মুজাফ্ফরাবাদ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি
‘আবার এসেছে বছর ঘুরে দিনটি মোদের গ্রামে, কান্না ঝরা দুঃখে ভরা তেসরা মে’ গানটি শিল্পী যখন গাইছিলেন, তখন পিনপতন নিস্তব্ধতায় অতিথি ও দর্শক-শ্রোতাদের মনের পর্দায় ভেসে উঠেছিল পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের নির্মম স্মৃতি। ১৯৭১ সালের ৩ মে পটিয়ার মুজাফ্ফরাবাদে গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয় সংগঠন সমন্বয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্মরণসভায় টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ শামসুল হক চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা মোতাহেরুল ইসলাম, এ কে এম আবদুল মতিন চৌধুরী, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হক, কবি আশীষ সেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, সমাজসেবক বিধান রায় চৌধুরী, শিক্ষক মিলন কান্তি চৌধুরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী। সুমন চক্রবর্তীর পরিচালনায় আরও বক্তব্য দেন মাহবুবুর রহমান চৌধুরী, শহীদুল আলী, রিজোয়ান কবির চৌধুরী, বিপ্লব সেন, জয় প্রকাশ দত্ত, কাঞ্চন চৌধুরী প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে শহীদদের উদ্দেশে গার্ড অব অনার প্রদান করা হয়।