মুঠোফোন দিল 'খুনির' সন্ধান
সাড়ে তিন বছরের বেশি সময় আগে খুন হয়েছিলেন চট্টগ্রামের মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর গ্রামের মো. জাফর (২৫)। দেড় বছর তদন্ত করে সাক্ষ্যপ্রমাণ না পেয়ে জাফর হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় রেলওয়ে থানার পুলিশ। আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। এক বছর তদন্তের পর নিহত ব্যক্তির মুঠোফোনের সূত্র ধরে ওই হত্যারহস্য উদ্ঘাটনের দাবি করেছে সিআইডি।
২০১২ সালের ১৭ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার উত্তর ওয়াহেদপুর রেলগেটের পাশে রেললাইন থেকে কৃষক জাফরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক জসীম উদ্দিন খান বলেন, নিহত জাফরের মুঠোফোন একই গ্রামের গিনি বেগমের কাছ থেকে উদ্ধার করা হয়। গত বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন গিনি বেগম। জবানবন্দিতে তিনি বলেন, মোহাম্মদ হানিফের কাছ থেকে একই এলাকার হানা মিয়া মুঠোফোনটি কেনেন। পরে হানা মিয়ার কাছ থেকে তিনি (গিনি) ১ হাজার ৫০০ টাকায় মুঠোফোনটি কিনে নেন। তাঁর মেয়েরা শহরে পোশাক কারখানায় কাজ করে। মেয়েদের সঙ্গে কথা বলতে তিনি মুঠোফোনটি কিনেছেন। তাঁর মেয়েরা গ্রামের বাড়িতে এলে মুঠোফোনে জাফরের ছবি দেখতে পান।
জসীম উদ্দিন খান প্রথম আলোকে বলেন, জাফরের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ হানিফের তৃতীয় স্ত্রীর সম্পর্ক ছিল। এর জের ধরে হত্যাকাণ্ডের ২০ দিন আগে হানিফ তাঁর তৃতীয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে জাফরকে হত্যা করে লাশ রেললাইনে ফেলে রাখা হয় বলে তদন্তে উঠে এসেছে। জাফরের মুখে মদ ঢেলে দেওয়া হলেও তিনি মদ পান করেননি। এতে বোঝা যায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
জাফরের পরিবার জানায়, থানায় মামলা না নেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই জাফরের লাশ দাফন করা হয়। দুই মাস পর তাঁর বাবা আবদুল মালেক আদালতে হত্যা মামলা করেন। মামলায় মোহাম্মদ হানিফসহ তিনজনকে আসামি করা হয়। আদালত মামলাটি তদন্ত করতে চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশকে নির্দেশ দেন।
পুলিশ জানায়, প্রথমে মামলার তদন্ত শুরু করেন রেলওয়ে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) খন্দকার আবদুল হামিদ। তিনি বদলি হয়ে গেলে একই থানার এসআই ওমর ফারুককে ২০১৩ সালের ২ জুন মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আট মাস তদন্তের পর তিনিও বদলি হয়ে যান। পরে মামলা তদন্তের দায়িত্ব পান এসআই হায়াত মো. খালেদ কায়সার। পাঁচ মাস তদন্ত শেষে তিনি ২০১৪ সালের ৩০ জুন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।
বর্তমানে বাকলিয়া থানায় কর্মরত এসআই হায়াত মো. খালেদ কায়সার গত ২৯ মে বলেন, অনেক চেষ্টা করেও সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।
একই বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের বিচারিক হাকিম ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। গত বছরের ২ এপ্রিল মামলার তদন্ত শুরু হয়। তদন্তের দায়িত্ব পান সিআইডির চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক জসীম উদ্দিন খান।
জসীম উদ্দিন খান বলেন, গত ৩০ এপ্রিল হানিফকে মিরসরাই থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে গত ২৬ মে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তবে ওই দিন বিকেলে আদালত প্রাঙ্গণে হানিফ বলেন, ‘তৃতীয় স্ত্রী পাখিজার সঙ্গে জাফরের অবৈধ সম্পর্ক থাকায় স্ত্রীকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু জাফরকে আমি মারিনি। রেলে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।’ নিহত জাফরের মুঠোফোন অন্যের কাছে বিক্রি করা প্রসঙ্গে বলেন, ‘মৃত্যুর আগে তাঁর কাছ থেকে এটি কিনেছিলাম।’
সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অহিদুর রহমান বলেন, তদন্ত শেষে হানিফকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হতে পারে।