মুগাবের জিম্বাবুয়ে এখন যেমন
জিম্বাবুয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বুলাওয়ের স্টেডিয়ামে চলছে ক্ষমতাসীন জানু-পিএফ দলের বার্ষিক সম্মেলন। উপস্থিত প্রায় তিন হাজার প্রতিনিধি। তবে স্টেডিয়ামজুড়ে পিনপতন নীরবতা। কারণ, কর্তৃপক্ষের নির্দেশ প্রেসিডেন্টের ভাষণের সময় পাশের লোকটির সঙ্গেও ফিসফিস করা যাবে না। এই হচ্ছে রবার্ট মুগাবের জিম্বাবুয়ে। মুগাবের তিন দশকের লৌহকঠিন শাসনের কারণে দেশটির জনগণ আজ এতটাই স্নায়ুর চাপে থাকে যে প্রকাশ্যে তাঁর দোষের ব্যাপারে তো নয়ই, প্রশংসাসূচক আলোচনা করতেও সাহস দেখায় না তারা। সম্প্রতি অনুষ্ঠিত দলের ওই বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে মুগাবে যথারীতি পশ্চিমা সাম্রাজ্যবাদকে তুলোধুনা করেন। তিনি বলেন, পশ্চিমাদের জোট ন্যাটো তেলসম্পদ লুণ্ঠনের জন্যই বোমার পর বোমা ফেলে লিবিয়াকে ১০০ বছর পেছনে ফেলে দিয়েছে। সম্মেলনকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। দলীয় অনুষ্ঠান হলেও রাষ্ট্রযন্ত্রের আওতায় থাকা সব ধরনের নিরাপত্তাব্যবস্থাই নেওয়া হয় এতে। এদিক থেকে জানু-পিএফের সঙ্গে জিম্বাবুয়ের অন্য প্রধান দল এমডিসির পার্থক্যটা রীতিমতো চোখে পড়ার মতো। সাবেক এই প্রধান বিরোধী দলটি বর্তমানে ক্ষমতাসীন জানু-পিএফ দলের নেতৃত্বাধীন ঐক্য সরকারেরই অংশ। তবে অবস্থা এমনই যে, সরকারের অংশ হওয়া সত্ত্বেও পুলিশের কাছ থেকে সভা-সমাবেশ করার অনুমতি পেতে বেশ বেগ পেতে হয় তাদের। সরকারের শরিক দলের অবস্থা যদি এই হয়, তবে সাধারণ জনগণের অবস্থা কী, তা সহজেই অনুমেয়। প্রেসিডেন্ট মুগাবে যে চিরকাল দেশ শাসন করবেন না বা তাঁর উত্তরাধিকারের বিষয়টি আলোচিত হওয়া উচিত প্রকাশ্য আলাপে—এ বিষয়গুলো বিবেচনা করতেও প্রায় কেউই আগ্রহ দেখান না। যদিও ক্ষমতার দ্বন্দ্ব, উপদলীয় সংঘাত, এমনকি সম্ভাব্য সামরিক অভ্যুত্থানের ব্যাপারে নেপথ্যে সদাই নানা গুঞ্জন চলছে। পরিস্থিতি বর্তমানে যা, তাতে মনে হচ্ছে ৮৭ বছরে পা দেওয়া প্রেসিডেন্ট মুগাবে অসুস্থ শরীর নিয়েই এ বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তিনি নির্বাচন পর্যন্ত শারীরিকভাবে সক্ষম থাকবেন কি না, তা নিয়ে সংশয় আছে। সংবিধান প্রণয়ন নিয়ে জিম্বাবুয়ের নির্বাচন বছর দুয়েক পিছিয়ে যেতে পারে। বয়স আর অসুস্থতা অক্ষম করে তুলতে পারে প্রেসিডেন্ট মুগাবেকে। সেটা হলে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির পতন হতে পারে। এমনকি অভ্যুত্থানের আশঙ্কাও দেখা দিতে পারে। জিম্বাবুয়ের বহু মানুষই স্বীকার করেন, রাজনৈতিক দলগুলোর সমঝোতার কারণে দেশটি অন্তত মূল্যস্ফীতির চাপ ও অর্থনীতির অবিরাম ধস থেকে রেহাই পেয়েছে। তবে জিম্বাবুয়ের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মতে, রাষ্ট্র ও জানু-পিএফ দল সেখানে প্রায় সমার্থক। এমডিসি পার্টির পার্লামেন্ট সদস্য ও দেশটির বর্তমান জাতীয় সমঝোতাবিষয়ক (রিকনসিলিয়েশন) মন্ত্রী মোজেস এমজিলা-এনদলভুর মতে, বহির্বিশ্ব জিম্বাবুয়েকে একটি স্থিতিশীল ও অগ্রসরমাণ দেশ রাষ্ট্র হিসেবে ধারণা করলেও প্রকৃত অবস্থা তেমনটি নয়। যেমন দেশটির ব্যাপক বাজেট ঘাটতি রয়েছে। একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, জীবনযাত্রার কিছু ক্ষেত্রে বেশ কিছু স্বাধীনতা দেওয়া হলেও জিম্বাবুয়েতে রাজনৈতিক বিষয়ে এখনো কোনো পরিবর্তন আসেনি। আর এসব কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশটি। ২০০৯ সালে বিদেশি বিনিয়োগকারীরা জিম্বাবুয়েতে বিনিয়োগের জন্য একরকম লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা এখন উপায় খুঁজছেন কীভাবে সেখান থেকে বিদায় নেওয়া যায়। বিনিয়োগের আগে জানু-পিএফ সরকারের ‘দেশীয়করণ’ কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য বুঝে নিতে চান তাঁরা। খনিশিল্পের যন্ত্রাংশ নির্মাতা জন সুলিভান ব্যবসার ৫১ শতাংশ শেয়ার কৃষ্ণাঙ্গদের কাছে বেচতে বাধ্য করার জন্য মুগাবের পরিকল্পনাকে ‘লুটতরাজের অংশ’ হিসেবেই আখ্যা দেন। হারুন-অর-রশীদ