মুঠোফোন ছাড়া জীবন এখন কল্পনা করা বেশ কঠিন। প্রয়োজন, বিনোদন আর শখ—প্রতিটি ক্ষেত্রেই রয়েছে মুঠোফোনের ব্যবহার। মুঠোফোনের যত্নেরও রয়েছে নানা উপকরণ। হাত থেকে মুঠোফোন পড়ে যাওয়া বা অন্য কোনোভাবে মুঠোফোনে আঘাত লাগা ঠেকাতে মুঠোফোনের খোলস বা কভার ব্যবহার করা হতো, তবে এখন এটি ফ্যাশনেরও অনুষঙ্গ। বাজার ঘুরে পাওয়া গেল বৈচিত্র্যময় কভারের খোঁজ।

প্রকৃতির ছোঁয়া চাই
শহুরে জীবনে প্রকৃতির স্পর্শ পাওয়া যায় না বললেই চলে। তাই ইচ্ছা করলে ফুল-প্রজাপতির নকশা করা কভার লাগিয়ে নিতে পারেন আপনার মুঠোফোনে। ছোট পাথরে হালকা নকশায় ফুটিয়ে তোলা প্রকৃতি আপনার মানসিকতার সঙ্গে মিলে যেতে পারে।
নকশাদার কভার
পাথর বা গ্লিটারের মতো চাকচিক্যময় উপকরণের ব্যবহার হচ্ছে মুঠোফোনের কভারে। ঝকমকে ছোট-বড় পাথরের কাজ করা থাকছে এসব কভারে। আবার কোনো কোনো কভারের মূল উপকরণ খানিকটা স্বচ্ছ, এর ওপর থাকছে পাথরের নকশা। অতিরিক্ত জাঁকজমক নয়, আবার একেবারে সাদামাটাও নয়। আধুনিক জীবনধারায় দারুণ মানানসই।
অ্যানিমেশনের দুনিয়ায়
বয়স নির্বিশেষে অ্যানিমেশনের ভক্ত খুঁজে পাওয়া যায় অনায়াসেই। আজকের তরুণ অ্যানিমেশন ছাড়াও হরেক জিনিসের ভক্ত, তবু হয়তো ছোটবেলার পছন্দটা মনের কোণে রয়ে গিয়েছে। এ ধরনের ক্রেতার জন্য মিকি মাউস, মিনি মাউস, হ্যালো কিটি রয়েছে মুঠোফোনের কভারেই। আরও পাবেন মিনিয়ন, রয়েছে সুপারম্যানের লোগো। কার্টুনের পৃথিবীকে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্যই এমন কভার।
আরও যা
কেউ হয়তো গিটার পছন্দ করেন, কারও আবার বিশ্ববিখ্যাত স্থাপনার প্রতি আগ্রহ। মুঠোফোনের কভারের নকশাতেই রয়েছে আইফেল টাওয়ার, বিগবেন কিংবা গিটার। কারও হয়তো মুঠোফোনের কভারে গাড়ির ছবি ভালো লাগে, আবার কারও পছন্দ কোনো এক রাজকন্যা কিংবা তার বাহারি জুতার নকশা। এ ছাড়া একই কভারে আলাদা রঙের বৈচিত্র্য কাজে লাগিয়েও তৈরি হয়েছে অন্য রকম ডিজাইন।

সাধারণেই স্মার্ট
রোজকার ব্যবহার্য মুঠোফোনে বাহারি নকশার ব্যবহার যাঁদের পছন্দ নয় তাঁরা স্বচ্ছ বা আধা স্বচ্ছ কভার নিতে পারেন। আবার রংবেরঙের কভারও খুঁজে পাবেন, যাতে বাড়তি কোনো নকশা নেই; লাল, নীল, গোলাপি, ধূসর, হলুদ, কালোসহ নানান রঙের কভার রয়েছে বাজারে। আর যাঁরা ফ্লিপ কভারেই স্বাচ্ছন্দ্য পান, তাঁরা একটু খুঁজলে নানান রঙের ফ্লিপ কভারও পাবেন।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিক্কন টেলিকমের স্বত্বাধিকারী মো. নাজমুল হাসান জানান, মুঠোফোন কভারের উপকরণ হিসেবে রাবারজাতীয় নরম উপাদান বেশ জনপ্রিয়। এ ধরনের কভার মুঠোফোনের জন্যও ভালো। শক্ত উপকরণে তৈরি কভার সহজেই মুঠোফোনে স্ক্র্যাচ ফেলতে পারে।
নাজমুল হাসান আরও জানান, হ্যালো কিটিসহ অন্যান্য কার্টুন চরিত্রের ডিজাইন এখন বেশ চলছে। মেয়েরা পাথরের বিভিন্ন নকশা করা কভার বেছে নিচ্ছেন। ছেলেদের পছন্দ প্রিন্টেড ডিজাইনের কভার। জিন্স কাপড়ের মতো রঙের কভার হাল ফ্যাশনে মানানসই। অ্যানিমেটেড ছবির বিভিন্ন জনপ্রিয় চরিত্র উঠে আসছে মুঠোফোনের কভারের নকশায়। ফ্লিপ কভারের জনপ্রিয়তা নেই আগের মতো। শুধু পেছনের অংশে ব্যবহার করা কভার (ব্যাক কভার) আর সামনের গ্লাসে প্রোটেকটর লাগিয়েই মুঠোফোন ব্যবহৃত হচ্ছে আজকাল।
কিনতে চাইলে
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, সীমান্ত স্কয়ার, নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে মুঠোফোন এবং এর আনুষঙ্গিক সরঞ্জামের দোকানগুলোতে খুঁজলেই পাবেন নানান ধরনের কভার। ডিজাইনভেদে দাম পড়বে ১৫০-১০০০ টাকার মধ্যে। অনলাইনেও মুঠোফোনের কভার কিনতে পারেন। তবে যেখান থেকেই কিনুন, কভারটি আপনার মুঠোফোনের মডেলের উপযোগী কি না, তা নিশ্চিত হয়ে নিন।