চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলগুলোর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েছে দুই ছাত্রসংগঠন ছাত্রলীগ ও ছাত্রশিবির। হলে নিয়ন্ত্রণ বজায় রাখতে উভয়পক্ষ প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।এ জন্য হলগুলোতে উভয়পক্ষ প্রতিদিন রাতে নিয়মিত মহড়া দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ সময় শাহ আমানত ও শহীদ আবদুর রব হলে কয়েক বার উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে।দুই ছাত্রসংগঠনের এ মারমুখী অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়। সংঘর্ষের আশঙ্কায় অনেক সাধারণ শিক্ষার্থী রাতে হলে অবস্থান করা ছেড়ে দিয়েছেন। অনেকে রাত যাপন করছেন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন কটেজে, অনেকে শহরে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের বাসায় অবস্থান করছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী ইতিমধ্যে ঈদুল আজহার নির্ধারিত ছুটির অনেক আগে বাড়ি ফিরতে শুরু করেছেন। এতে প্রায় ফাঁকা হয়ে পড়েছে আবাসিক হলগুলো। আগামী এক নভেম্বর থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। প্রক্টর নাসিম হাসান বলেন, শাহ আমানত হলের ডাইনিংয়ে এ স্বাভাবিক সময়ে প্রায় ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী খাবার গ্রহণ করে। কিন্তু গত কয়েক দিনে অর্ধেক শিক্ষার্থী অর্থাৎ মাত্র ৩০০ থেকে ৩৫০ শিক্ষার্থী খাওয়া-দাওয়া করেছে।বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার পরিবেশ বজায় রাখতে জরুরি সিন্ডিকেট সভায় আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ যারা নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের কথা বলে দেওয়া হয়েছে।’ সূত্র জানায়, ক্যাম্পাসের বতর্মান পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সার্বক্ষণিক তদারকি করতে পরিদর্শন টিম গঠন করা হবে, প্রত্যেক শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপপ্রয়াস কঠোরভাবে দমন করা হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে শাহজালাল হলের একটি কক্ষে ছাত্র ওঠানোকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি প্রদান, হলের বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমকে স্মারকলিপি দিয়েছে দুই ছাত্রসংগঠন ছাত্রলীগ ও ছাত্রশিবির।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আবাসিক হলগুলোতে শিবিরের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করে আসছে। হলের নিয়ন্ত্রণ ধরে রাখতে এদের সঙ্গে বহিরাগত ক্যাডাররাও হলে হলে অবস্থান করছেন। এসব নেতা-কর্মী ও ক্যাডাররা হলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সেখানে সশস্ত্র অবস্থায় অবস্থান করছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।’তবে ছাত্রলীগের এ অভিযোগ অস্বীকার করে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালাহউদ্দিন কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, হলগুলোতে উল্টো ছাত্রলীগের নেতা-কর্মীরা অবৈধভাবে অবস্থান করছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার ভোররাতে আটককৃত শিবিরের সমর্থক ও নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার জন্য উপাচার্যের কাছে দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা প্যানেলের আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই সদস্য আসাদুল হক ও এ কে এম জিয়াউর রহমান। তাঁরা প্রথম আলোকে বলেন, হল থেকে আটককৃতদের বিষয়ে কোনো নির্দিষ্ট মতাদর্শের শিক্ষকদের হস্তক্ষেপ কাম্য নয়। এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব ব্যাপার।