মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পেঁৗছে দিতে ছয় বছর আগে সারা দেশের মতো কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার কার্যক্রম চালু হয়েছিল। কিন্তু সেই মুঠোফোন নম্বরটি অজানাই রয়ে গেল গ্রামের মানুষের। ফলে মুঠোফোনে স্বাস্থ্যসেবার কার্যক্রম রয়েছে নামেই।
সম্প্রতি সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে মুঠোফোনে স্বাস্থ্যসেবার কার্যক্রম সম্পর্কে জনপ্রতিনিধি থেকে শুরু করে শিক্ষক ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কেউ অবগত নন। এমনকি ২২টি হাটবাজার, পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ২২টি কমিউনিটি ক্লিনিক ঘুরে সেই মুঠোফোন নম্বরটির কোনো পরিচিতিফলক বা পোস্টার চোখে পড়েনি।
১১ মে বিকেল ৫টা ১৮ মিনিটে মুঠোফোন নম্বর ০১৭৩০৩২৪৪৬৮ যোগাযোগ করলে কথা হয় চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মুঠোফোনে স্বাস্থ্যসেবা নিতে কেউ ফোন করেননি।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, সারা দেশের মতো ২০০৯ সালের ১ মে থেকে মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে। নিয়মানুযায়ী একজন চিকিৎসক ২৪ ঘণ্টা ওই মুঠোফোনের মাধ্যমে জনগণকে জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার কথা। এ ছাড়া ফোন নম্বরটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করার পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, মসজিদ, মন্দির, গির্জা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন পরিষদে এই সেবা সম্পের্ক মুঠোফোন নম্বরসহ পোস্টার বা পরিচিতিফলক টাঙিয়ে এলাকায় প্রচারের ব্যবস্থা করতে হবে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে কোনো উদ্যোগ নেয়নি। এ ছাড়া দিনে কতজন রোগীকে মুঠোফোনের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে, তার জন্য একটি রেজিস্ট্রার খোলার নিয়ম থাকলেও তা খোলা হয়নি।
উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমিন বলেন, ‘স্বাস্থ্যসেবার মুঠোফোন নম্বরটি আমার জানা নেই। এই সেবার কার্যক্রম সম্পর্কে কেউ আমাকে অবগত করেনি।’ তিনি আরও বলেন, নম্বরটি প্রচার করলে ঘটিভাঙা, তাজিয়াকাটা ও সোনাদিয়া দ্বীপের মানুষ অন্ততপক্ষে মুঠোফোনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেত।
ধলঘাটার সুতরিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম বলেন, ‘মুঠোফোনে স্বাস্থ্যসেবার কার্যক্রম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চালু হয়েছে বলে শুনেছি। কিন্তু সেই মুঠোফোন নম্বরটি এলাকায় প্রচার করা হয়নি। আর নম্বরটি জানলে অবশ্যই ওই নম্বরে কল করে চিকিৎসা সেবা নিতাম।’
মাতারবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক মুহাম্মদ আব্দুল মোমেন বলেন, ‘উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মুঠোফোনে স্বাস্থ্যসেবার কার্যক্রম চালু আছে কি না, তা আমার জানা নেই।’ তিনি জানান, এই সেবার সম্পর্কে অফিস থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, পোস্টার আকারে নম্বরটি এলাকায় প্রচার করা হলেও বৃষ্টিতে ভিজে সেই পোস্টারগুলো নষ্ট হয়ে গেছে। আর এলাকায় ও গ্রামে নম্বরটি প্রচার করতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।