মুঠোফোনে উপবৃত্তির টাকা পেয়ে খুশি মায়েরা
>

দীঘিনালা উপজেলার ১১১টি বিদ্যালয়ের ১২ হাজার ৯৮৭ জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা তোলার জন্য তাদের মায়েরা সরকার–নির্ধারিত টেলিটকের সিম ‘মায়ের হাসি’ সংগ্রহ করছেন
আগে সন্তানের উপবৃত্তির টাকা আনতে যেতে হতো বিদ্যালয়ে। এখন ঘরে বসে মুঠোফোনে টাকা পাবেন মায়েরা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১১১টি বিদ্যালয়ের ১২ হাজার ৯৮৭ জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা তোলার জন্য তাদের মায়েরা সরকার–নির্ধারিত টেলিটকের সিম ‘মায়ের হাসি’ সংগ্রহ করছেন। টেলিটকের এই নতুন সেবার আওতায় মায়েরা উপবৃত্তির টাকার পাশাপাশি প্রতি মাসে ১৫ টাকার টকটাইমও পাবেন বিনা মূল্যে।
দীঘিনালা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা বলেন, উপজেলায় উপবৃত্তির আওতায় এসেছে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা। এই ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২৯৮টি পরিবারের ১২ হাজার ৯৮৭ জন শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণের প্রকল্প চালু হয়েছে।
১২ ডিসেম্বর উপজেলার রেংক্যার্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উপবৃত্তির সিম সংগ্রহের জন্য ১৪৫ জন নারী লাইনে দাঁড়িয়েছেন। রাঙামাটি জেলার লংগদু উপজেলার অর্ধশতাধিক নারীও এসেছেন সিম নিতে। লংগদু উপজেলার আটরক ছড়া গ্রামের রিপা চাকমা বলেন, তাঁদের গ্রামের আশপাশে কোনো বিদ্যালয় নেই। তাই বাধ্য হয়ে পাঁচ কিলোমিটার দূরের এই বিদ্যালয়ে ছেলেমেয়েদের ভর্তি করিয়েছেন। আগে ১৫ কিলোমিটার দূরে সরকার–নির্ধারিত একটি বিদ্যালয়ে গিয়ে উপবৃত্তির টাকা আনতে হতো। ‘মায়ের হাসি’ সেবা চালু হওয়ায় এখন থেকে তাঁরা ঘরে বসেই উপবৃত্তির টাকা পাবেন।
রেংক্যার্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিনা রানি ত্রিপুরা বলেন, বিদ্যালয়ের ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৪৫ জন শিক্ষার্থী উপবৃত্তির সুবিধা পাচ্ছে। আগে উপবৃত্তির টাকা আনার জন্য বিদ্যালয় থেকে ছয় কিলোমিটার দূরে জয় কুমার মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হতো অভিভাবকদের। এখন আর সেই কষ্ট থাকবে না।
নয় মাইল গুচ্ছগ্রামের উপবৃত্তির সুবিধাভোগী অভিভাবক নেহারিকা ত্রিপুরা বলেন, ‘আগে ১২ কিলোমিটার দূরে গিয়ে উপবৃত্তির টাকা তুলতাম। এখন ঘরে বসেই টাকা পাব। আমাদের খুব উপকার হলো। এই টাকা সন্তানদের লেখাপড়ায় ব্যয় হবে।’
টেলিটকের পরিবেশক অজিত বড়ুয়া বলেন, দীঘিনালা উপজেলায় প্রাথমিকভাবে ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ হাজার ৯২৪টি ‘মায়ের হাসি’ সিম বিতরণ করা হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে যেসব বিদ্যালয় মোবাইল নেটওয়ার্কের আওতায় আছে, সেসব বিদ্যালয়ে পর্যায়ক্রমে সিম বিতরণ করা হবে।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝরনা চাকমা বলেন, ‘মায়ের হাসি’ সেবার মাধ্যমে রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা মায়েদের হাতে পৌঁছে যাবে। এতে কেবল মায়েরা নয়, শিক্ষকেরাও ভোগান্তি থেকে মুক্তি পাবে।