২০০৯ সালে মে মাসে সারা দেশের মতো ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেও মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়। কিন্তু এই সেবা সম্পর্কে এখনো জানে না গ্রামের মানুষ। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে মুঠোফোন (০১৭৩০৩২৪৪৪৭) নম্বরটি প্রচারে উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি জনপ্রতিনিধিরাও জানেন না এই নম্বর। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ফোন নম্বরটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন ও প্রচার করা কথা। জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা মাধ্যমে জনগণকে নম্বরটি জানাতে বলা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নম্বরটি প্রচার বা প্রদর্শনে উদ্যোগী না হওয়ায় মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যকর হয়নি। উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার বলেন, ‘ওই সেবা সম্পর্কে কোনো দিন শুনিনি, কেউ বলেনি।’ তিনি আরও বলেন, ‘আমি সচেতন জনগোষ্ঠীর একজন। আমিই জরুরি সেবার মোবাইল নম্বরটি জানি না। সেখানে সাধারণ মানুষ কীভাবে জানবে?’ নাজিরহাট কলেজের অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে ওই ধরনের কোনো সেবা কার্যক্রম চালু আছে বলে আমার জানা নেই।’ উপজেলার নাজিরহাট বাজারের ব্যবসায়ী শম্ভু কুমার শীল, মোহাম্মদ মাছুম, জাহাঙ্গীর আলম, মো. মুনসুর ও জাকারিয়া মাসুদ জানান, তঁারা ওই সেবা সম্পর্কে কিছুই জানেন না। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দেবাশীষ দত্ত বলেন, মোবাইলে জরুরি চিকিৎসাসেবা দেওয়াকে ‘টেলি মেডিসিনসেবা’ বলা হয়। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ফোনে এই সেবা ও পরামর্শ দেওয়া হয়। মুঠোফোনে মানুষ জরুরি চিকিৎসাসেবা পাচ্ছে দাবি করে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘গ্রামাঞ্চলের মানুষ না জানলেও টেলিসেবা সম্পর্কে শিক্ষিত লোকজন জানেন। আমরা উপজেলা পরিষদের বৈঠকে এই সেবা সম্পর্কে বলেছি।’ স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) এস এইচ রাশেদুল আলম বলেন, সাধারণ মানুষ বিষয়টি সম্পর্কে অবগত নয়। তাদের এই সেবা সম্পর্কে জানিয়ে সচেতনতা বাড়াতে হবে। চট্টগ্রামের সিভিল সার্জন মো. সরফরাজ খান বলেন, এই সেবা সম্পর্কে সবাইকে জানানোর উদ্যোগ নেওয়া হবে।