মুখরিত জীবনের চলার বাঁকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুদিন আগের কথা। চট্টগ্রাম কলেজের শ্রেণীকক্ষে বসেছিলেন কয়েকজন তরুণ শিক্ষার্থী। তাদের একজন গান করে আরেকজন লেখেন কবিতা। সামনের বেঞ্চিতে তাদেরই সহপাঠী কয়েকজন ছাত্রী গল্পে মশগুল।মেয়েদের মধ্যে একজনের চুল হাওয়ায় উড়ছিল। তা দেখে তরুণদের চিত্যচাঞ্চল্য দেখা দিয়েছে। ক্ষণে ক্ষণে দৃষ্টি চলে যাচ্ছিল সেদিকে। হঠাৎ তরুণ গায়কটির মনে ভাব এল। সহপাঠীদের তিনি বললেন, ‘পুতুলের মতো সুন্দরী এই মেয়েটিকে নিয়ে গানের একটা কলি এসেছে মাথায়—তোরে পুতুলের মতো করে সাজিয়ে হূদয়ের শোকেসে রাখব।’ গানের কলিটা পছন্দ হলো সবার। তবে কবি বন্ধুটি ‘শোকেস’ শব্দটির স্থলে ‘কোঠরে’ ব্যবহার করার পরামর্শ দেন। তরুণেরা হয়তো জানতেন না উচ্ছল আনন্দময় সেই মুহূর্তে জন্ম নিয়েছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি।সেদিনকার সেই তরুণ গায়কটি হলেন, এই সময়ের সংগীত তারকা চট্টগ্রামের সন্তান নকীব খান। গল্পটা তাঁর মুখ থেকেই শোনা। আর তাঁর কবি বন্ধুটি হলেন আবদুল্লাহ আল মামুন। মামুন পরে গানটিকে পূর্ণাঙ্গ রূপ দেন। তাঁর কথায় সুর বসান নকীব খান। জনপ্রিয় এই গানটি সারা দেশের মানুষের মুখে মুখে ফিরেছে। নকীব খান এমনই। যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে। ‘সোলস’ থেকে বেরিয়ে তৈরি করেছেন নতুন ব্যান্ড দল ‘রেনেসাঁ’। রেনেসাঁর মাধ্যমে এ দেশের ব্যান্ড সংগীতে নতুন ধারারই প্রবর্তন করেন তিনি। তাঁর সৃজনশীল কর্মকাণ্ডের একটা বড় সময় কেটেছে এই শহরে। দিন কয়েক আগে ঢাকায় তাঁর সঙ্গে আড্ডা জমে ওঠে। একান্ত আলাপচরিতায় স্মৃতির শহর—চট্টগ্রাম সম্পর্কে বললেন অনেক কথা। ‘মুখরিত জীবনের চলার বাঁকে’ ঘটে যাওয়া নানা ঘটনাও জানা গেল তাঁর কাছ থেকে।নকীব খানের বাবা ছিলেন কাজেম আলী হাই স্কুলের প্রধান শিক্ষক। বিদ্যালয়ভবনের একেবারে নিচতলায় ছিল শিক্ষক নিবাস। সেই বাড়িতেই সেখানেই তাঁর বেড়ে ওঠা। ১৯৮২ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ পর্যন্ত থেকেছেন সেখানেই। দুই ভাই জিলু খান ও পিলু খানও সংগীত অঙ্গনে জনপ্রিয় নাম।সংগীতের সঙ্গে সখ্যতা ছোট বেলা থেকেই। কিন্ডার গার্টেনে পড়ার সময় হারমোনিয়ামে হাতেখড়ি। স্কুলে পড়ার সময় বড় ভাই জিলু খানের ব্যান্ড দল বালার্কের সঙ্গে জড়িয়ে যান তিনি। জিলু খানই তাঁর সংগীত গুরু। প্রয়াত শিল্পী প্রবাল চৌধুরী ও ঊমা চৌধুরী এই দলের সদস্য ছিলেন। স্বাধীনতার পর পর দলটি খুব নাম করে। বালার্কের সংস্পর্শে এসেই জীবনের মোড় ঘুরে যায় নকীব খানের। ঠিক করে ফেলেন আজীবন থাকবেন গানের সঙ্গে। পরিবারে সবসময় গান-বাজনা হতো। সেসব অনেক মজার স্মৃতি আছে তাঁর। সেরকমই একটা মজার ঘটনা ঘটেছে ছোট ভাই পিলুকে নিয়ে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই ড্রাম বাজাতেন পিলু। তিনি যখন ড্রাম বাজাতেন তখন ছোট হওয়ার কারণে তাঁকে দেখা যেত না। সে কারণে স্টেজ শোয়ের সময় দর্শকেরা ভাবতেন ড্রাম বুঝি নিজে নিজে বাজছে। ১৯৭৪ এ নকীব খান যোগ দেন সোলসে। ১৯৭৮ সালে জনা বিশেক ছেলে-মেয়ে নিয়ে তৈরি করেন সামজিক ও সাংস্কৃতিক সংগঠন সৈকতচারী। সৈকতচারী সংগঠনের অনেকে সোলসের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় গান নিয়ে বহু পরীক্ষা-নীরিক্ষা করেছেন তাঁরা। ‘মুখরিত জীবনের চলার বাঁকে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’ এই গানগুলো সেই তখনকার পরীক্ষা-নিরীক্ষারই ফল। চন্দপুরার ক্লাব অগ্রপথিকের কার্যালয়ে বসেও বহু আড্ডা দিয়েছেন তিনি। আড্ডার বিষয় ছিল কবিতা, গান। তখন পাড়ার ক্লাবগুলো ছিল শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলা চর্চাকেন্দ্র।চট্টগ্রাম কলেজের স্মৃতিচারণ করতে গিয়ে উজ্জ্বল হয়ে ওঠে তাঁর মুখ। কলেজে ভর্তি হওয়ার পর অনেক নতুন বন্ধু হলো। চালচলনে পরিবর্তন এসেছে। একটু স্বাধীন স্বাধীন ভাব। একটু দুষ্টু হওয়া। কলেজ পালিয়ে দিনার সিনেমা হলে সিনেমা দেখার অভিজ্ঞতার কথা মনে আছে এখনো। অন্যান্য কলেজে গিয়েও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। সঙ্গী ছিলেন নাহিদ, সংগীতা, নাজনীন, সাফায়াত সাত্তার বাপ্পীসহ বন্ধুরা। আরেকটা আড্ডা ছিল চারুকলা কলেজে। এখানে আড্ডা হতো একটু যারা বয়সে বড় তাঁদের সঙ্গে। সুরেলা নামের একটা গানের দল করতেন তাঁরা। সুরেলার জন্ম সোলসের আগে। সোলসের সদস্যরাই এই দলটির সঙ্গে যুক্ত ছিলেন। সুব্রত বড়ুয়া রনি, সবিউল আলম, আহমদ নেওয়াজ, তপন চৌধুরীসহ সুরেলার সদস্যরা এখানে আড্ডা দিতেন। আড্ডাটা হতো বিকেলের দিকে। আড্ডা দিয়ে বাসায় ফেরা। সৈকতচারী সংগঠনের অনেক বন্ধুও আসতেন এই আড্ডায়। এই সংগঠন থেকেও অনেক কালজয়ী গানের জন্ম হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যে আড্ডা দিতেন সেটাকে অনেক পরিপক্ক আড্ডা মনে করেন নকীব খান। সে সময় আড্ডা হতো শাটল ট্রেনে, জারুল তলা ও চাকসুতে। গিটার নিয়ে যেতেন বিশ্ববিদ্যালয়ে। বগিতে বসে পুরো পথ গান করতে করতে যেতেন। এখানকার অনেক বন্ধুই ছিলেন সাহিত্যপ্রেমী। আড্ডা হতো তাই সাহিত্য আর গান নিয়ে। থাকতেন বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে। তবে সেই আলাওল হল এখনকার মতো মৌলবাদী ছাত্রদের ঘাঁটি ছিল না। নিয়মিত শিল্প-সাহিত্যের আসর বসত তখন হলে। একবার সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে দ্বিতীয় পুরস্কার পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এই পর্যন্ত বহু পুরস্কার, সম্মাননা জুটলেও সেই অর্জনের কথা ভুলবেন না কোনোদিন। তেমনই ভুলতে পারবেন না এই শহরে গান গেয়ে পাওয়া প্রথম হাততালির কথাও। সৃষ্টির উত্তেজনায় ভরা চট্টগ্রামের এই দিনগুলোই তো সেরা তাঁর কাছে।