মুখে মুখে তর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেগে না গিয়ে যুক্তি দিয়ে বিনয়ের স​েঙ্গ কথা বলতে হবে। মডেল: আফনান ও তপন আহমেদ। ছবি: অধুনা
রেগে না গিয়ে যুক্তি দিয়ে বিনয়ের স​েঙ্গ কথা বলতে হবে। মডেল: আফনান ও তপন আহমেদ। ছবি: অধুনা

উঠতি বয়সী ছেলেমেয়েদের নিয়ে পরিবারের সদস্যদের থাকে নানা অভিযোগ। এমন সব অভিযোগের মধ্যে সবচেয়ে সাধারণ অভিযোগ হলো কথায় কথায় তর্ক করা, অল্প বিষয়েই রেগে গিয়ে খারাপ ব্যবহার করা। আবার এদিকে কিশোর-কিশোরীদের অভিযোগ, মা-বাবাকে কিছু বোঝাতে চাইলে সেটা ‘বেয়াদবি’র পর্যায়ে পড়ে।

 আসলে সবার মতামতের গুরুত্ব রয়েছে। এমনটাই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভা​েগর সাবেক কাউন্সেলর মরিয়ম সুলতানা। তিনি বলেন, ‘সব সময় যে মা-বাবা কিংবা পরিবারের প্রবীণেরা সঠিক কথা বলবেন, এমনটি নয়। ছেলেমেয়েদেরও নিজস্ব মতামত রয়েছে, কেননা সময় এখন অনেক পাল্টে গেছে। প্রত্যেক সদস্যের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।’ তাই বলে কি অযৌক্তিক রাগারাগি কিংবা কর্কশ ভাষায় উত্তর দেওয়া? মোটেই নয়। ভেবে দেখুন, একই কথা বিভিন্ন স্বরে বলার কারণে কথার অর্থ কিন্তু পাল্টে যায়।

বয়ঃসন্ধিকালে মন-মানসিকতা অনেক সংবেদনশীল থাকে। এ কারণে এই বয়সী ছেলেমেয়েদের অল্পতেই রেগে যেতে দেখা যায়। কিন্তু তাই বলে সব সময়ই এমন আচরণ করা কিন্তু নিজের জন্যই ক্ষতিকর। যুক্তি তো রয়েছেই। সহজ কথাটাই মার্জিতভাবে গুছিয়ে বললে ভালো দেখায়।

 কিন্তু এদিকে আবার পাল্টা অভিযোগ যুক্তিতেও নাকি বেয়াদবি। আসলে দুই পক্ষেরই উচিত বোঝার চেষ্টা করা। যেহেতু দুই পক্ষের মধ্যে রয়েছে বিস্তর জেনারেশন গ্যাপ, তাই উভয় পক্ষেরই উচিত ছাড় দেওয়া, একে অপরকে বুঝতে শেখা। যেটা ভেবে রেখেছি সব সময়ই যে সেটাই মানতে হবে কিংবা কেউ মেনে নেবে এমন ধারণা না রাখাই ভালো।

আসলে মূল ব্যাপারটি হলো সামাজিকতা। এ বিষয়ের ওপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামিনা লুতফা। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই একটি শিশু সামাজিক যে নীতি-নৈতিকতাগুলো রয়েছে, তা বুঝতে শেখে। এর প্রভাব পড়ে উঠতি বয়সেও। বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, শান্তভাবে সবকিছু সামাল দেওয়া, অযথা রাগ না করা; এগুলো কিন্তু আমাদের শৈশব থেকেই শেখানো হয়। তাই নিজ মতামত প্রকাশের সময় খেয়াল রাখতে হবে, আমি কী স্বরে কথা বলছি। আমার কথায় কেউ আহত বোধ করছে কি না। হোক সেটা যেকোনো ব্যক্তি।’

এই সামাজিকীকরণের ব্যাপারটি কিন্তু শুধু পরিবারের ছেলেমেয়েদের জন্যই প্রযোজ্য নয়। সামিনা লুতফা বলেন, ‘এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা সবাই চলছি। তাই পরিবারের বয়স্ক সদস্য কিংবা মা-বাবার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এখন তো পরিবারের সদস্যদের সম্পর্ক অনেকটাই বন্ধুত্বের মতো। তাই নবীন সদস্যদেরও নিজ মতামত বলতে দিন। এটা পরবর্তী সময়ে তাদের নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে ভূমিকা রাখে।’

 মোদ্দাকথা হচ্ছে অযথা রাগ ঝেড়ে ফেলুন। এর বদলে একে অপরকে বুঝতে শিখুন। মনে রাখুন, সবারই একটা নিজস্ব মতামত রয়েছে। তবে অবশ্যই এর প্রকাশ করতে হবে নৈতিকতার সঙ্গে।

নিজ মতামত প্রকাশে কোনো বাধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে আপনি কীভাবে মত প্রকাশ করছেন। এ ক্ষেত্রে পরিবারের বয়সে বড় ও বয়সে ছোট এই দুই পক্ষের যে বিষয়গুলো করণীয়—

বড়দের করণীয়

* সবার মতামতের একটা গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে রয়েছে স্বাধীনতা। তাই অন্যের কথাটাও শুনুন, বলতে দিন তাকেও।

* যদি সন্তানের কথায় কোনো অভিযোগ থাকে, তাহলে তাকে বুঝিয়ে বলুন। যৌক্তিক কারণ উল্লেখ করুন। অযথাই বকাবকি করা, রাগ দেখানো মোটেই উচিত নয়। কেননা আপনার এমন আচরণ থেকেই কিন্তু আপনার সন্তান শিখছে।

* সন্তানের পাশে থাকুন। যেহেতু তার অনেক ক্ষেত্রেই অভিজ্ঞতা কম তাই তাকে বুঝিয়ে বলতে পারেন। তার সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করুন। কখনোই কারও সঙ্গে তুলনা দেবেন না। এ ব্যাপারটি সন্তানের মানসিকতায় খুবই খারাপ প্রভাব ফেলে।

* সন্তান যদি অল্পতেই খুব রেগে যায় তাহলে তাকে তার মতো থাকতে দিন। একই প্রসঙ্গে বারবার কথা না বলাই ভালো। প্রয়োজনে কাউন্সেলরের সঙ্গে কথা বলতে পারেন।

ছোটদের করণীয়

* মা-বাবা, পরিবারের বড়দের বুঝিয়ে বলো। কী করলে তোমার সুবিধা বা সমস্যা হচ্ছে তা যুক্তি দিয়ে বোঝাতে পারো।

* নিজ মতামত প্রকাশের সময় যতটা সম্ভব শান্ত থেকে কথা বলা। কেননা, মাথায় রাখতে হবে, তুমিও বড় হচ্ছ। পরিবারে হয়তো আরও ছোট সদস্য রয়েছে। তোমার এমন আচরণ তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

* অতিরিক্ত রেগে যাওয়া যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাও মনে রাখতে হবে। কেননা, পরবর্তী বিষণ্নতা হবে তোমার নিজেরই। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে একটা দূরত্বও তৈরি হয়ে যায়; যা পরে তোমার ওপর প্রভাব ফেলবে।