ টাকার মালামাল লুট করে।
নাম প্রকাশে অনিচ্ছুক চিলখালীর একজন চিংড়িচাষি অভিযোগ করেন, পুলিশকে জানালে ডাকাতদের অত্যাচার আরও বেড়ে যায়। এ কারণে ভয়ে কেউ মুখ খুলতে চায় না। সম্প্রতি রামপুরের চিংড়ি প্রকেল্পর মালিক সমবায় সমিতির এক সভায়ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়েছে। মালিক সমিতির সদস্যরা ডাকাতদের তাণ্ডব রুখতে সরকারের কাছে আহ্বান জানান।
এদিকে ১২ অক্টোবর কক্সবাজার জেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ মো. ইলিয়াসও এ ব্যাপারে উদ্বোগ প্রকাশ করেছেন। তিনি বলেন, চিংড়ি রপ্তানি করে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করছে সরকার। কিন্তু যেসব চাষি মাছ উৎপাদনে জড়িত তাঁরা প্রতিনিয়ত ডাকাত-সন্ত্রাসীদের হাতে খুনসহ নির্যাতনের শিকার হচ্ছেন। চিংড়ি জোন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর এ বিষয়ে বলেন, যখনই চিংড়িঘেরে হামলা-লুটপাটের খবর পাওয়া গেছে, তখনই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে চিংড়ি জোন এলাকা থানা থেকে অনেক দূরে। সেখানে গাড়ি নিয়ে যাওয়াও দুষ্কর। তার পরও পুলিশ চিংড়ি জোনে নিরাপত্তাব্যবস্থা সচল রাখতে কাজ করছে।