মুখস্থবিদ্যার ওপর জোর দেওয়া চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেরই স্বপ্ন, প্রকৌশলী হবেন। কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কঠিন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় উতরে গেলে তবেই মিলবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মতে, পদার্থবিদ্যা, গণিত ও রসায়নবিজ্ঞান ভালোভাবে আয়ত্ত করতে পারলে ভর্তি পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। মুখস্থবিদ্যার ওপর জোর না দিয়ে বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে।পুরকৌশল বিভাগের মেধাবী ছাত্র নুরুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষার জন্য শুধু মুখস্থবিদ্যার ওপর জোর দিলে চলবে না, সব বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বিশেষ করে পদার্থবিদ্যার ক্ষেত্রে সূত্রগুলো কোনটা কোন শর্তসাপেক্ষে, প্রযোজ্য সেটা বুঝতে হবে।’‘রসায়নের বিক্রিয়াগুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য। তবে আয়ত্ত করা অসম্ভব নয়। এ জন্য দরকার প্রচুর চর্চা। এ ছাড়া একই ধরনের বিক্রিয়াগুলোকে একসঙ্গে সাজিয়ে পড়লে মনে রাখতে সুবিধা হয়।’ ভর্তি পরীক্ষায় রসায়নের উত্তরগুলো সহজে দেওয়ার এই পদ্ধতি জানালেন তড়িৎ কৌশল বিভাগের বনফুল পাল।গণিতের প্রস্তুতি সম্পর্কে জানালেন কম্পিউটার কৌশল বিভাগের ইমরান চৌধুরী। তিনি বলেন, ‘ভর্তি প্রস্তুতির জন্য গণিত একটু মনোযোগ দিয়েই করতে হবে। বিশেষ করে বলবিদ্যার সমস্যাগুলোর সমাধান করা একটু কষ্টসাধ্য। সে জন্য অনেকেই মুখস্থ করার চেষ্টাও করে। মুখস্থ করে এইচএসসিতে ভালো ফলাফল করা গেলেও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা যায় না। নিয়মিত অনুশীলন করলে এবং মৌলিক বিষয়গুলো বুঝে পড়লে কঠিন বিষয়ও অতি সহজ হয়ে যায়।’ স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা জানান, এই বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মুক্তহস্ত অঙ্কন নামে অতিরিক্ত বিষয়ে পরীক্ষা দিতে হয়। এ পরীক্ষাটা একটু ভিন্ন ধরনের। এখানে অঙ্কনের কৌশল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার সঙ্গে সময়ের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। শিক্ষার্থী ইমরান চৌধুরী জানান, ‘ভর্তি পরীক্ষায় সময়ের দিকে খেয়াল রাখা অতি গুরুত্বপূর্ণ। কারণ, এ পরীক্ষায় অল্প সময়ে অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে হয়। সময়ের দিকে খেয়াল রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে না পারলে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও ফলাফল ভালো আসবে না।’ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোচিংয়ের ভূমিকা সম্পর্কে নুরুজ্জামান বলেন, ‘পড়াশোনা সম্পূর্ণ নিজের ব্যাপার। কোচিং ভর্তি পরীক্ষার পদ্ধতিটা দেখায় এবং মডেল টেস্ট পরীক্ষা শিক্ষার্থীদের উপকার করে। তবে কোচিংয়ের লেকচার শিটকে বেশি গুরুত্ব না দিয়ে প্রতি বিষয়ে তিন থেকে চার লেখকের বইয়ের সমস্যাগুলোর সমাধান করলে ভর্তি পরীক্ষার জন্য বেশি ফলপ্রসূ হয়।’