চেয়ারপারসনের নির্দেশে নগর বিএনপির বিবদমান দুই পক্ষ একসঙ্গে বৈঠক করেছে ঠিকই, কিন্তু ভেতরে বিরোধ রয়েই গেছে। শুক্রবারের বৈঠকে জানুয়ারির রোডমার্চ কর্মসূচির কর্মপন্থা ঠিক করা হয়। এই বৈঠকে যুবদলের কমিটি নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে কোনো আলোচনাই হয়নি। এ নিয়ে এখনো বিভক্ত বিএনপি।গত শুক্রবার রাতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় এ বৈঠক হয়। বৈঠকে তাঁর প্রতিপক্ষ হিসেবে পরিচিত নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং নগরের বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, সম্প্রতি নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচি পালন ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া গত বৃহস্পতিবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে চট্টগ্রামের নেতাদের ডেকে পাঠান। তিনি চট্টগ্রাম বিএনপির সবাইকে একমঞ্চে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। ওই সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাৎ হোসেন, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সহসভাপতি এস এম ফজলুল হক উপস্থিত ছিলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দলীয় কর্মসূচি পালনের ওপর কেন্দ্র থেকে যে নিষেধাজ্ঞা ছিল তা উঠে গেছে। কারণ, বিজয় দিবস ও রোডমার্চ কর্মসূচি আমাদের সফল করতে হবে। তাই আমরা নগরের ১১ থানার নেতাদের সঙ্গে শুক্রবার রাতে বৈঠক করেছি।’ শাহাদাৎ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া রোডমার্চ কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় খসরু ভাইয়ের বাসায় বৈঠক করেছি। কর্মসূচি পালন নিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন থানার নেতারা মতবিনিময় করেছেন। তবে যুবদল নিয়ে যে বিরোধ আছে, তা নিয়ে আমরা বৈঠকে কথা বলিনি। যুবদলের কমিটি বহাল আছে। ওরা ওদের মতো করে কাজ করবে।’ আমীর খসরু এ প্রসঙ্গে বলেন, ‘নগর যুবদলের কমিটি স্থগিত আছে। জানুয়ারিতে রোডমার্চের কর্মসূচির পর যুবদল নিয়ে আমরা আলোচনায় বসে একটা সমাধানে পৌঁছাতে পারব।’প্রসঙ্গত, নগর যুবদলের কমিটি গঠন নিয়ে বিএনপির মধ্যে বিভক্তির সৃষ্টি হয়। গত ১৯ নভেম্বর কাজী বেলালকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আমীর খসরু মাহমুদ চৌধুরী যুবদলের সভাপতিকে এবং শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদককে সমর্থন দিয়ে আসছেন। এ কারণে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত এক সমাবেশে ৬ ডিসেম্বর বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।এদিকে বৈঠকে ১১টি থানার নেতারা উপস্থিত ছিলেন বলে স্থানীয় বিএনপি থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা সত্য নয় বলে দাবি করেন থানা পর্যায়ের একাধিক নেতা। খুলশি থানা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘বিএনপির ১১ থানার নেতাদের নিয়ে নাকি বৈঠক হয়েছে। আমি খুলশি থানার আহ্বায়ক। বৈঠকে আমিসহ চারটি থানার সভাপতি ও আহ্বায়ককে আমন্ত্রণ জানানো হয়নি। তাহলে বৈঠকে ১১ থানার নেতাদের কথা আসছে কেন?’সাত্তার আরও বলেন, খসরু ভাই নিজেই তাঁর পছন্দের লোকজনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন। তাঁকে দিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করানো যাবে না। রোডমার্চ কর্মসূচির সমম্বয় করা তাঁকে দিয়ে হবে না। তাই কেন্দ্রের যেকোনো জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়া হলে রোডমার্চ সফল হবে।অভিযোগ সম্পর্কে আমীর খসরু বলেন, ‘ওরা গ্রুপিংয়ের মধ্যে আছে। তবে রোডমার্চ কর্মসূচির আগে সাত্তারকেও আমরা ডাকব।’