মুখরোচক খাবার আর নাচের ছন্দে জমজমাট মেলা

পরিবেশবান্ধব ‘শক্তি চুলায়’ কে কত দ্রুত রান্না করতে পারেন, সে প্রতিযোগিতায় উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। তবে এ উত্তেজনার পাশাপাশি দর্শকের জন্য বাড়তি পাওনা ছিল নানা পদের খাবারের জিবে জল আনা ঘ্রাণ আর মনমাতানো নাচ। ১৯ ও ২০ জানুয়ারি রাঙামাটির জিমনেসিয়াম চত্বরে আয়োজিত শক্তি চুলা মেলা ও রান্না প্রতিযোগিতা অনুষ্ঠান—সব মিলিয়ে হয়ে উঠেছিল দারুণ উপভোগ্য।
বেসরকারি সংস্থা সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) এ মেলা ও প্রতিযোগিতার আয়োজন করে। সহযোগিতায় ছিল সাহায্য সংস্থা ইউএসএআইডি, ক্যাটালাইজিং ক্লিন এনার্জি ইন বাংলাদেশ (সিসিইবি) ও ফিউচার কার্বন।
২০ জানুয়ারি সন্ধ্যায় শক্তি চুলা মেলা ও রান্না প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়ের স্ত্রী য়েন য়েন। তিনি বলেন, ‘রান্না নিয়ে এমন আয়োজন গৃহিণীদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। আমরা রান্নায় প্রচুর জ্বালানি নষ্ট করি আর ধোঁয়া সৃষ্টি করি। এখান থেকে কিছুটা হলেও বাঁচতে পারি পরিবেশবান্ধব চুলা ব্যবহার করে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইপিডির প্রধান নির্বাহী জনলাল চাকমা। রানি য়েন য়েন প্রতিযোগিতায় অংশ নেওয়া গৃহিণীদের রান্না করা খাবার খেয়ে দেখেন।
মেলার প্রথম দিন রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শক্তি চুলা’ নিয়ে অনুষ্ঠিত হয় কর্মশালা। এতে অতিথি ছিলেন সাংসদ ফিরোজা বেগম ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। কর্মশালায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবার সচেতন হওয়া জরুরি।
পার্বত্য চট্টগ্রামের পরিবেশের ওপর ইতিমধ্যে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। একসময় ঘন বনে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের পাহাড় ন্যাড়া হয়ে যাচ্ছে। তাই জ্বালানি কাঠ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
মেলার দুই দিনে পাঁচজন করে ১০ জন গৃহিণী রান্না প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীরা ‘শক্তি চুলায়’ দুই ঘণ্টায় এক কেজি করে ভাত, খাসির মাংস, সবজি ও মসুর ডাল রান্না করেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জনকে পুরস্কার দেওয়া হয়। মেলার দুদিন সাংস্কৃতিক কর্মীরা নাচ ও গান পরিবেশন করেন।