মুখে হাসি ফোটানোর লড়াই
প্রায় এক দশকেরও বেশি সময় আগের কথা। পান্না লাল সাহা তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। সে সময় গ্রামাঞ্চল থেকে এক দরিদ্র নারী তাঁর শিশুসন্তানকে নিয়ে এলেন চিকিৎসার জন্য। শিশুটির জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যা ছিল। অস্ত্রোপচার করাতে অনেক টাকা প্রয়োজন। নিজের গয়না বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন শিশুটির মা। পান্না লাল সাহা শিশুটিকে অস্ত্রোপচারের জন্য দু-একবার চেষ্টা করলেন। কিন্তু খালি পেলেন না অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার)। গুরুতর আহত ও অসুস্থ রোগীদের ভিড় সেখানে। প্রায় মাসখানেক পর শিশুটির মা সন্তানের চিকিৎসা না করিয়েই ফিরে যান গ্রামের বাড়িতে। কারণ সঙ্গে আনা গয়না বিক্রির টাকা থাকা-খাওয়ার খরচ মেটাতেই শেষ হয়ে গেছে। এ ঘটনা ভীষণভাবে নাড়া দিল পান্না লাল সাহাকে। দেশের প্রতি ৬৫০ জন শিশুর মধ্যে একজনের এ ধরনের সমস্যা আছে। সে হিসেবে সারা দেশে ঠোঁট ও তালুকাটা রোগীর সংখ্যা প্রায় পাঁচ ছয় লাখ। দেশের বড় হাসপাতালগুলোতে তখন এ রোগের চিকিৎসা হতো না। নিখুঁতভাবে ঠোঁট ও তালু জোড়া দেওয়ার জন্য দক্ষ শল্যচিকিৎসকও তখন ছিল না। তা ছাড়া ঠোঁট ও তালুকাটার চিকিৎসা করানোর সামর্থ্যও গরিব পরিবারের সদস্যদের নেই। পান্না লাল সাহা যুক্ত ছিলেন রোটারি ক্লাবের সঙ্গে। রোটারি ক্লাবের কাছ থেকে সাহায্যের আশ্বাস পাওয়া গেল। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ রাজি হলেন তাদের অস্ত্রোপচার কক্ষ ও রোগীদের শয্যা বিনা মূল্যে ব্যবহার করতে দিতে। শুরু হলো ঠোঁট ও তালুকাটা শিশুদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার লড়াই। ২০০০ সালে ১৮ শিশুকে বিনা মূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে মুখের হাসি ফিরিয়ে দিলেন পান্না লাল সাহা। এরপর প্রতিবছরই এমন অস্ত্রোপচার ক্যাম্প হয়েছে দেশের বিভিন্ন স্থানে। একদল নিবেদিতপ্রাণ প্রশিক্ষিত চিকিৎসকও তৈরি করতে পেরেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৮০০ শিশুর মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন তাঁরা। এ বছরের মার্চ পর্যন্ত চারটি ক্যাম্প হয়েছে মাগুড়া, রাজবাড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়। আরেকটি হওয়ার কথা আছে রংপুরে। পান্না লাল সাহা ছাড়াও এখন এমন কাজে নিয়োজিত আছেন প্রায় ৫০-৬০ জন চিকিৎসক। সাফখাত হোসেনের মতো বিশেষজ্ঞ চিকিৎসকও আছেন তাঁদের দলে। সম্প্রতি বিবিসি টেলিভিশন চ্যানেল বাংলাদেশের চিকিৎসকদের এ উদ্যোগ নিয়ে প্রচার করেছে একটি প্রামাণ্যচিত্র। মুখের হাসি ফোটানোর এ লড়াইয়ে শামিল হয়েছে রোটারি ক্লাব অব সানফ্রান্সিসকোসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠন। নারীদের গর্ভকালীন জটিলতা অথবা বংশগত কারণে এমন সমস্যা দেখা দেয় বলে জানালেন পান্না লাল সাহা। এ সমস্যা বড় কোনো শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি না করলেও শিশুদের স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যালয়ে কিংবা খেলার মাঠে একা হয়ে পড়ে সে। খাওয়া, দাওয়া ও কথা বলার সমস্যা দেখা দেয়। সব মিলিয়ে দুর্বিষহ হয়ে ওঠে শিশুর জীবন। পান্না লাল সাহা জানালেন, ঠোঁট কাটা কোনো শিশু যখন স্বাভাবিকভাবে হাসে তখন সেই হাসিকে তাঁর মনে হয় সবচেয়ে পবিত্র ও স্বর্গীয় হাসি। এ হাসিকে কাজের মজুরি হিসেবে দেখেন তিনি। এ ধরনের অস্ত্রোপচার এখন নগরের লায়ন্স হাসপাতালে নিয়মিত হয়। কিন্তু জটিল রোগীদের চিকিৎসা এখনো তেমন একটা হয় না। তাঁর ইচ্ছে আছে আরও বড় পরিসরে কাজ করার। এ লক্ষ্যে তহবিল সংগ্রহে নেমেছেন তাঁরা। প্রায় এক কোটি টাকা জোগাড় করা তাঁদের প্রাথমিক লক্ষ্য। ভবিষ্যতে যাতে এ ধরনের রোগীরা উন্নত পরিবেশে মানসম্পন্ন চিকিৎসা পায় সেটাই চান পান্না লাল সাহা। পান্না লাল সাহার সঙ্গে এ লড়াইয়ে সহযোদ্ধা হিসেবে আছেন প্রদীপ দত্তের মতো কয়েকজন নিবেদিতপ্রাণ ব্যক্তি। নগরের একটি তৈরি পোশাক কারখানার মালিক প্রদীপ দত্ত এ কাজে সমন্বয় করছেন। তিনি জানালেন, রোটারি ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি এ কাজে জড়িত হয়েছেন। কর্মব্যস্ততার ফাঁকে সময় দিচ্ছেন ঠোঁট ও তালুকাটা রোগীদের সাহায্যে। রোটারি ক্লাব অব সানফ্রান্সিসকোর অঙ্গসংগঠন রোটাপ্লাস্ট এগিয়ে এসেছে বাংলাদেশে এ ধরনের রোগীদের চিকিৎসায়। রোটাপ্লাস্টের এঞ্জেলো কাপুজির নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল বাংলাদেশ আসবে মে মাসে। ১৫-২৮ মে হালিশহরের নার্চার হাসপাতালে জটিল ঠোঁট ও তালুকাটা রোগীদের অস্ত্রোপচার করবেন তাঁরা। এ ক্যাম্পে প্রায় দেড়-দুই শ রোগী সুযোগ পাবে চিকিৎসার। বিনা মূল্যে চিকিৎসা নিতে আগ্রহীরা মুঠোফোনে (পান্না লাল সাহা ০১৭১১ ৭৪৯১৩২, প্রদীপ দত্ত ০১৮১৯ ৩৭৪৩৮৫) যোগাযোগ করতে পারবেন।