মুগ্ধতায় ভরা ছিল আলাউদ্দিনের গজল সন্ধ্যা
চট্টগ্রামের সংগীতাঙ্গনে শিল্পী আলমগীর আলাউদ্দিনের পথ চলা দীর্ঘ ৩৬ বছর। আলাউদ্দিন শুধু গান গেয়েই ক্ষান্ত নন, গানের জন্য সুরও বাঁধেন। চট্টগ্রাম মঞ্চ সংগীতশিল্পী সংস্থা ১১ নভেম্বর এই শিল্পীর একক গজল সন্ধ্যার আয়োজন করেছে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের পরিচালক মো. মহসিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মঞ্চ সংগীতশিল্পী সংস্থার সভাপতি শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান ও সাধারণ সম্পাদক শিল্পী আলাউদ্দিন তাহের। আলোচনা শেষে শিল্পী আলমগীর আলাউদ্দিন পরিবেশন করেন ওস্তাদ মেহেদী হাসান, গুলাম আলী, হোসাইন বকস, অনুপ জালোটা, ভুপেন্দর সিং, পঙ্কজ উদাস, জগজিৎ সিংয়ের গাওয়া জনপ্রিয় গজল। প্রথমেই তিনি মেহেদী হাসানের ‘জিন্দেগী ম্যায় তো...’ গেয়ে শোনান। তারপর একে একে ‘রাস্তা রাস্তা...’, ‘পেয়ার ভরে...’, ‘হাম সে বদল গ্যায়া’, ‘চুপকে চুপকে’, ‘হাঙ্গামা...’, ‘হামকো কিস কে’, ‘ইয়ে দিল ইয়ে পাগল’, ‘হোতে হোতে হোঁটোসে...’, ‘চান্দি জ্যায়সা...’সহ মোট ১৮টি গজল পরিবেশন করেন তিনি। তাঁর এ গানগুলো দর্শক-শ্রোতাদের কিছুক্ষণের জন্য নিয়ে যায় সুরের ভুবনে। কন্যা তাসনিমা নওশিনের সঙ্গে দ্বৈতকণ্ঠে ভুপেন্দর সিংয়ের গজল ‘রাহু পে নজর...’ অনুষ্ঠানে ভিন্ন আমেজ এনে দেয়।