
হাজারো মানুষের ভিড়ে সব সময় মুখর থাকে নগরের জিইসি মোড়। এখানে তারুণ্যের মেলা বসে প্রতিদিন সন্ধ্যায়। বছর খানেক আগেও তাঁদের আড্ডায় রং ছড়িয়েছিল সড়কদ্বীপের ফোয়ারাটি। আলোকচ্ছটায় বর্ণিল হয়ে উঠেছিল আশপাশের পরিবেশ। সে রূপ এখন আর নেই। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিষ্প্রাণ হয়ে পড়েছে ঝলমলে সে ফোয়ারা। থেমে গেছে ঝরনাধারা।
২০১১ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধন কর্মসূচির আওতায় জিইসি মোড়সহ একাধিক স্থানে ফোয়ারা, স্থাপনাশিল্প ও ভাস্কর্য স্থাপন করে চট্টগ্রাম সিটি করপোরেশন। যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনা জৌলুশহীন হয়ে পড়েছে। আগামী ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরকে আবারও নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে করপোরেশন।
অনুসন্ধানে জানা যায়, ২০১১ সালে স্থাপন করা ওয়াসা মোড়ের ফোয়ারার ধারা থেমে গেছে অনেক আগে। এখানকার দৃষ্টিনন্দন স্থাপনাশিল্পটি (ইন্সটলেশন) ঢেকে গেছে পোস্টার-ফেস্টুনে। ফলে হারিয়ে গেছে এর মূল সৌন্দর্যও।
একইভাবে বিমানবন্দর সড়ক, বন্দর ভবন ও টাইগারপাসের সামনে স্থাপন করা ফোয়ারাগুলোও বছরের বেশির ভাগ সময় নিষ্প্রাণ থাকে।
বিবর্ণ হয়ে পড়েছে বিভিন্ন মোড়ে স্থাপিত স্থাপনাশিল্প ও ক্রিকেটারদের ভাস্কর্য। দুর্বৃত্তদের হামলায় ক্ষত-বিক্ষত হয়েছে রয়েল বেঙ্গল টাইগার।
প্রবর্তক ও কাজীর দেউড়ি মোড় এলাকায়ও স্থাপনাশিল্প বসানো হয়েছিল। কাজীর দেউড়ি মোড়ের স্থাপনাশিল্পটি পোস্টার-ব্যানারের জঞ্জালের ভেতর কোনোভাবে টিকে থাকলেও প্রবর্তক মোড়ের শিল্পটির অস্তিত্ব নেই। প্রয়োজনীয় তদারক, যত্ন ও সংস্কারের অভাবে হারিয়ে গেছে সব সৌন্দর্য। মাঝখানে অপচয় হয়েছে বিপুল অর্থের।
এমন অবস্থায় সিটি করপোরেশন আবারও নগরের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে। এবার নগরে দুটি ফোয়ারা, বিভিন্ন মোড়ে ছয়টি ভাস্কর্য স্থাপন এবং গুরুত্বপূর্ণ এলাকার সৌন্দর্যবর্ধন করা হবে। গত ২৩ নভেম্বর করপোরেশনের সাধারণ সভায় এ সংক্রান্ত পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, নিমতলা মোড়ে ওয়াটার বডি ও ঝরনার উন্নয়ন, চট্টগ্রাম বন্দরের সীমানাপ্রাচীরে ম্যুরাল স্থাপন ও সৌন্দর্যবর্ধন, সাগরিকা সড়কে আলোকসজ্জা ও ক্রিকেটসংক্রান্ত ভাস্কর্য স্থাপন করা হবে। এ ছাড়া, ভাস্কর্য ও ফোয়ারা স্থাপন করা হবেবিমানবন্দরের প্রবেশমুখ ও সিমেন্ট ক্রসিং মোড়ে।
ভাস্কর্য বসানো হবে টাইগারপাস মোড় এলাকা, এম এম আলী সড়কের সড়কদ্বীপ ও প্রবর্তক মোড়ে। এ ছাড়া আগ্রাবাদ, ওয়াসা মোড়, ইস্পাহানি মোড়, জাকির হোসেন সড়ক ও বিমানবন্দর সড়ক এলাকারও সৌন্দর্য বাড়ানো হবে।
জানতে চাইলে সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আসলে সৌন্দর্যবর্ধনের প্রকল্পগুলো নিয়মিত তদারক ও সংস্কারের জন্য বিশেষ কোনো তহবিল নেই। নেই জনবলও। ফলে এগুলোর দেখভাল করা হয়ে ওঠে না।
তিনি বলেন, নতুন করে সৌন্দর্য বাড়ানোর জন্য এখনো নির্দিষ্ট কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। মোট বাজেট সম্পর্কে বলাও কঠিন। কারণ এই কার্যক্রমের সঙ্গে করপোরেশনের একাধিক বিভাগ যুক্ত।
নতুন প্রকল্পগুলো তদারকের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে এ কে এম রেজাউল করিম বলেন, মূলত বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব উপলক্ষে নগরকে সাজানো হয়। এই সৌন্দর্য ধরে রাখতে হলে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
এ বিষয়ে সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরের সৌন্দর্য নতুনভাবে বাড়ানো হবে। চলতি মাসের শেষের দিকে এ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে আগে স্থাপন করা বাঘ, ভাস্কর্য ও ফোয়ারাগুলো সংস্কার করা হবে বলে তিনি জানান।
নগরের সৌন্দর্য বাড়ানোর জন্য সিটি করপোরেশনের উদ্যোগ প্রসঙ্গে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, উপলক্ষ ধরে ধরে সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে না। সৌন্দর্য ধরে রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়ে যথাযথ তদারক করা হলে অর্থের যথার্থ ব্যবহার হবে। না হলে মূল্যবান অর্থের অপচয় হবে।
এ ক্ষেত্রে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন রাশিদুল হাসান। তিনি বলেন, পরিকল্পিত উপায়ে চিন্তা-ভাবনা করে নগরের বিভিন্ন মোড় ও সড়কগুলো সৌন্দর্য বর্ধনের আওতায় আনা প্রয়োজন। এ ক্ষেত্রে তদারকির দায়িত্ব দুই সংস্থার নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের দিতে হবে।