মুখরিত কক্সবাজার কুটিরশিল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমে উঠেছে কক্সবাজার বস্ত্র, হস্ত ও কুটিরশিল্প মেলা। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পণ্য বেচাকেনাও হচ্ছে প্রচুর।মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ড প্রথমবারের মতো ৪৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। ১ জানুয়ারি কক্সবাজার পর্যটন গলফ মাঠে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার। উদ্বোধনের পর সপ্তাহ খানেক মেলা অনেকটা নিষ্প্রাণ ছিল। খোঁজ নিয়ে জানা যায়, মেলায় বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে ছোটবড় ২৫০টি স্টল বসেছে। রাঙামাটি, চট্টগ্রাম, সাতকানিয়া ও কক্সবাজারের ব্যবসায়ীরা ছাড়াও ঢাকা, বরিশাল, সিলেটের ব্যবসায়রা নিয়ে এসেছেন নানা রকম পণ্যসামগ্রী। এসব পণ্যের মধ্যে রয়েছে হাতের তৈরি গৃহসজ্জা সামগ্রী, জুতা, স্যান্ডেল, বাহারি ফুল ও ফুলের টব, প্রসাধনী, গহনা, বিভিন্ন ধরনের পোশাক, তৈজসপত্র ইত্যাদি। রয়েছে মৃত্যুকূপ, কার গেম, পুতুলনাচ, জাদু প্রদর্শনী, নগরদোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিনোদনমূলক আয়োজন।মেলা পরিচালনা কমিটির কর্মকর্তা ও বিক্রেতারা জানান, শুরু থেকে কয়েক দিন মেলা তেমন জমে না উঠলেও গত সোমবার সন্ধ্যার পর থেকে বেশ জমে উঠেছে। ওই দিন সন্ধ্যা সাতটায় মেলায় গিয়ে দেখা যায়, শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ হাজারো লোকের সমাগমে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। স্টলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী কহিনুর আক্তার বলেন, ‘মেলা থেকে বাসার জন্য প্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী কিনেছি। দামও মোটামুটি গ্রহণযোগ্য। মেলায় এসে খুব ভালো লাগছে।’ বরিশালের কাপড় ব্যবসায়ী আবদুল কাদের জানান, মেলা শুরুর পর সপ্তাহ খানেক তেমন বেচাকেনা হয়নি। কিন্তু সোমবার থেকে বেশ জমে উঠেছে। বেচাকেনাও হচ্ছে ভালো। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত ভিড় বেশি হওয়ায় এ সময় বেচা-বিক্রিও হয় আশানুরূপ। মেলা পরিচলানা কমিটির সদস্য খাইরুল আমিন বলেন, ‘মেলায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।’ মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোশারফ হোসেন জানান, মেলা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।